বঙ্গবন্ধুর হত্যাকারী সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানিয়েছেন ফেনী যুবলীগের নেতারা। তাঁরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। ৩০ আগস্ট বিকেলে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক দিদারুল কবির। যুগ্ম আহ্বায়ক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্য, ইকবাল মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ তায়বুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. নুরুল আমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, বিএমএ ফেনী শাখার সম্পাদক সাহেদুল ইসলাম কাওসার, যুবলীগের নেতা নুরুল ইসলাম মিয়াজী, মামুনুর রশিদ প্রমুখ।