বছর তেরো বাদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘এই মণি কেমন আছ? আমাকে চিনতে পেরেছ? আমি নীরব।’
ফেসবুকের ইনবক্সে কথা হচ্ছিল ছেলেবেলার এক বন্ধুর সঙ্গে। কথা হচ্ছিল ১৩ বছর বাদে। বন্ধু? নাকি বড় ভাই?
সেই দিনগুলোতে আমি ফ্রক পরা একটা মেয়ে। বয়স ১১ কি ১২। মনের কোণে ভালো লাগার জন্ম নিলেও প্রেমে পড়ার মতো ভাবনা জন্ম নেয়নি। সেই বন্ধুর মতো বড় ভাইকে ভুলে গিয়েছিলাম খুব সহজে। আশ্চর্য বিষয়, পরিচয় পাওয়ার পরও চিনতে কিছুক্ষণ সময় লেগেছে! আরও অবাক হলাম জেনে, তিনি নাকি আমাকে ভালোবাসতেন! এমনকি ১৩ বছর তিনি আমাকে খুঁজেছেন, আমার জন্য ভালোবাসা লালন করেছেন। আমি এর কিছুই জানি না। কখন আমার প্রতি ভালোবাসা জন্ম নিয়েছিল?
—সেদিন বৃষ্টি ছিল, তুমি স্কুল থেকে ফিরছিলে ছাতা মাথায়। আমি ভিজছিলাম দেখে তুমি বললে, নীরব দাদা, ছাতার নিচে আসুন। ছাতাটা আমার হাতে দিলে দুজন চুপ করে হেঁটে যাচ্ছিলাম। আমার ভেতরে যে কী চলছিল, ঠিক বলে বোঝাতে পারব না। তোমার কি এমন হচ্ছিল মণি?
—না দাদা।
কথা শুনে চট করে বলে ফেলল, ‘চলো, আমরা সারা জীবন বৃষ্টিতে হাঁটি। তোমার ছাতা থাকবে সঙ্গী। ভালোবাসা কি গ্রহণ করা যাবে মেম?’
আমি কিছুই বলতে পারিনি। ভাঙা কণ্ঠে শুধু বললাম, ‘শুক্রবার আমার বিয়ে, আসবেন কিন্তু নীরব দাদা।’
নীরব দাদা এসেছিল কি না, আমি খেয়াল করিনি। তবে বিয়ের গিফট খোলার সময় লাল ছাতাটার দেখা পাই। সেই লাল ছাতা।
আফিফি ঈশিতা
পশ্চিম দোলাইরপাড়, ঢাকা