বঙ্গবন্ধুর জন্মদিন উদ্যাপিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক শ্যামল কান্তি বিশ্বাস।চুয়েটের পশ্চিম গ্যালারিতে যন্ত্রকৌশল অনুষদের ডিন ও ছাত্রকল্যাণ পরিচালক মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডিন মো. সাইফুল ইসলাম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন মোহাম্মদ রফিকুল আলম, শিক্ষক সমিতির পক্ষে কাজী দেলোয়ার হোসেন প্রমুখ।এদিকে, ছাত্রলীগ চুয়েট শাখার পক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রলীগ চুয়েট শাখার সভাপতি মশিউল কবির, সাধারণ সম্পাদক রশিদুল আবেদীন চৌধুরী, ছাত্রলীগ নেতা নিয়াজ মোর্শেদ, সাইফুদ্দিন ফোরকান, লুৎফর রহমান প্রমুখ।কাপ্তাই: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মদিন উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়। ১৭ মার্চ কেপিএম মহিলা ক্লাব, কর্ণফুলী ভিউ ক্লাব এবং কেপিএম অফিসার্স কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোচণা সভা এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। স্থানীয় মহিলা ক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিশু অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপন কুমার সরকার। অতিথি ছিলেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম খান চৌধুরী, চট্টগ্রাম বারের আইনজীবী মোহাম্মদ আলী চৌধুরী। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।