বঙ্গবন্ধুই বিশ্ববন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধু আছে গোমড়ামুখো, বন্ধু আছে হাসির

কারও বন্ধু সিংহ রাশি কিংবা তুলা রাশির

কোনো বন্ধু জানের বন্ধু, বিপৎকালে হাজির

ভয় করে না কোনো কিছুর—শহীদ কিংবা গাজির।

বন্ধু আছে হরেক কিসিম, নানান রকম স্বভাব

কোনো বন্ধু অতি কৃপণ, কেউবা আবার নবাব

কেউবা আবার এতই অলস, দেয় না কথার জবাব

এমন বন্ধুও হয়তো আছে, নাই কিছুরই অভাব!

কোনো বন্ধু পরিবারের, কোনো বন্ধু সবার

কোনো বন্ধুর মহৎ ইচ্ছা অনেক বড় হবার।

এমন বন্ধুই ঝাঁপিয়ে পড়ে জাতির বিপদ হলে

মনের মধ্যে স্বাধীনতার মুক্তা–মানিক জ্বলে

এমন বন্ধু বিরল হলেও হয়তো ভাগ্য বলে

আমরা কিন্তু পেয়ে গেছি মুক্ত আকাশতলে!

সেই বন্ধুকে সবাই চেনে বঙ্গবন্ধু নামে

তাহার মহান কীর্তি দেখে চাঁদ–সুরুজও থামে

বঙ্গ হতে বিশ্ববন্ধু নিজের মহৎ কাজে

বঙ্গবন্ধুই বিশ্ববন্ধু বিশ্ববাসীর মাঝে

বাতাস হয়ে সবার প্রাণে যুক্ত হয়ে আছে

বন্ধু হবার উদার আকাশ সব মানুষের কাছে।