বঙ্গবন্ধু ও সুফিয়া কামালের নামে হলের নামকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুটি হলের নামকরণ হলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কবি সুফিয়া কামালের নামে দুটি হলের নামকরণ করা হয়েছে। সিন্ডিকেটের ৭৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চুয়েটের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ছাত্রীদের আবাসন সমস্যা সমাধানে ২০০১ সালে ২০০ আসনের ছাত্রী হল উদ্বোধন করা হয়। প্রীতিলতা ওয়াদ্দেদার, সুফিয়া কামাল নাকি বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা হবে এই জটিলতায় গত ১১ বছরেও চুয়েটের ছাত্রী হলের নামকরণ করা হয়নি। অবশেষে নানা জটিলতা পেরিয়ে সুফিয়া কামালের নামে ছাত্রী হলের নামকরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সুফিয়া কামাল (পূর্বের ছাত্রী হল) হলের প্রাধ্যক্ষ রঞ্জিত কুমার সূত্রধর প্রথম আলোকে বলেন, ‘নামকরণবিষয়ক প্রশাসনিক আদেশ সংবলিত নোটিশ পেয়েছি। বর্তমানে এ হলের কার্যক্রম সুফিয়া কামাল হল হিসেবেই হচ্ছে।’প্রশাসন সূত্র আরও জানায়, ২০০৫ সালে ছাত্রদের জন্য ৫৫০ আসনের নতুন একটি আবাসিক হল উদ্বোধন করা হয়। কিন্তু এটির নামকরণ নিয়ে বিপত্তি বাধে। বিএনপি শাসনামলে বিভিন্ন সময়ে ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা মাস্টারদা সূর্য সেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর নামে নামকরণের প্রস্তাব ওঠে। কিন্তু নানা সমস্যার কারণে গত সাত বছরেও হলের নামকরণ হয়নি। অবশেষে বঙ্গবন্ধুর নামে নতুন হলের নামকরণ করা হয়েছে। এ প্রসঙ্গে বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ আশুতোষ সাহা বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আমি হলের নামকরণ সংক্রান্ত চিঠি পেয়েছি। ইতিমধ্যে হলের সব কাজে ‘নতুন হলের’ পরিবর্তে ‘বঙ্গবন্ধু হল’ ব্যবহার শুরু হয়েছে। এ ছাড়া নামফলক তৈরির কাজও চলছে।এ প্রসঙ্গে চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, নানা সমস্যার কারণে দীর্ঘদিন এ হল দুটি নাম ছাড়া ছিল।