বঙ্গবন্ধুর কাছে প্রতীকী চিঠি লেখার প্রতিযোগিতা
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ (ডিইউসিএস) আয়োজন করেছে ‘বঙ্গবন্ধুকে চিঠি লেখা প্রতিযোগিতা’। প্রতীকী এই চিঠি লেখা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ যে কেউ অংশ নিতে পারবেন। সংগঠনটির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিযোগিতাটি তারা পঞ্চমবারের মতো আয়োজন করেছে। এবারের প্রতিযোগিতায় অংশ নেওয়ার শেষ তারিখ ১৭ আগস্ট।
ডিইউসিএসের সভাপতি হিল্লোল শেখর সমদ্দার বলেছেন, ‘নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতে চাই আমরা। জানতে চাই নতুন প্রজন্ম জাতির পিতাকে নিয়ে কী ভাবছে, জাতির পিতা বেঁচে থাকলে তাঁর কাছে কী আশা-আকাঙ্ক্ষার কথা জানাত এই প্রজন্ম। নতুন প্রজন্মকে মনে করিয়ে দিতে চাই, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক শব্দ। আর এই লক্ষ্য সামনে রেখেই আমাদের এ আয়োজন।’
সর্বোচ্চ ১ হাজার ৫০০ শব্দের মধ্যে বাংলা ভাষায় চিঠিটি লিখতে হবে। চিঠির শেষে নিজের নাম, ঠিকানা, পেশা, প্রতিষ্ঠান, ফোন নম্বর উল্লেখ করতে হবে। চিঠিটি পাঠাতে হবে ই-মেইলে ([email protected])।