বগা ভাইয়ের বিসর্জন
আমাদের বগা ভাইয়ের দারুণ নামডাক। উনি আমাদের টো টো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমরা যারা এখনো হাফপ্যান্ট পরি, তাদের প্রধান কাজ ওনার দিল খোশ করা। তো ভাইয়ের একদিন শখ হলো কাঁচা আম খাবে। তো আমাকে একদিন বললেন, ‘আচ্ছা বল্টু, বল তো কোন গাছের আম খাওয়া যায়?’আমি অনেক চিন্তাভাবনা করে বলি, ‘ভাই, মিলি আপাদের গাছ ছাড়া বাকি সব গাছ তো এখন খালি।’ মিলি আপার নাম শুনেই ভাইজান যেন ঝিম মেরে গেল। আমরা জানি, বাঘের মুখ থেকে খাবার ছিনিয়ে নেওয়া আর মিলি আপাদের গাছের আম পাড়া দুটোই সমান। উনার আব্বার এক হুংকার শুনলেই আমাদের বয়সী পিচ্চিরা প্যান্ট ভিজিয়ে দেবে।বগা ভাই কিছুক্ষণ পর বলে, ‘চল যাই।’ আমি কিছুক্ষণ মিন মিন করলেও পরে আমের লোভে রাজি হলাম। সন্ধ্যাবেলায় বগা ভাই আর আমি গাছের কাছে এসে দাঁড়াই। গাছের চারপাশে প্রচুর কাঁটা দেওয়া। রাস্তার ল্যাম্পের আলোও খুব একটা দেখা যাচ্ছে না। বগা ভাই কাঁটাগুলো কোনোমতে সরিয়ে লুঙ্গিটা কাছা মেরে এক লাফে গাছে উঠে পড়ে। তার এই প্রতিভা আমি মুগ্ধ নয়নে কেবল দেখছি। তো বগা ভাই আম পাড়ছে আর আমি নিচে বস্তা ভরছি। হঠাৎ লোডশেডিং। চারদিক পুরো অন্ধকার। ল্যাম্পপোস্টের আলো যা ছিল তাও এখন নেই। এখন উপায়?হঠাৎ শুনি এক হুংকার,‘ ওই কে রে ওখানে? ধর ধর।’ সর্বনাশ। চাচার গলা শুনেই তো আমার গেল তোতলামি বেড়ে। আমি বলি, ‘ব... ব... ব... ব...।’ বগা ভাই তো পুরো আমের নেশায় মত্ত। সে ভাবে বুঝি বড় আম। সেও গলা চড়িয়ে বলে, ‘কই, কই?’ আমি কোনোমতে বলি, ‘ভা... ভা... ভাই, চা... চা...’ বলেই উসাইন বোল্টের গতিতে দৌড়। পেছনে কিছু পড়ার শব্দ হলো। ধুপ... ধপাস... উহ...! পরের দিন সাধু চেহারা নিয়ে গেলাম মিলি আপাদের বাসায়। চাচি বললেন, ‘গতকাল চোর এসেছিল! আম তো নিতে পারেইনি, উল্টো একটা জিনিস রেখে গেছে।’ আমি তো তখন ধরা পড়ার ভয়ে অস্থির। জিনিসটা দেখে আমার চক্ষু ছানাবড়া! বেচারা বগা ভাই ভয়ের চোটে শেষ পর্যন্ত লুঙ্গিটাই বিসর্জন দিল! কাঁটায় সেটি ছিঁড়ে ক্ষত-বিক্ষত। তার এই আত্মত্যাগ (নাকি লুঙ্গিত্যাগ?) কেবল লোডশেডিং ছিল বলেই হয়েছে। ধন্য লোডশেডিং। তুমি ছিলে বলেই মানি চোরের মান রক্ষা পেল। সৌরভকল্যাণপুর রেডিও অফিসার্স কলোনি, ঢাকা।