বছর না যেতেই অকেজো ১৪০ রিং টিউবওয়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থাপনের এক বছর না যেতেই খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি অর্থায়নে স্থাপন করা রিং টিউবওয়েলগুলো অকেজো হয়ে যাচ্ছে। ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে ১৪০টি। এগুলো নির্মাণে প্রতিটিতে খরচ হয় প্রায় এক লাখ টাকা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রক্ষণাবেক্ষণের অভাবে ও চুরির কারণে টিউবওয়েলগুলো অকেজো হওয়ার কারণ দেখালেও স্থানীয় লোকজনের অভিযোগ স্থাপনের সময় পানির স্তর সঠিকভাবে নির্ণয় না করায় ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের করা জরিপে দেখা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৩৯২টি রিং টিউবওয়েল স্থাপন করা হয়। এর মধ্যে ১৪০টি এখন অকেজো। মেরুং ইউনিয়নে বসানো ১১০টির মধ্যে চালু আছে ৬৯টি, বোয়ালখালী ইউনিয়নে ৯৬টির মধ্যে চালু আছে ৫৮টি, কবাখালী ইউনিয়নে ৬২টির মধ্যে চালু ৩৯টি, দীঘিনালা ইউনিয়নে ৩৫টির মধ্যে চালু ২৬টি ও বাবুছড়া ইউনিয়নে ৮৯টির মধ্যে চালু আছে ৬০টি। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জরিপের সঙ্গে গ্রামের সচল টিউবওয়েলের তথ্যের ব্যবধান রয়েছে। পশ্চিম কাঁঠালতলী গ্রামের পাঁচটি টিউবওয়েলের মধ্যে সবগুলোই অকেজো। কালাচাঁদ মহাজনপাড়া, বেতছড়িসহ অন্যান্য গ্রামের একই অবস্থা। জরিপে অকেজো টিউবওয়েলের যে সংখ্যা নির্ধারণ করা করা হয়েছে প্রকৃত সংখ্যা তার চেয়ে বেশি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মংগ্রী মগ জানান, ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রিং টিউবওয়েল রয়েছে। তার মধ্যে আটটি অকেজো। বাকি ১০টি সচল হলেও সেগুলোর পানি পান করার উপযোগী নয়।জেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা বলেন, ‘রিং টিউবওয়েল স্থাপন সরকারি টাকার অপচয় ছাড়া আর কিছু নয়। আমার ইউনিয়নেও অনেকগুলো অকেজো অবস্থায় পড়ে আছে। লাখ টাকায় রিং টিউবওয়েল স্থাপন না করে অগভীর নলকূপ স্থাপন করলে অনেক ভালো হতো।’ দীঘিনালা পরিবশে সুরক্ষা আন্দোলনের সভাপতি জাকির হোসেন বলেন, প্রতিবছর দেখা যায় বর্ষাকালে টিউবওয়েল স্থাপন করা হয়। বর্ষাকালে পানির স্তর ওপরে থাকে, তাই সঠিকভাবে পানির স্তর নির্ণয় করার জন্য টিউবওয়েলগুলো শুষ্ক মৌসুমে স্থাপন করা প্রয়োজন। এ প্রসঙ্গে জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তর উপজেলা কার্যালয়ের প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরকার বলেন, মূলত রিং টিউবওয়েল স্থাপনের পর সুবিধাভোগীরা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করায় ও টিউবওয়েলের মাথা চুরি হওয়ার কারণেই এগুলো অকেজো হয়ে যায়। বর্ষাকালে টিউবওয়েল স্থাপনের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।