বঙ্গবন্ধু সাফারি পার্কে খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া থেকে গত রোববার বিকেলে সড়কপথে চট্টগ্রাম ফিরছিলেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা খালেদা জিয়া। পথে নজরে পড়ে চকরিয়া উপজেলার ডুলাহাজারার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। ঢুকে পড়লেন সেখানে। তিনটি বন্য হাতি তাঁকে সালাম দিয়ে অভিবাদন জানাল। সাফারি পার্কের প্রাণীগুলো দেখতে দেখতে এক ঘণ্টা সময় পার করে দিলেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব ও স্থানীয় সাবেক সাংসদ সালাহ উদ্দিন আহমেদ প্রমুখ। সাফারি পার্কের কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, খালেদা জিয়ার সাফারি পার্ক পরিদর্শনের আগাম কোনো কর্মসূচি ছিল না। বলা যায়, বিকেল সাড়ে তিনটার দিকে তিনি (খালেদা জিয়া) হঠাৎ করে পার্কে ঢোকেন। ভেতরে পাখিশালা, কুমিরের বেষ্টনী, বানর, হাতি, ভালুক, বাঘ, সিংহসহ বিভিন্ন বন্য প্রাণী ঘুরে দেখেন। তিনি বেশি সময় কাটান কুমির বেষ্টনীতে। আড়াই বছর আগে এই বেষ্টনীতে একটি কুমির ১৭টি বাচ্চা দিয়েছে। উল্লেখ্য, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গত শনিবার দুই দিনের সফরে কক্সবাজার যান।সংশ্লিষ্ট সূত্র জানায়, খালেদা জিয়া পার্কের ভেতরে আকাশছোঁয়া অসংখ্য শতবর্ষী গর্জনগাছ (মাদার ট্রি) দেখে মুগ্ধ হয়েছেন। তবে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক থেকে সাফারি পার্কে প্রবেশের একমাত্র সড়কটির বেহাল অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন।