বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন পর চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের প্যাভিলিয়নের গ্যালারি দর্শকে পরিপূর্ণ। তাঁরা কোনো তারকা ফুটবলারের খেলা দেখতে আসেননি। এসেছেন খুদে ফুটবলারদের খেলা দেখতে। গত শুক্রবার থেকে স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় আয়োজনে খেলা উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন। শুরুতেই গত ১১ জুলাই মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও টুর্নামেন্ট কমিটির সভাপতি ফয়েজ আহমদ। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হূষীকেশ শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব বিলকিস আরা বেগম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাবুদ্দিন আহমেদ, স্পন্সর প্রতিনিধি কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) জহির উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে আফছারুল আমীন বলেন, ‘শারীরিক ও মানসিকভাবে তৈরি করার জন্য ছাত্র-ছাত্রীদের শ্রেণীকক্ষের বাইরে আনা দরকার। আর সেজন্য দরকার খেলাধুলা।’জেলা প্রশাসক ফয়েজ আহমদ জানান, চট্টগ্রামের ১৩টি উপজেলা ও মহানগরের ছয়টি থানার চ্যাম্পিয়ন দলগুলো অংশ নিচ্ছে বালক ও বালিকা উভয় বিভাগে। কোনো সরকারি বরাদ্দ না পাওয়ায় জেলা পর্যায়ের খেলা পরিচালনার জন্য তিন লাখ টাকার বাজেট ধরা হয়েছে, যার মধ্যে দুই লাখ টাকা দিচ্ছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। টুর্নামেন্টের সদস্যসচিব বিলকিস আরা বেগম জানান, উভয় বিভাগে দুটি করে প্রতিদিন চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ড এবং প্রি-কোয়ার্টার ফাইনাল শেষে ঈদের পর ১২ নভেম্বর থেকে কোয়ার্টার ফাইনাল এবং ১৮ নভেম্বর ফাইনালের মাধ্যমে জেলা চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে রাঙ্গুনিয়া উপজেলা চ্যাম্পিয়ন স্কুল ২-০ গোলে বোয়ালখালী উপজেলা চ্যাম্পিয়ন স্কুলকে পরাজিত করে।