বঙ্গবন্ধু চিবুক টেনে ধরে বলেছিলেন চেহারা একখান বানাইছস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক শায়েস্তা খান। একসময়ের খেলাধুলা ও রাজনীতির সক্রিয় মাঠকর্মী। বিভিন্ন কলেজে ৩৩ বছর অধ্যাপনা করেছেন। অধ্যক্ষ হিসেবে অবসর নিয়েছেন ২০০০ সালে। তাঁর নানা রঙের দিনগুলির কথা বলেছেন মুহাম্মদ শামসুল হককেশৈশবে একেবারে শান্ত বা চরম ডানপিটে কোনোটাই ছিলাম না। কোনো উত্তেজনাকর পরিস্থিতিতে ঘটনাস্থলে ছুটে যাওয়া, মিছিল-মিটিং বা খেলাধুলার আভাস পেলে চঞ্চল হয়ে ওঠা এবং লুকিয়ে চলচ্চিত্র দেখার মতো কিছু অভ্যাস তখন ছিল। কারণ এখনকার মতো টেলিভিশন, ডিশ কিংবা ঘরে বসে বিনোদন উপভোগের সহজ কোনো উপায় তখন ছিল না। তবে গোপনে চলচ্চিত্র দেখার বিপদও কম ছিল না।এরকম গোপনে চলচ্চিত্র দেখতে যাওয়ার বিপদ যে কত ভয়ঙ্কর তা-ও হাড়ে হাড়ে টের পেয়েছিলাম একবার। সেই তিক্ত স্মৃতিকথাই প্রথমে বলে নিই।আমি তখন কলেজিয়েট স্কুলের ছাত্র। সন্ধ্যা ছয়টার মধ্যে ঘরে ফিরতে হতো। বিদ্যালয়ে দুপুর তিনটা থেকে ছয়টা ছিল জেসিসির (জুনিয়র ক্যাডেট কোর) প্রশিক্ষণ প্যারেড। তাই বন্ধুরা মিলে, প্রশিক্ষণ এড়ানো যায় এমন দিনে সুযোগ বুঝে তিনটার শো দেখতাম প্রেক্ষাগৃহে গিয়ে। বেশির ভাগ চলচ্চিত্র দেখা হতো রিয়াজউদ্দিন বাজার বানিয়া টিলা এলাকার উজালাতে।একদিন যুদ্ধ-বিগ্রহের দৃশ্যে ভরপুর একটি ইংরেজি চলচ্চিত্রের কথা শুনে তিন বন্ধু মিলে দুপুর একটায় ক্লাস থেকে বেরিয়ে ছুটে যাই উজালাতে। ভেবেছিলাম তিনটার মধ্যে ফিরে এসে জেসিসির প্যারেডে অংশ নেব। দুর্ভাগ্যবশত আমরা শো থেকে বেরিয়ে এসে দেখি প্যারেড শুরু হয়ে গেছে। মুখের পানি তখন শুকিয়ে কাঠ। কর্মকর্তারা তিনজনকে এমন মার দিলেন যা জীবনেও ভুলবার নয়। এরপর থেকে একটার শো দেখা বন্ধ করে দিই। তিনটা-ছয়টার শোতেও খুব কম গিয়েছি। আমার নাম শায়েস্তা খান। জন্ম ১৯৪৫ সালের ১০ জুন নগরের আলকরণ এলাকায়। বাবা আজিজুল্লাহ খান প্রথমে সরকারি চাকুরে এবং শেষে ব্যবসায়ী ছিলেন। মা মোহছেনা বেগম ছিলেন গৃহিণী। নয় ভাই চার বোনের মধ্যে আমি সবার বড়। নিজের এক ছেলে এক মেয়ে। ছেলে ইশতিয়াক আজিজ খান ডায়াবেটিক বিশেষজ্ঞ এবং মেয়ে ফারজানা জেসমিন খান গৃহিণী। প্রাথমিক শিক্ষা লাভ করেছি আলকরণ মিউনিসিপ্যাল প্রাথমিক বিদ্যালয় থেকে। এ ছাড়া ১৯৬০ সালে ম্যাট্রিক, ৬২ সালে উচ্চমাধ্যমিক, ৬৫ সালে বাণিজ্য বিভাগে ব্যবস্থাপনায় স্নাতক সম্মান এবং ৬৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করি। ৬৭ সালে কমার্স কলেজে প্রভাষক হিসেবে যোগ দেওয়ার মাধ্যমে শিক্ষকতা জীবন শুরু। ৮৪ সালে সহযোগী অধ্যাপক ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান হিসেবে মহসিন কলেজে যোগ দিই। ৯২ সালে অধ্যাপক ও এক বছর পর অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাই। বিভিন্ন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের পর ২০০০ সালে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে এসে একই বছরের শেষ অবসর নিই। অবসরের পর শিক্ষার প্রসারের লক্ষ্যে, চট্টগ্রাম মেট্রোপলিটন কমার্স কলেজ এবং উদয়ন স্কুল নামে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান করেছি। বর্তমানে বেশির ভাগ সময় কাটে পড়ালেখায়। ফাঁকে চলছে কিছু লেখালেখি। স্থানীয় পত্রিকাগুলোর অনুরোধে নিয়মিত কলাম লিখছি। শিশুকাল থেকে আমার প্রধান আকর্ষণ ছিল খেলাধুলা। প্রথম পছন্দের খেলা ক্রিকেট। সুযোগ পেলেই হাজির হতাম মাঠে। কারণে তারকা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত না হলেও খেলাধুলার উত্কর্ষ সাধনে সাধ্যমতো চেষ্টা করেছি। আমি ফুটবল ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটির সদস্য, মেট্রোপলিটন ক্রীড়াসংস্থার যুগ্ম সম্পাদক, কলেজে থাকার সময় আন্তকলেজ ক্রীড়া সমিতির সম্পাদক নির্বাচিত হই। বর্তমানেও মহানগর ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। ভাবতে ভালো লাগে যে, মতিউর রহমান, ফরহাদ, আসাদ, আসিফ, ইউসুফ, জাহেদ পারভেজসহ বেশ কয়েকজন খেলোয়াড় আমার হাত ধরে সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে উঠেছে। ক্রিকেট খেলার পোকায় এমন ভাবে পেয়েছিল যে একবার পরীক্ষা না দিয়ে খেলা দেখতে গিয়ে বিপদে পড়ি। ৬১ সালের ডিসেম্বরে কমার্স কলেজে ইন্টারমিডিয়েটে নির্বাচনী পরীক্ষা ছিল। চট্টগ্রাম স্টেডিয়ামে তখন পাকিস্তানের জাতীয় ক্রিকেট দল পিআইএ এসেছিল। অন্যান্যের মধ্যে আমার প্রিয় জাতীয় ক্রিকেটার হানিফ মোহাম্মদ ছিলেন সেই দলে। আমার কাছে পরীক্ষার চেয়ে হানিফ মোহাম্মদের খেলা দেখাটা বড় হয়ে ওঠে। ফলে ওই দিনের নির্বাচনী পরীক্ষা না দিয়ে চলে যাই স্টেডিয়ামে। নিয়মানুযায়ী পরীক্ষা দিতে না পারার কারণ হিসেবে অসুস্থতার (জ্বর) কথা উল্লেখ করে আবেদন করি। কিন্তু ফল বিবেচনা কমিটির সভায় বিষয়টি তোলা হলে অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ আপত্তি জানিয়ে বললেন, ‘আমি নিজের চোখে দেখেছি সে স্টেডিয়ামে আমার একটু সামনে বসে খেলা দেখছে, এখন মিথ্যা কথা বলে আবেদন করেছে।’ এ অবস্থায় আমার ফলাফল স্থগিত হয়। আমি অধ্যক্ষ আবদুস সোবহান চৌধুরীর কাছে গেলে তিনি বললেন, ‘যেখানে মমতাজ উদ্দিন সাহেব তোমাকে স্টেডিয়ামে দেখেছেন, তুমি সত্যটি লিখলে না কেন?’ বললাম ‘স্যার সত্য বললে উল্টো হবে ভেবে। এটা আমার ভুল হয়েছে।’ পরে তাঁর পরামর্শ অনুযায়ী মিথ্যা বলার জন্য ক্ষমা প্রার্থনা করে আরেকটা আবেদন করলে আমাকে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়।