বঙ্গবন্ধুর নামে নান্দনিক পার্ক হচ্ছে ফেনীতে
ফেনীতে বিনোদনসুবিধা সৃষ্টির লক্ষ্যে ‘বঙ্গবন্ধু পার্ক’ নামে একটি দৃষ্টিনন্দন পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফেনী শহরতলীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মহীপাল এলাকায় ঐতিহাসিক বিজয় সিংহ দীঘির পাড়ে ৩৬ একর খাসজমিতে এ পার্ক স্থাপন করা হবে। ফেনী জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পার্ক স্থাপনের প্রস্তুতিমূলক কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এ ব্যাপারে প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তা ছাড়া, প্রস্তাবটির ব্যাপারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়কেও জানানো হয়েছে। সূত্র জানায়, চলতি বছরের ৩০ মার্চ ফেনীবাসীর পক্ষে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও ফেনী পৌরসভার সাবেক চেয়ারম্যান কোব্বাদ আহম্মদ বিজয় সিংহ দীঘির পাড়ে পার্ক স্থাপনের জন্য আবেদন জানান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ থেকে গত ১ জুন ফেনী জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। গত ১৫ জুন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলতাফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এক সভায় অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) আহ্বায়ক করে প্রস্তাবিত পার্কের জন্য ভূমি জরিপ ও নকশা প্রণয়নের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি পার্ক স্থাপনের জন্য খাসজমি বাছাই ও নকশা তৈরিসহ প্রকল্প চূড়ান্ত করে। ফেনী শহর থেকে দুই কিলোমিটার ও মহীপাল থেকে কয়েক শ গজ দূরে বিজয় সিংহ দীঘির অবস্থান। বর্তমানে দীঘির উত্তর পাশে রয়েছে সার্কিট হাউস, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা জজ ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বাসভবন। দীঘির পাড়ে এখনো প্রতিদিন শত শত নারী-শিশু বেড়াতে আসে। পার্ক স্থাপন সম্পর্কে কোব্বাদ আহম্মদ বলেন, ফেনী এলাকায় স্থানীয় লোকজনের বিনোদনের জন্য কোনো পার্ক বা বিনোদনকেন্দ্র নেই। তা ছাড়া নানা উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা এমনকি বিদেশ থেকেও বহু লোকজন ফেনী আসেন। এলাকায় একটি পার্ক হলে এটি একটি পর্যটনকেন্দ্রও হতে পারে। ফেনী জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দস জানান, পার্ক স্থাপনের জন্য প্রাথমিক প্রস্তুতিকাজ ইতিমধ্যে শুরু করেছে। এ ব্যাপারে প্রস্তাবটি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রস্তাব অনুমোদন পাওয়ার পরই নির্মাণকাজ শুরু হবে।