বখাটের হাত থেকে রক্ষা পেলেন কলেজছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহায়তায় বখাটের হাত থেকে রক্ষা পেলেন এক কলেজছাত্রী। ৪ জুন বখাটেরা ওই ছাত্রীকে অপহরণের চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ইউএনও তানভীর আজম সিদ্দিকী ঘটনাস্থলে গেলে গাড়ি ফেলে বখাটেরা পালিয়ে যায়। তিনি জানান, সেলিমা কাদের ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী পলিকে চার-পাঁচ মাস ধরে রুহুল আমিন নামের এক বখাটে উত্ত্যক্ত করে আসছিল। গত শনিবার দুপুরে চার সহযোগীসহ গাড়ি নিয়ে কলেজ ফটকের সমনে অবস্থান নেয় রুহুল আমিন। এ কারণে পলি কলেজ থেকে বের হওয়ার সাহস করছিলেন না। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হলে মুঠোফোনে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তিনি। এ সময় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে কলেজ ফটকে ব্যক্তিগত গাড়ি (চট্ট মেট্রো-খ-০৫-০২০৮) নিয়ে দাঁড়িয়ে থাকা বখাটেদের ধরার চেষ্টা করেন। কিন্তু তাঁরা গাড়ি ফেলে পালিয়ে যায়। কলেজছাত্রী পলি বলেন, চার-পাঁচ মাসের মধ্যে একাধিকবার পথ রোধ করে জোর করে কথা বলার চেষ্টা করে ওই যুবক। গাড়িটি আটকের পর তাঁকে মুঠোফানে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় একটি মামলা হয়েছে।