সৃজনশীল বা মননশীল কিছু কাজও করতে চেয়েছি। সফলতা ব্যর্থতার হিসাব করে দেখিনি। নানা কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও লেখালেখি ও প্রকাশনাজগতে তেমন অগ্রসর হতে পারিনি। বাণিজ্য ও শিল্প আইন নামে একটি বই আমার আছে। স্নাতক পাস কোর্স, সম্মান, সিএ, ব্যবস্থাপনা বিষয়ে লেখা বইটি বেরিয়েছে ১৯৯২ সালে। একাধিক সংস্করণ হয়েছে। মূলত বইটি শিক্ষকদের জন্য প্রযোজ্য। তার আগে কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ে নির্বাচন কিংবা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন সাময়িকী সম্পাদনা ও প্রকাশের দায়িত্ব আমার ওপর পড়ত। তখনও লেখালেখির আগ্রহ কিছুটা ছিল। স্বাধীনতার পর ১৯৭২ সালের শুরুর দিকে দু-তিন বন্ধু মিলে নন্দনকানন হরিশদত্ত লেন থেকে দৈনিক মিছিল বের করি। প্রথমে কয়েকদিন সম্পাদক হিসেবে আমার নামও ছাপা হয়। কিন্তু তত্কালীন জেলা প্রশাসক আমাকে ডেকে বললেন, ‘আপনি তো কলেজের শিক্ষক হিসেবে সরকারি কর্মচারী। একই সঙ্গে অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারেন না। সম্পাদক হিসেবেও নয়।’ পরে আমার বন্ধু এমএ কুদ্দুসকে সম্পাদক করি। সে সময় কলেজ থেকে এসে সংবাদ সম্পাদনা ও ছদ্মনামে নিয়মিত কলাম লিখতাম। আমাদের বাড়ির পাশে থাকতেন বাবার মামা তত্কালীন বিশিষ্ট রাজনীতিক সমাজসেবক নূর আহমদ চেয়ারম্যান। ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা আন্দোলনের সময় রাষ্ট্রভাষা বাংলার সমর্থনে একটি মিছিল তাঁর বাসার সামনে এসে স্লোগান দিচ্ছিল। আমরা ঘরের ভেতর থেকে শোরগোল শুনে কিছুটা আতঙ্কিত হয়ে পড়ি। পরে দেখি নূর আহমদ চেয়ারম্যান দোতলার বারান্দায় দাঁড়িয়ে রাষ্ট্রভাষা বাংলার সমর্থনে এক প্রাঞ্জল বক্তৃতা দেন। পরবর্তীকালে পাকিস্তান গণপরিষদেও তিনি জোরালো বক্তব্য দেন রাষ্ট্রভাষার পক্ষে। তাঁর সেই বক্তব্য এবং ছাত্রদের মিছিলই আমাকে প্রথম রাজনীতির দিকে যেতে অনুপ্রাণিত করে। কর্মজীবনে ঢোকার আগে তারুণ্যের সময়টা কেটেছে রাজনীতির মাঠে। তত্কালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলাম। তখন সভাপতি ছিলেন ফেরদৌস আহমদ কোরেশী। এর পরের বছর এমএ মান্নান সভাপতি, আমি সহসভাপতি হই। ওয়ার্ড পর্যায়ে ছাত্রলীগ সংগঠনে মান্নান ভাইদের সঙ্গে কাজ করেছি। প্রয়াত নেতা জহুর আহমদ চৌধুরীর সঙ্গে আন্তরিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল। অধ্যাপক মোজাফফর আহমদ ছাড়া রাজনীতিতে যুক্ত শিক্ষকের সংখ্যা কম ছিল। আমার ভাবনা ছিল, অধ্যাপনার সঙ্গে রাজনীতিও চালিয়ে যাব এবং একপর্যায়ে অধ্যাপনা ছেড়ে রাজনীতিতেই সক্রিয় থাকব। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে বিশেষ করে ৭৩-এর নির্বাচনের পর থেকে পরিবর্তিত রাজনৈতিক পেক্ষাপট, অস্থিরতা ইত্যাদি দেখা দেয়। এ অবস্থায় অধ্যাপনা ছেড়ে সক্রিয় রাজনীতিতে নামার সাহস করিনি। ছাত্রজীবনে রাজনীতির কারণে মামলা-মোকদ্দমা হয়রানির শিকারও কম হইনি। অনেকের মতো আমার বিরুদ্ধে একটি হত্যাপ্রচেষ্টাসহ প্রায় আধাডজন মামলা হয়েছিল পাকিস্তান আমলে। সবই মূলত রাজনৈতিক মামলা। একটি মামলার কথা বেশি করে মনে পড়ে। ওই মামলায় গ্রেপ্তার এড়াতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ১৯৬৫ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের ঘটনা। আইউব খানের আমলে বিডি মেম্বার নির্বাচন উপলক্ষে এক সভার আয়োজন করা হয় এখনকার এমএ আজিজ স্টেডিয়ামে। এতে আইউব খান ও ফাতেমা জিন্নাহ বক্তৃতা দেন। আইউব খানকে মুসলিম লীগ এবং ফাতেমা জিন্নাহকে সম্মিলিত বিরোধীদল (কপ) সমর্থন দিয়েছিল। আমরা ছিলাম কপের সমর্থক। সভায় আমাদের ঢোকা নিষেধ ছিল। তাই আমরা আউটার স্টেডিয়ামের বাইরে থেকে দেয়ালের ফটক দিয়ে ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করছিলাম। সভা শেষে দেখি বিরোধীদল ও মুসলিম লীগ সমর্থক বিডি মেম্বারদের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে মারপিট লেগে যায়। এ সময় তত্কালীন সাংসদ আলিমুল্লাহ চৌধুরী আহত ও রক্তাক্ত হন। মারপিটের ব্যাপারে আমার বেশ উত্সাহ ছিল। হাত যেন নিশপিশ করত। আমাদের কিছু ছেলের সঙ্গে দেয়াল টপকে ভেতরে ঢুকে আমিও মারপিটে অংশ নিই। এ ঘটনায় আমিসহ বিরোধী দলের ২১ জনের বিরুদ্ধে হত্যাপ্রচেষ্টা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে প্রথম দিন সকালে পালিয়ে রামগড় চলে যাই। পরে ফিরে এসে মেডিকেল কলেজ ছাত্রাবাসে দলীয় এক কর্মী-বন্ধুর মেসে কিছুদিন আশ্রয় নিই। যতদূর মনে পড়ে ওই মামলায় এমএ আজিজ, মাওলানা আহমদুর রহমান আজমী, এমএ মান্নান, ছাত্র ইউনিয়নের নজরুল ইসলাম চৌধুরী, ছাত্রশক্তির নুরুল ইসলাম প্রমুখ আসামি ছিলেন। সবার নাম এ মুহূর্তে মনে করতে পারছি না। বিনা খরচে আমাদের মামলা পরিচালনা করেন হাটহাজারীর অ্যাডভোকেট আবুল কাসেম (পরবর্তীকালে সাবজজ) ও তাঁর সহযোগী অ্যাডভোকেট আবদুল হালিম। নিম্নআদালতে হাজিরা দিলে জামিন পাওয়া যাবে না বলে আইনজীবীর পরামর্শে জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাওয়ার সিদ্ধান্ত হয়। গ্রেপ্তার এড়াতে আমরা কেউ জেনারেল পোস্ট অফিসের পেছন দিক থেকে, কেউ জহুর হকার্স মার্কেট বা বুক সোসাইটির পেছনের পাহাড় ডিঙিয়ে লুকিয়ে লুকিয়ে আদালতে উঠি। আদালতের দৃষ্টি আকর্ষণের জন্য ছোট হিসেবে আমাকেই প্রথমে কাঠগড়ায় দাঁড় করানো হয়। অ্যাডভোকেট কাসেম নিম্নআদালতে ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কায় কথা জানালে জেলা জজ হাবিবুর রহমান সিএসপি সবার জামিন মঞ্জুর করেন। এরপর থেকে কিছুদিন পর পর আদালতে হাজিরা দিতে হতো। ৬৭ সালে আমি প্রভাষক হিসেবে কমার্স কলেজে যোগ দেওয়ার পর ৬৯ সালের গণআন্দোলনের আগ পর্যন্ত মামলাটি চলছিল। ৬৯-এর গণআন্দোলনের সময় একদিন মামলার বাদী আলিমুল্লাহ চৌধুরী আন্দরকিল্লা এলাকায় ছাত্রদের মিছিলের সামনে পড়ে গেলে ছাত্ররা তাঁকে ধরে মিউনিসিপ্যাল অফিসে (বর্তমানে সিটি করপোরেশন) নিয়ে গিয়ে মামলা প্রত্যাহারের আবেদনে সই দিতে বাধ্য করে। এভাবে মামলাটি প্রত্যাহার হলে সবাই বিপদমুক্ত হই। রাজনীতিতে যুক্ত থাকার সুবাদে বঙ্গবন্ধুর মতো মহান নেতার সান্নিধ্যে একাধিকবার আসার সুযোগ আমার হয়েছে। তাঁকে ঘিরে দু-একটি স্মৃতি মনে পড়ে সব সময়। শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর