বছর শেষের মেলা বছর শুরুর মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়াশার জাল ভেদ করে উঠেছে মিষ্টি রোদ। ঢাকার আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটির প্রবেশমুখটি সাজানো হয়েছে বর্ণিল এক দরজা দিয়ে। সেখান দিয়ে যেতে সবার নজর কাড়ে এই নান্দনিক সাজসজ্জা। কেন এত আয়োজন! ভেতরেই যে চলছে বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক মেলা ‘সিটি আইটি ২০১১-১২’। ২৬ ডিসেম্বর এই মেলার উদ্বোধন হয়। মেলা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। এই মেলা একদিকে চলতি বছরের শেষ মেলা অন্যদিকে ২০১২ সালও শুরু হবে এ মেলা দিয়ে। দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজারের এই মেলা ঘিরে চলছে নানা আয়োজন। বিভিন্ন প্রযুক্তিপণ্যের সর্বশেষ সংস্করণ মিলছে এই মেলায়। মেলার আহ্বায়ক কাজী শামসুদ্দিন আহমেদ জানালেন, এবার স্বাধীনতার ৪০ বছর পূর্তি হলো। এ জন্য মেলায় নানা ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। দেশের তরুণদের মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে মেলা প্রাঙ্গণে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত দেখানো হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র।এই মেলায় অংশ নিচ্ছে প্রায় ১৬০টি প্রযুক্তি প্রতিষ্ঠান। এ ছাড়া মেলা চলাকালে বাংলাদেশের প্রেক্ষাপটে তথ্যপ্রযুক্তি, ওয়াইম্যাক্স ইন্টারনেটের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তির নানা দিক নিয়ে বিশেষ সেমিনার, আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। থাকছে গুণীজন সংবর্ধনা এবং বিশিষ্ট অতিথিদের সম্মাননা প্রদান, গেম প্রতিযোগিতা, ডিজিটাল ছবি প্রতিযোগিতা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি ইত্যাদি। আজ শুক্রবার সকালে মেলা প্রাঙ্গণে শিশুদের বয়সভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মেলায় প্রযুক্তি পণ্যের সঙ্গে মিলছে তথ্যপ্রযুক্তির নানা বই। বুকস অ্যান্ড টেক ভিউয়ে তথ্যপ্রযুক্তির বইয়ে পাওয়া যাবে ৩০ শতাংশ ছাড়। মেলার কয়েকটি স্টলে ত্রি-মাত্রিক ছবি দেখার বিশেষ প্রযুক্তি দেখানো হচ্ছে। মেলায় এসেছে বিভিন্ন ব্রান্ডের ট্যাবলেট কম্পিউটার। আকারে ছোট আর টাচস্ক্রিন বলে এসবের দিকে অনেকেরই আগ্রহ বেশি। তাই ল্যাপটপ বা নেটবুকের পাশাপাশি এই ট্যাবলেট কম্পিউটার গুলোরও এখন যথেষ্ট চাহিদা। কম্পিউটারে গেম খেলার বিভিন্ন অনুষঙ্গের প্রতিও তরুণদের আগ্রহ দেখা গেছে মেলায়। মেলায় সহজেই মিলছে এসব পণ্য। ইংরেজি শিখতে চান? এতেও থাকবে প্রযুক্তির ব্যবহার। অনেকেই ইংরেজিতে পারদর্শী হওয়ার জন্য প্রযুক্তির সাহায্য নিচ্ছেন। মেলার কয়েকটি স্টলে পাওয়া যাচ্ছে ইংরেজি থেকে বাংলার ডিজিটাল অভিধান। এসব অভিধানে ভাষার শুদ্ধ উচ্চারণও শোনা যায়। খানিকটা দূর থেকে সুবিধামত নিজের কম্পিউটারটি নিয়ন্ত্রণ করা আজকাল তেমন কোন কঠিন কাজ নয়! এটি সম্ভব হচ্ছে তারহীন প্রযুক্তির মাধ্যমে। তারহীন মাউস বা কিবোর্ড মিলছে এই মেলায়। কাজ করতে করতে শখের ল্যাপটপটি গরম হয়েছে তাতে কি! এই ল্যাপটপকে ঠান্ডা রাখতে পারে ল্যাপটপ কুলার। মেলায় এসেছে এ ধরনেরও নানা পণ্য।মেলার প্রবেশ টিকিটের মূল্য ১০ টাকা। প্রতিবন্ধী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে পারবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।