
নানা আয়োজনে ১৭ মার্চ বিভিন্ন স্থানে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ছিল শিশুমেলা, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। আলোচনা সভায় বক্তারা নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান। তাঁরা বলেন, ইতিহাসের এ মহানায়ক পরাধীন বাঙালি জাতিকে শৃঙ্খল মুক্ত করেছেন। বিশ্ব দরবারে উড়িয়েছেন স্বাধীন বাংলাদেশে পতাকা।
রাঙামাটি: বেলা চারটায় শহরের ভেদভেদি এলাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য পাদদেশে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে পৌরসভা প্রাঙ্গণ থেকে শিশুদের শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রা জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হওয়ার পর একই স্থানে শিশু মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য দেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার, জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরী প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নাচ করে শিশুরা।
এ ছাড়া বেলা ১১টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, যার যার অবস্থানে থেকে আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ তাঁদের শেখাতে হবে।

এতে বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য মো. মুছা মাতব্বর, সাধন মনি চাকমা, জেবুন্নেসা রহিম, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাবিব উল্লা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রমণী কান্তি চাকমা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক শাহ নেওয়াজ বেগম প্রমুখ।
সাতকানিয়া: সাতকানিয়া উপজেলার রসুলাবাদ ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ রেজার সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ কায়েস চৌধুরী। বক্তব্য দেন মাদ্রাসার সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রভাষক মো. মামুনর রশিদ, আবুল কালাম ছিদ্দিকী, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।
মহেশখালী: ‘শিশু গড়বে নতুন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে পালন করা হয় নানা কর্মসূচি। সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে রচনা, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. নোমান হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল চন্দ্র বণিক, যুব উন্নয়ন কর্মকর্তা নিরেন্দ্র চন্দ্র পাল, মহেশখালী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক, মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, মহেশখালী কেজি স্কুলের সহকারী অধ্যক্ষ হারুনর রশিদ প্রমুখ। সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আমরা কজন মুজিব সেনা: আমরা কজন মুজিব সেনা নগরের মুসলিম ইনস্টিটিউটে আয়োজন করে অনুষ্ঠানমালা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক মনোভাব সৃষ্টি করে জাতিকে জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সমাজতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করেছেন। শিশুদের মনে এখন থেকে দেশপ্রেম জাগ্রত করতে হবে।
এতে সভাপতিত্ব করেন আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর তারেক সোলেমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী আসফারুল আমীন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বোখারী আজমের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুচিন্তা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক মো. আশরাফুল ইসলাম, নগর আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, উপদেষ্টা মো. ইসহাক প্রমুখ।
আনোয়ারা: দিবসটি পালন উপলক্ষে আনোয়ারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শোভাযাত্রা ও আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওবাইদুর রহমান, কৃষি কর্মকর্তা মো. একরাম উদ্দিন, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অনিল কুমার সাহা, প্রাণিসম্পদ কর্মকর্তা দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাইনুদ্দিন মজুমদার, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম ভূইয়া।
এদিকে উপজেলার বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়, চার পীর আউলিয়া মাদ্রাসা, চুন্নাপাড়া মুনিরুল উলুম মাদ্রাসা, বন্দর উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত হয়েছে।