বঙ্গমাতা ফুটবলে শিরোপাধারীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের শিরোপা অর্জনকারী মঘাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ট্রাস্ট ব্যাংক রাঙামাটি শাখা ও সংবর্ধনা আয়োজন কমিটি।রাঙামাটির রাজবাড়ি এলাকার একটি রেস্তোরাঁয় গত শুক্রবার সন্ধ্যায় এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বালিকা ফুটবল দলের সদস্যরা বেশ কয়েকটি বাঙালি ও আদিবাসী নাচ-গান পরিবেশন করে।সংবর্ধনা সভায় রাঙামাটি মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামের নারীরা অনেকটা পিছিয়ে আছেন। তবে সুযোগ পেলে যে তাঁরা নিজেদের সামর্থ্য তুলে ধরতে পারেন এর প্রমাণ কাউখালী উপজেলার মগছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে খেলোয়াড়েরা।ট্রাস্ট ব্যাংকের রাঙামাটি শাখার ব্যবস্থাপক ত্রিদিবেশ চাকমা বলেন, তিন পার্বত্য জেলায় ক্রীড়া, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে ট্রাস্ট ব্যাংক সহযোগিতা দিয়ে যাবে। খুদে খেলোয়াড়দের উৎসাহ দিতে একটু দেরিতে হলেও এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও জাতীয় দলের সাবেক ফুটবলার কিংশুক চাকমা বলেন, ‘মঘাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে খেলোয়াড়দের জন্য আজ আমরা গর্বিত। এদের মধ্য থেকে ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় তৈরি হবে।’ মঘাছড়ি বিদ্যালয়ের সহকারী শিক্ষক ধারশমণি চাকমা বলেন, প্রথমে শিক্ষার্থীরা ফুটবলে লাথিও মারতে পারত না; এ ছাড়া ছিল আর্থিক সমস্যা। কিন্তু ছাত্রীদের ব্যাপক আগ্রহ, কঠোর অনুশীলনের কারণে দেশের প্রায় ৬০ হাজার প্রাথমিক বিদ্যালয়কে পেছনে ফেলে শিরোপা ঘরে তোলা সম্ভব হয়েছে।উল্লেখ্য, এ বছরের ৩১ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে রংপুরের পালিচোড়া প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের শিরোপা অর্জন করে রাঙামাটির মঘাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।অনুষ্ঠানে ক্রীড়া অনুরাগী রূপম চাকমা খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে ১০ হাজার টাকা পুরস্কার দেন।