স্টেশনে এসে থামল চালকবিহীন একটি ট্রেন। যাত্রীরা নেমে যেতেই আবার ছুটল গন্তব্যের দিকে। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের এই ট্রেনে আছে ‘ভয়েস কমান্ড’–এর মাধ্যমে ফাঁকা আসন খুঁজে নেওয়ার সুযোগ। যাত্রীদের সুবিধার্থে আছে স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থাও। কোনো যাত্রী কিছু ফেলে গেলে সঙ্গে সঙ্গে খবর পৌঁছে যাবে প্রতিটি স্টেশনে।
ভবিষ্যতের এমন আধুনিক ট্রেনের পরিকল্পনা উঠে এসেছে ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াড (আইআরও) ২০২০-এ। গত ১২-১৩ ডিসেম্বর অনলাইনে অনুষ্ঠিত প্রতিযোগিতাটির থিম বা বিষয় ছিল ‘রোবট: দ্য ফিউচার ট্রান্সপোরটেশন’। বিশ্বের বিভিন্ন প্রান্তের ৭-১৮ বছর বয়সী প্রায় সাড়ে পাঁচ শ শিক্ষার্থী অংশ নেয় এই আয়োজনে। দক্ষিণ কোরিয়ার দ্যেগু শহর থেকে আয়োজনটি নিয়ন্ত্রণ করে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড কমিটি। ফলাফল বিবেচনায় বাংলাদেশের অর্জন দুটি স্বর্ণ, দুটি রৌপ্য, পাঁচটি তাম্র ও ছয়টি কারিগরি পদক।
গত অক্টোবরের প্রথম সপ্তাহে অনলাইনে শুরু হয় আইআরওর বাংলাদেশ পর্ব—বাংলাদেশ রোবট অলিম্পিয়াড। দেশের ৬২ জেলা থেকে প্রায় সাত শ শিক্ষার্থী অংশ নিয়েছিল এবার। জাতীয় পর্বের বাছাই শেষে অনলাইনেই শুরু হয় প্রাথমিক ক্যাম্প। নভেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় স্বাস্থ্যবিধি মেনে সরাসরি শুরু হয় ক্যাম্প।
এরই মধ্যে ঘোষণা আসে, প্রতিটি দেশকে নিজস্ব পরিসরে আয়োজন করতে হবে আইআরও, যা পর্যবেক্ষণ করবে আন্তর্জাতিক কমিটি। দলকে প্রস্তুত করার পাশাপাশি তাই অলিম্পিয়াড আয়োজনের প্রস্তুতিও নিতে থাকে বিডিআরও কমিটি। রাজধানীর বিসিএস ইনোভেশন সেন্টারে কয়েক দফা ক্যাম্প শেষে ১৯ সদস্যের বাংলাদেশ দল বাছাই করা হয়।
আগামীর দিন গণনা
গুগল মিটে কথা হচ্ছিল পদকজয়ীদের সঙ্গে। টানা তিন বছর অংশ নেওয়া সানবিমস স্কুলের নাশীতাত যাইনাহ্ রহমান বলল, ‘আন্তর্জাতিক একটি আয়োজন, কিন্তু করোনার কারণে ঘরবন্দী থাকায় সেভাবে উপভোগ করতে পারিনি। তবু চেষ্টা করেছি নিজেদের সেরাটা দিতে।’ ঢাকার আগা খান স্কুলের যারিয়া মুসাররাত ও স্কলাসটিকার সৈয়দা লাইবা—দুজন খালাতো বোন হওয়ার সুবাদে একসঙ্গে বসে চর্চা করার সুযোগ পেয়েছে। দুজনের মধ্যে কে ভালো রোবট বানাতে পারে—এমন প্রশ্নে নির্দ্বিধায় ছোট বোন যারিয়াকে দেখিয়ে দিল লাইবা। সর্বকনিষ্ঠ সদস্য জাইমা যাহিন। ওর দলের আরেক সদস্য মিসবাহ উদ্দিন। লেখার শুরুতে যে অত্যাধুনিক ট্রেনের কথা বলছিলাম, প্রতিযোগিতায় সেই ভাবনা উপস্থাপন করেছিল ওরাই। কারও রোবট কাজ করবে শহরের আবর্জনা পরিবহনে, কারওটা ছুটবে যুদ্ধের সময়ে আহত সৈন্যদের সেবায়। মালামাল পরিবহনে কার্গো রোবট কার থেকে শুরু করে সরু রাস্তায় সহজে চলে—এমন রোবটের পরিকল্পনাও আছে বেশ কয়েকটি দলের।
এমন সব খুদে রোবট নির্মাতাকে দিকনির্দেশনা দিয়েছেন বিডিআরওর একাডেমিক কো-অর্ডিনেটর মিশাল ইসলাম। তিনি বলেন, ‘২০১৮ সাল থেকে আন্তর্জাতিক এই আয়োজনে অংশগ্রহণ করছে বাংলাদেশ দল। এ বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আন্তর্জাতিক দলে জায়গা করে নিয়েছে শিক্ষার্থীরা। কিন্তু এবার সবচেয়ে বড় দল তৈরি করতে পেরেছি আমরা। দেশের বিভাগীয় শহরগুলো বাদে রোবটিকস চর্চার ইলেকট্রনিকস পাওয়া বেশ কঠিন। এ ছাড়া সেসবের দামও বেশি। পড়াশোনার চাপ, করোনা পরিস্থিতি—সবটা সামলিয়েও দলের এমন সাফল্য আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখায়।’ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড কমিটির সভাপতি এবং আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক লাফিফা জামাল বলেন, ‘আমাদের ছেলেমেয়েদের মেধায় কোন কমতি নেই। একটু পথ দেখিয়ে দিলেই ওরা নিজেদের মেধা আর অধ্যবসায়ের জোরে সামনে এগিয়ে যেতে পারে। রোবট অলিম্পিয়াডের অনেক প্রতিযোগিতাতেই আমরা প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে অংশগ্রহণ করতে পারি না। আমাদের শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক রোবটিকস ল্যাব স্থাপন করা সম্ভব হলে ওরা আরও ভালো ফলাফল করতে পারবে।’