বগুড়ার পাঁপড় গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদমুহায় এমন অনেক নারী করছেন পাঁপড় তৈরির কাজ l ছবি: প্রথম আলো
চাঁদমুহায় এমন অনেক নারী করছেন পাঁপড় তৈরির কাজ l ছবি: প্রথম আলো

গ্রামের নাম চাঁদমুহা। তবে পাঁপড় গ্রাম বললে বাড়িয়ে বলা হবে না। বগুড়া শহর থেকে উত্তরে ১১ কিলোমিটার পথ। গ্রামের বুক চিরে আঁকাবাঁকা পিচঢালা পথ। রাস্তার আশপাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি শিল্পকারখানা। তবে গ্রামের বেশির ভাগ নারী জড়িয়ে আছেন পাঁপড় তৈরির কাজে। এটাই তাঁদের পেশা। বংশপরম্পরায় তাঁরা ধরে রেখেছেন এই পাঁপড় তৈরির কাজ।
১৩ মার্চ চাঁদমুহা গ্রামে গিয়ে দেখা গেল, গ্রামের প্রায় শতাধিক পরিবার আলুর চিপস, পাঁপড় ও বাহারি রঙের চিপস তৈরি করে। এই গ্রামের রাশেদা বেগম নিজে পাঁপড় বানিয়ে বিক্রি করেন। কথা হলো তাঁর সঙ্গে। তিনি বললেন, ‘আমরা বছরজুড়েই পাঁপড় বানায়ে বিক্রি করি। তবে চৈত্রসংক্রান্তি ও বৈশাখী মেলায় বেড়ে যায় পাঁপড়ের চাহিদা।’

.
.

কাঁচা পাঁপড় দেখতে অনেকটা শুকনো রুটির মতো, যা তেলে ভাজলে ফুলে মচমচে হয়। মূলত পাঁপড় তৈরি হয় চালের আটা, ময়দা দিয়ে। যার সঙ্গে মেশানো হয় লবণ, সোডা, বেসন, রংসহ নানা উপকরণ।
এক বাড়িতে গিয়ে দেখা গেল, টিনের চালায় ছোট্ট একটি ঘর। মাঝখানে বসানো চুলা। সেখানে বসে বাড়ির গৃহিণী রিভা খাতুন পাঁপড় তৈরির উপকরণ মেশাচ্ছেন। একসময় উপকরণ তৈরি হলো। তারপর হাঁড়ির ওপর পরিমাণমতো পানি নিয়ে তা ফোটানো হলো। ভাপ উঠলে হাঁড়ির ওপর একটি স্টিলের থালা বসিয়ে তাতে গোল চামচে ময়দার মিশ্রণ প্লেটে ঢেলে দিলেন। এরপর থালাটি ঘুরিয়ে মিশ্রণটুকু পাঁপড়ের আকারে গোল করে একটি গামলায় রাখলেন। এগুলো পরে রোদে শুকানো হয়। শুকানোর পরই তৈরি হয় ভাজার উপযোগী পাঁপড়।

.
.

রিভা খাতুন জানালেন, শুকনো পাঁপড় তাঁরা শহরে পাইকারি দরে বিক্রি করেন। প্রতি ১০০ পাঁপড় বিক্রি করতে পারেন ১০০ টাকায়।