বঙ্গবন্ধু আওয়ামী লীগ পুনর্গঠন অভিযান শুরু করেন। ৬৩ সালে জেএম সেন হলে কর্মিসম্মেলনে আসেন তিনি। রাতে তাঁর সম্মানে ১৪-১৫ জনের খাবারের আয়োজন করেন প্রয়াত আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল হারুন চৌধুরী তাঁর দেওয়ান বাজারের বাসায়। আমার জানা মতে, সেখানে ছাত্রনেতাদের মধ্যে দাওয়াত পেয়েছিলাম আমি আর এমএ মান্নান। এর কয়েকদিন আগে নগরে একটি হরতাল হয়। দেওয়ানহাট থেকে বিমানবন্দর পর্যন্ত হরতাল সফল করার দায়িত্ব দেওয়া হয় আমাকে। বিশেষ করে যাত্রীর অভাবে বিমানযাত্রা ব্যাহত হওয়ার মতো অবস্থা তৈরি করতে হবে।আমি কয়েকজন কর্মী নিয়ে ভোর সাড়ে ছয়টায় দেওয়ানহাট মোড়ে অবস্থান নিই। একটু পুরোনো মার্সিডিস গাড়ি পাঠানটুলীর দিক থেকে মূল সড়কে আসতে দেখে সেটি আটকাই। গাড়ির ভেতর দেখা গেল সদ্য মন্ত্রিত্ব পাওয়া ডবলমুরিংয়ের সুলতান আহমদ। তিনি ছিলেন আমার বাবার বন্ধু। যাচ্ছেন সার্কিট হাউসে। সম্মান জানিয়ে তাঁকে ছেড়ে দিই। এদিকে সকাল ১০টার দিকে মুসলিম লীগের গুন্ডারা এসে আমাদের তাড়া করে। তারা সংখ্যায় বেশি ছিল, তাই বাড়াবাড়ি করিনি। পরে দুপুরের দিকে আমাদের ছেলেরা শক্তিবৃদ্ধি করে বড় মিছিল নিয়ে এলে একপর্যায়ে সকালের কথা মনে পড়ে, আমার মাথা গরম হয়ে যায়। লাঠি নিয়ে একাই মুসলিম লীগের ছেলেদের উল্টো তাড়া করি। তারা মন্ত্রী সুলতান আহমদের বাড়ির ভেতর ঢুকে পড়লে মেয়েরা দৌড়াদৌড়ি শুরু করে। এতে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়। আওয়ামী লীগের নেতা হান্নান (প্রয়াত এমএ হান্নান) ভাইয়ের নজরে এলে তিনি দৌড়ে গিয়ে আমাকে সেখান থেকে ‘কী করেন কী করেন’ বলে টেনে নিয়ে আসেন। রাতে হারুণ সাহেবের বাসায় বঙ্গবন্ধুর কাছে আমাকে দেখিয়ে হান্নান ভাই বললেন, ‘আপনাকে যে বলছিলাম দেওয়ানহাটের ঘটনা, সুলতান আহমদের বাড়িতে ঢুকে গিয়েছিল, এই সেই শায়েস্তা খান।’ বঙ্গবন্ধু আদর করে আমার চিবুক (গাল) টেনে ধরে বলছিলেন, ‘হ্যাঁ চেহারাটা একখান বানাইছস।’ এর আগে ৬২ সালের শেষ দিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী চট্টগ্রামে তাঁর শেষ সভা করেছেন এনডিএফের সম্মিলিত গণতান্ত্রিক ফ্রন্ট ব্যানারে। আমরা মুসলিম হলে ছাত্র-সমাবেশ ডেকে সেখানে তাঁকে আনতে চেয়েছিলাম। ইস্পাহানি রেস্ট হাউসে আমরা কয়েকজন গিয়ে চেষ্টা করেও রাজি করাতে পারছিলাম না। কারণ তিনি ক্লান্ত, রাতভর ঘুম হয়নি। বিকেলে জনসভায় বক্তব্য দেবেন। আমাদের বিশেষ আগ্রহ দেখে বঙ্গবন্ধু বললেন, ‘দেখছস না লিভারের অবস্থা! চল আমি যাব।’ আমাদের সঙ্গে এসে তিনি দোতলায় উঠে বাইরে অপেক্ষমাণ জনতার উদ্দেশে নেতার অবস্থা বর্ণনা করে বক্তব্য দেন এবং সবাইকে লালদিঘির ময়দানে গিয়ে নেতার বক্তব্য শোনার আহ্বান জানান। তাঁর পাশে দাঁড়িয়ে এই প্রথম বক্তব্য শুনি। তাঁর সঙ্গে সিঁড়ি বেয়ে নামার সময়ের একটি ছবি এখনো যত্ন করে রেখে দিয়েছি স্মৃতি হিসেবে।