বখাটের প্রেম প্রত্যাখ্যাত হলেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরী নীলা রায়ের (১৪) অপরাধ ছিল সে ২০ বছর বয়সী অভিযুক্ত যুবক মিজানুর রহমানের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। আর এ অপরাধে ভাই অলক রায়ের সঙ্গে রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে রিকশা থেকে টেনেহিঁচড়ে ছিনিয়ে নিয়ে নীলার গলায়, পেটে, মুখে ও ঘাড়ে ছুরিকাঘাত করে মিজান পালিয়ে যান। ২০ সেপ্টেম্বর রাতে ঢাকার সাভার পৌরসভার পালপাড়া এলাকায় এ ঘটনায় স্থানীয় এক হাসপাতালে নেওয়ার পর নীলা মারা যায়। মেয়েটি পড়ত দশম শ্রেণিতে।

বছর দেড়েক ধরে নীলাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন কলেজছাত্র মিজান। অলক রায় জানিয়েছেন, মিজানকে দুর্ধর্ষ ও ক্ষমতাধর মনে করে আগে ভয়ে সব চেপে যেতেন। পুলিশের কাছে অভিযোগ করে আরও বিপদে পড়তে পারেন—এমন ভেবে তাঁরা এ ঘটনার আগে বিষয়টি পুলিশকে জানাননি। মিজানের মা-বাবাকে অভিযোগ দিলে তাঁরা উল্টো নীলাকে মিজানের সঙ্গে কথা বলতে ও ফেসবুকে চ্যাট করার পরামর্শ দিতেন।

বখাটেপনার শিকার নীলা রায়দের সংখ্যা বড় হচ্ছে। চলতি বছরে মার্চ মাস থেকে করোনাভাইরাসের মহামারির সময়ও বখাটেরা বখাটেপনা থামিয়েছে, তার নজির নেই। গত মে মাসে কক্সবাজারের মহেশখালীতে বখাটে মোহাম্মদ কাউসারের লাথিতে স্কুলছাত্রী নাসিমা আক্তার (১৪) নিহত হয়। সঙ্গে থাকা ছোট ভাইকে রক্ষা করতে গেলে কাউসার নাসিমার তলপেটে লাথি দেয়।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) ৯টি সংবাদপত্র, বিভিন্ন অনলাইন এবং আসকের সংগৃহীত তথ্যের ভিত্তিতে বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত যৌন হয়রানি ও সহিংসতার ঘটনায় ভুক্তভোগী নারী-পুরুষের সংখ্যা ২৩৫। এর মধ্যে বখাটেপনার প্রতিবাদ করায় ২ জন নারীসহ খুন হয়েছেন মোট ১১ জন, আর নানাভাবে লাঞ্ছিত হয়েছেন ১৩৫ জন এবং বখাটেদের উৎপাতকে কেন্দ্র করে সংঘাতে আহত হয়েছেন ৭৬ জন। বখাটের উৎপাতে ১০ জন নারী আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

আসকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, বছরে গড়ে ১০ জনের বেশি খুন হচ্ছেন শুধু বখাটেপনার প্রতিবাদ করতে গিয়ে। ২০১৬ সাল থেকে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত খুন, আত্মহত্যা, আহত, লাঞ্ছিত হওয়াসহ বখাটেপনায় মোট ভুক্তভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৯ জনে।

তবে নারী ও মানবাধিকার নিয়ে যাঁরা কাজ করছেন তাঁরা বলছেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যগুলো বেসরকারি প্রতিষ্ঠানের পরিসংখ্যানে তুলে ধরা হচ্ছে। সামাজিকতাসহ বিভিন্ন দিক বিবেচনায় বখাটেপনা বা যৌন হয়রানির বেশির ভাগ ঘটনা গণমাধ্যমে প্রকাশিতই হচ্ছে না।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, নারী অধিকারকর্মী রাশেদা কে চৌধূরী বললেন, বখাটেপনা থামছে না। এভাবে আর কত দিন চলতে পারে? এ ধরনের বখাটেপনার পেছনে শুধু মূল্যবোধের অবক্ষয় নয়, বিচারহীনতার সংস্কৃতিও একটি বড় কারণ। বিচারের দীর্ঘসূত্রতা, দৃষ্টান্তমূলক সাজার তেমন নজির না থাকায় অপরাধীরা সাহস পাচ্ছে এ ধরনের অপরাধ করার। আর নিরাপত্তাহীনতার এ ধরনের ঘটনায় সমাজে বাড়ছে বাল্যবিবাহ।

