কক্সবাজারে বছরজুড়ে আলোচনায় ছিল ইয়াবা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের অভিযানে ধরা পড়ে একের পর এক ইয়াবার চালান। তবে ২০১৩ সালের তুলনায় ২০১৪–তে ইয়াবা উদ্ধারের হার বেশি। এদিকে ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বন্দুকযুদ্ধে ছয়জন নিহত হয়।
বিজিবি সূত্র জানায়, ২০১৪ সালে বিজিবি টেকনাফে অভিযান চালিয়ে ৬০ কেজি ওজনের ২৯ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করে। ২০১৩ সালে বিজিবি ইয়াবা উদ্ধার করেছিল ১০ লাখ ৮১ হাজার ৬৬৪টি। অর্থাৎ ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে ইয়াবা ধরা পড়েছে তিন গুণ বেশি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাবে, গত ছয় বছরে দেশে ইয়াবা উদ্ধারের পরিমাণ বেড়েছে ৭৭ গুণ (৭ হাজার ৬২১ শতাংশ) ৷ বার্ষিক মাদক প্রতিবেদনে উল্লেখ করে, ২০১৩ সালে তারা ২৮ লাখ ২১ হাজার ৫২৮টি ইয়াবা উদ্ধার করে, যা ২০০৮ সালে ছিল ৩৬ হাজার ৫৪৩টি।
কক্সবাজারের শিশু–কিশোর সংগঠন ঝিনুকমালা খেলাঘর আসরের সভাপতি দীপক শর্মা বলেন, ইয়াবা এখন জেলার ২৪ লাখ মানুষের কাছে আতঙ্কের একটি নাম। কেউ ইয়াবা ব্যবসায় জড়িয়ে, কেউ আবার ব্যবসায় সহযোগিতা দিয়ে, কেউ ক্রসফায়ারে মারা পড়ার আতঙ্কে এলাকাছাড়া। এদিকে ইয়াবায় আসক্ত হয়ে পড়া ছেলেমেয়েদের অত্যাচারে অতিষ্ঠ অনেক পরিবার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া এক প্রতিবেদনে বিজিবি বলেছে, মিয়ানমারের কেন্দ্রীয় সংসদ ও দেশটির শাস প্রদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মংডু ও বুচিডং এলাকার সীমান্তরক্ষী, সামরিক বাহিনীর কর্মকর্তা, কাস্টম, পুলিশ ও গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাজে লাগিয়ে ইয়াবা ব্যবসা করছেন। এ জন্য বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১৫টি স্থানে ৩৭টি কারখানা গড়ে তোলা হয়েছে। এসব কারখানায় তৈরি ইয়াবায় বাংলাদেশ সয়লাব হচ্ছে। বাংলাদেশে ইয়াবা ব্যবসায়ীর তালিকায় রয়েছে ৭৬৪ জনের নাম।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, ২০১৪ সালের মার্চ ও এপ্রিল মাসে ওই তালিকা ধরে পুলিশ, বিজিবি, র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফে বিশেষ অভিযান চালায়। ওই সময় বন্দুকযুদ্ধে সাতজন ইয়াবা ব্যবসায়ীর মৃত্যু হয়েছিল। এরপর তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীরা অনেকে আত্মগোপন করে। অনেকে বিদেশ পাড়ি জমিয়েছে।
টেকনাফ থানার পুলিশ জানায়, গত বছরের ২০ মার্চ টেকনাফের নাফ নদীর জলিয়ারদিয়ায় র্যাবের সঙ্গে ইয়াবা ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধে ইয়াবা গডফাদার খ্যাত নুর মোহাম্মদ মারা যায়। ২৭ এপ্রিল টেকনাফে বিজিবি ও র্যারের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী জাহেদ হোসেন ও নাইট্যংপাড়ার ফরিদুল আলম। ২৫ এপ্রিল টেকনাফ সমুদ্র উপকূলে কোস্টগার্ডের সঙ্গে চোরাকারবারিদের বন্দুকযুদ্ধে চার ইয়াবা ব্যবসায়ী টেকনাফের শাহপরীর দ্বীপের মো. আমিন ওরফে আমিন মাঝি, কক্সবাজার
সদর উপজেলার ইসলামাবাদ গ্রামের জহিরুল আলম, মহেশখালীর মো. কালু ও মো. হোসেন নিহত হয়।
কক্সবাজার সিভিল সোসাইটির সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরী বলেন, রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক সংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজ ইয়াবা ও মাদকের বিরুদ্ধে তেমন সোচ্চার হচ্ছে না। এ কারণে সাধারণ মানুষ ইয়াবার বিরুদ্ধে মাঠে নামার সাহস পাচ্ছে না। এদিকে ইয়াবা গ্রাস করে নিয়েছে পুরো দেশ। শেষ হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। ইয়াবা নির্মূল করতে হলে গডফাদারদের ধরতে হবে।
পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, ২০১৪ সালে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ লাখ ৭২ হাজার ৪১৮টি ইয়াবা উদ্ধার করেছে। ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর রয়েছে। তবে এলাকাবাসী জাগলে ইয়াবা চোরাচালান নির্মূল সহজ হতো।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তাজুল ইসলাম বলেন, বাংলাদেশে এখন ইয়াবাসেবী তরুণের সংখ্যা ৪০ লাখের মতো। চিকিৎসা নিতে আসা মাদকসেবীদের ৮০ ভাগই ইয়াবায় আসক্ত। তারা বয়সে তরুণ এবং অপেক্ষাকৃত সচ্ছল ঘরের সন্তান।