
তাঁর সঙ্গে অনেক দিন পর দেখা। বছর দুই তো হবেই। এমন আচমকা দেখা হবে ভাবতেই পারিনি। বাসের অপেক্ষায় যাত্রীছাউনির এক কোনায় দাঁড়িয়ে ছিলাম। বাইরে বৃষ্টি। অনেকে এসে দাঁড়িয়েছেন। তিনিও এলেন হুট করে। সঙ্গে একজন নারী। যাত্রীছাউনির অন্য পাশটায় তাঁকে দাঁড়াতে বলে ইতিউতি করছিলেন। সম্ভবত সিএনজিচালিত অটোরিকশা খুঁজছিলেন। আমি লুকানোর চেষ্টা করতেই ফোনের স্ক্রিনে চোখ রেখেছিলাম। কিন্তু শেষ রক্ষা হলো না। কাছে এসে বললেন, ‘তোমার কাছে ছাতা আছে না?’
এত দিন পর ভরাট কণ্ঠটা শুনে আমার ভেতরটা কেঁপে উঠল। তাঁর প্রশ্ন শুনে মনে হচ্ছে, আমাদের মধ্যে কিছুই হয়নি। এখনো নিয়মিত যোগাযোগ আছে।
তিনি তো এমনই ছিলেন। এখনো কি আছেন? ভাবতে ভাবতেই বললাম, ‘আমার ব্যাগে যে সব সময় ছাতা থাকে, সেটা ভোলেননি দেখছি!’ তাঁরও ত্বরিত উত্তর, ‘ভোলার কী কাছে! ছাতাটা একটু দাও, একটা অটোরিকশা নিয়ে আসি।’ হাসিমুখে বললাম, ‘আমার সঙ্গে দেখা না হলে কী করতেন?’
‘দেখা যখন হলো তাহলে দেখা না হলে কী হতো ভাবতে চাইছি না। ওকে অটোরিকশায় তুলে দিয়ে আসছি। তুমি কিন্তু যেয়ো না!’
এই নারী নিশ্চয় তাঁর স্ত্রী। আমি কি এগিয়ে গিয়ে কথা বলব? না। মানে হয় না।
বৃষ্টি মাথায় বেরিয়ে পড়লাম। কান্নায় দমবন্ধ হয়ে আসছিল। মাত্র দুই বছরের মধ্যেই তিনি কীভাবে বিয়ে করতে পারলেন। নিজেই আবার উত্তর খুঁজি। আমার চেয়ে এগারো বছরের বড় একজন মানুষ হুট করে বিয়ে করাই তো স্বাভাবিক।
অথচ আমি ভেবেছিলাম যোগাযোগ বন্ধ করলেও তিনি আমাকে মনে রাখবেন। খুব সামান্য কারণে সেদিন যোগাযোগ বন্ধ করতে হয়েছিল। আমাদের সম্পর্কের তখন এমন পর্যায় যে দুজনই ভালোবাসি কিন্তু কেউ স্বীকার করি না। আমি তাঁকে অনেক চিঠি লিখেছিলাম। কিন্তু পড়তে দিইনি। একদিন মুখ ফসকে বলে ফেলেছিলাম তাঁকে দেব বলে চিঠি লিখে জমানো রয়েছে। শুনে শুধু বলেছিলেন, ‘এসব ছেলেমানুষির কী মানে!’
এরপরই নিজেকে গুটিয়ে নিয়েছি। ফোন নম্বর বদল করেছি, যোগাযোগ বন্ধ করেছি।
একই শহরে থাকি, একদিন না একদিন দেখা তো হতোই। সেটা আজ হলো। ভিজতে ভিজতে বাসায় চলে এসেছি।
ভাবছিলাম বিদায় না নিয়ে আসা কি উচিত হলো? মনের মধ্যে খটকা নিয়েই বন্ধ সিমটা অন করলাম। শেষ বিকেলে ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই ধমকের সুরে প্রশ্ন করলেন, ‘থাকতে বলেছিলাম, চলে গেলে কেন?’
‘থেকে কী করতাম? আপনি আপনার বউকে যত্ন করে অটোরিকশায় তুলছেন, সেটা দেখার জন্য দাঁড়াতাম?’
কয়েক সেকেন্ড তিনি চুপ। তারপর বললেন, ‘আমি বিয়ে কবে করলাম? সে তো আমার স্কুলবন্ধু। অসুস্থ। একা হাসপাতালে এসেছিল, খবর পেয়ে তাই গেলাম।’
কথা শেষ না করেই তিনি হেসে দিয়ে বললেন। আমি ভাবি তাঁর হাসি এত সুন্দর কেন? কেন!
শুচিতা মৌমি
ধানমন্ডি, ঢাকা।