বঙ্গবন্ধু কোনো দল বিশেষের নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভায় আলোচক ও অতিথিরা।
সভায় আলোচক ও অতিথিরা।

কানাডার মন্ট্রিয়েলে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনায় বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো দল বিশেষের সম্পদ নয়। তিনি আমাদের জাতির সম্পদ এবং স্বাধীনতার মহান রূপকার। মুক্তিযুদ্ধের সময় দলমত-নির্বিশেষে স্বাধীনতাকামী সকল মানুষ তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল। বঙ্গবন্ধুই জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছেন। তাঁরই ডাকে সাড়া দিয়ে জনতা অকাতরে জীবন দিয়েছেন। এই ইতিহাসকে পাল্টে দেওয়ার ক্ষমতা কারও নেই।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মন্ট্রিয়েলে বাংলাদেশিদের সংগঠন ভয়েস ফর অ্যাকাউন্ট্যাবিলিটি (ভিএজিবি) আয়োজিত সভায় বক্তারা এ কথা বলেন। ১৬ আগস্ট মন্ট্রিয়েলের কোট দ্য নেইজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শাহ মোস্তাইন বিল্লাহ। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক আবুল আলম, অধ্যাপক আনন্দ মোহন দাস, আবদুল মুত্তালিব, কুদরাত-ই-খুদা, তাজুল মোহাম্মদ, শওকত আলী, অঞ্জন কুমার দাস, সমর দেব, জিয়াউল হক, অ্যাডওয়ার্ড গোমেজ, দিলীপ কর্মকার, এহসানুল হক, অধ্যাপক বিদ্যুৎ ভৌমিক, মহিউদ্দিন তালুকদার, খান মাশরেকুল আলম, শহীদ রাহমান, দিলীপ চৌধুরী, খ ম তানভীর ইউসুফ, শরীফ ইকবাল চৌধুরী, রণজিত মজুমদার, আরিয়ান হক, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, পুষ্পিতা দেব, তামকিন জাহান খান, নাহিদা আখতার, মাসুম আনাম ও পিয়ার মোহাম্মদ বাবলু।

সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর সমালোচক অনেকে বলেন, আজীবন দেশের রাষ্ট্রপ্রধান থাকার উদ্দেশ্যে তিনি বাকশাল গঠন করেছিলেন। কিন্তু বাকশাল-ব্যবস্থা সম্পর্কে না জেনেই তাঁরা সমালোচনা করেন। তাদের বেশির ভাগেরই এ সম্পর্কে সম্যক ধারণা নেই। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গোটা জাতি বঙ্গবন্ধুকে এমনভাবে আপন করে নিয়েছিল যে স্বাধীনতার পর তিনি কোনো রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ না করে টুঙ্গিপাড়ার একটি কুঁড়ে ঘরে থাকলেও তিনিই থাকতেন বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। আজীবন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্য তিনি বাকশাল করেননি। এটা ছিল এক ধরনের রাষ্ট্রীয়-ব্যবস্থা। এই ব্যবস্থা তৎকালীন বিশ্বের অনেক দেশেই চালু ছিল। বাকশালের রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মসূচিকে বিশ্লেষণ করলে তা পরিষ্কার হয়ে যাবে। দুঃখের বিষয়, যাঁরা বঙ্গবন্ধুকে দলীয় সম্পদ ভাবতে ভালোবাসেন, তাঁরা এই বিষয়টি জনগণের সামনে পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে চান না। অথচ এই বাকশাল করার জন্যই চার দশক ধরে বঙ্গবন্ধুকে অপবাদ সইতে হচ্ছে। এমনকি এর জন্য বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা নিয়েও বিতর্ক সৃষ্টির অপচেষ্টা চলছে।
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন করলে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় থাকে না বলে যাঁরা মত পোষণ করেন, তাঁরা হয় আত্মপ্রবঞ্চক; নয়তো পক্ষপাতদুষ্ট বলেও বক্তারা মন্তব্য করেন।
আরিয়ান হক
মন্ট্রিয়েল, কানাডা