নীলা রায়ের বাবা নারায়ণ রায় সাভার থানায় মিজানুর, তাঁর বাবা আবদুর রহমান, মা নাজমুন্নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা করেছেন। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ২৬ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছে মিজানুর রহমানকে। এর আগে ২৪ সেপ্টেম্বর পুলিশ গ্রেপ্তার করে মিজানের মা–বাবাকে।

রাশেদা কে চৌধূরী বললেন, একটি ঘটনা ঘটার পর গণমাধ্যম, মানবাধিকার সংগঠনসহ সবাই তৎপর থাকে। তবে কিছুদিন পরেই তা থেমে যায়। নাগরিক সমাজকে সক্রিয় থাকতে হবে বিষয়গুলো নিয়ে।

চলতি বছরের মার্চ মাসে ময়মনসিংহের মুক্তাগাছায় মধ্য রাতে হামলা থেকে নিজেকে বাঁচাতে ঘর থেকে পালিয়ে ডোবায় ঝাঁপ দেয় অষ্টম শ্রেণির এক ছাত্রী। ডোবা থেকে তুলে এনেই চলে নির্যাতন। আর তখন ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন মেয়েটির মা-বাবা। এ ঘটনাও ঘটেছিল বখাটে জাফরের (২২) প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার জের হিসেবে।

২০১৬ সালের ২৪ আগস্ট পেশায় দরজি ওবায়দুল খানের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট মারা যায়। গত বছরের ২১ অক্টোবর রিশা হত্যা মামলায় একমাত্র আসামি ওবায়দুল খানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়ছে। রাজধানীতে দিনদুপুরে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছিল। এটিও ছিল প্রেম প্রত্যাখ্যানজনিত ঘটনা।

রিশা হত্যা মামলায় নিম্ন আদালতের রায়ের পর আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করেছে। রায় বাস্তবায়নে আরও সময় লাগবে। এ ধরনের ঘটনায় দ্রুত রায় বাস্তবায়ন হলে অন্য অপরাধীরা একটু ভয় পেত বলে মনে করেন রিশার বাবা মো. রমজান হোসেন। তিনি বললেন, বখাটেপনায় একের পর এক মা–বাবার বুক খালি হচ্ছে। মেয়েরা বখাটের প্রেম প্রত্যাখ্যান করলেই হত্যা বা নির্যাতনের শিকার হচ্ছে। এভাবে তো চলতে পারে না। বখাটেদের রুখতে বিভিন্ন এলাকায় কমিটি গঠন করতে হবে।

বখাটেপনাসহ বিভিন্ন নারী ও শিশু নির্যাতনের মামলায় দৃষ্টান্ত বা উদাহরণ তৈরি করার মতো কোনো শাস্তি কার্যকর হচ্ছে না। এতে অপরাধীরা উৎসাহিত হচ্ছে বলে মনে করছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। তিনি বলেন, কোনো ঘটনা ঘটার পর গণমাধ্যমসহ বিভিন্ন মহল সক্রিয় হলে সেই মামলা বা ঘটনা সবার নজর কাড়ে। কিন্তু আইনি সমতার ক্ষেত্রে এ বিষয়টিও সঠিক না। আইনি প্রক্রিয়াকে দ্রুত করার জন্য ব্যবহারিক আইনে সংস্কার আনা এবং সার্বিকভাবে নারীর প্রতি সমাজের যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি, তা পাল্টাতে হবে।

যেখানে করোনাভাইরাসের মহামারির মতো দুঃসময়েও বখাটেদের হাতে লাঞ্ছিত, এমনকি হত্যারও শিকার হতে হচ্ছে, সেই নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টানো জরুরি। আর তা করতে হলে বখাটেপনার বিচার ও শাস্তির ব্যবস্থা করতে হবে দ্রুত।