অকালে চাষ করে মাত্র দুই মাসে তরমুজের আশানুরূপ ফলন পাওয়া যাবে কি না—এ নিয়ে সংশয়ে ছিলেন মফিজুল ইসলাম। শেষ পর্যন্ত এক একর জমিতে চাষ করে দেড় মাসের মধ্যে তরমুজ বিক্রি করে তাঁর উপার্জন হয়েছে বিনিয়োগের প্রায় পাঁচ গুণ। এ রকম কল্পনার বাইরে ফলন ও লাভ দেখে দারুণ খুশি চন্দনাইশ উপজেলার কাঞ্চননগরের চাষি মফিজুল ইসলাম (৪৫)। শুধু মফিজুল ইসলাম নন, তাঁর মতো বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর, শ্রীমাই এলাকার অনেকে বারোমাসি তরমুজের চাষে নেমেছেন। বর্তমানে এসব এলাকার প্রায় ১০০ একর পাহাড়ি ঢালু জমিতে এই তরমুজের চাষ হচ্ছে। জাপানের ওয়ার্ল্ভ্র কুইন এবং হংকংয়ের ফিল্ডমাস্টার নামক বীজ থেকে বারোমাসি এই তরমুজের ফলন হয়। চাষের আওতা বাড়লে মানুষ সারা বছরই তরমুজের স্বাদ পাবেন বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।মফিজুল ইসলাম জানান, একসময় সামান্য চাষাবাদ ও খণ্ডকালীন দিনমজুরি করে সংসার চালাতেন তিনি। ছয় বছর ধরে মনোযোগী হয়েছেন মৌসুমি তরমুজ চাষে। এতে মোটামুটি লাভবানও হয়েছেন। ইতিমধ্যে একটি পাকা বাড়ি ও একটি দোকানের মালিকও হয়েছেন তিনি। এবার অকালে (বারোমাসি) তরমুজ চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। বললেন, ‘আমি নিজেও কল্পনা করতে পারিনি যে অকালে এভাবে তরমুজের ফলন হবে এবং এতে বিনিয়োগের প্রায় পাঁচ গুণ অর্থ উঠে আসবে।’ মফিজুল জানান, বারোমাসি তরমুজ চাষের ব্যাপারে তাঁর পূর্ব অভিজ্ঞতা ছিল না। নগরের একটি বীজ পরিবেশক প্রতিষ্ঠানের কর্মকর্তা বোরহান উদ্দিন এবং বাণিজ্যিক কর্মকর্তা আবু তৈয়ব তাঁকে (মফিজকে) আগাম তরমুজ চাষ করার পরামর্শ দেন। প্রথমে রাজি হননি। পরে স্বাভাবিক মৌসুমি তরমুজের তুলনায় বেশি লাভের আশ্বাস পেয়ে জুলাই মাসের মাঝামাঝি সময়ে চন্দনাইশের এলাহাবাদ এলাকার পাহাড়ি ঢালুতে এক একর জমিতে বারোমাসি তরমুজ চাষ করেন। এতে সব মিলিয়ে খরচ হয়েছে ২২ হাজার টাকা। আগস্ট মাসের মাঝামাঝি থেকেই খেতে প্রচুর ফলন হয়। চার থেকে পাঁচ সেপ্টেম্বরের মধ্যে সব তরমুজ বিক্রি করেছেন নগরের ফলের আড়তে। এতে পাওয়া যায় প্রায় সোয়া লাখ টাকা। খরচ বাদ দিয়ে লাভ হয়েছে এক লাখ টাকার। মফিজ জানান, অকালে তরমুজের চাষ করতে দেখে স্থানীয় অনেক চাষি হেসেছিলেন। পরে সফলতার কথা শুনে অন্য চাষিরা তরমুজ খেত দেখতে ছুটে আসেন। বর্তমানে আরও অনেকে এ জাতের তরমুজ চাষে আগ্রহ দেখাচ্ছেন। বীজের পরিবেশক প্রতিষ্ঠান সূত্র জানায়, এ জাতের তরমুজের চাষ সারা বছরই করা যায়। বিশেষত, পাহাড়ের ঢালু জমিতে চাষ করলে অতিবৃষ্টি বা বন্যায় ক্ষতি কিংবা লোকসানের হার খুব কম হয়। চাষ করা যায় দুই মাস পর পর। চাষের দেড় মাসের মধ্যেই বিক্রয়যোগ্য হয়ে ওঠে ফলন। চাষিদের উদ্বুদ্ধ করা গেলে এ তরমুজ চাষের মাধ্যমে সংশ্লিষ্ট চাষিদের ভাগ্যের চাকা খুলে যাবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন।বীজ বিপণন প্রতিষ্ঠান এআর মালিক অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের বাণিজ্যিক কর্মকর্তা আবু তৈয়ব জানান, যেসব পাহাড়ি এলাকায় চাষিরা তামাক চাষের দিকে ঝুঁকছেন, তাঁদের জন্য বারোমাসি তরমুজের চাষ অনেক বেশি সুফল বয়ে আনবে। বিভিন্ন এলাকায় পরীক্ষামূলক চাষে সফলতা দেখে আরও অধিক সংখ্যক চাষি এ মাসেই এই জাতের তরমুজ চাষে মাঠে নেমেছেন।চন্দনাইশ উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মাহমুদুল হক জানান, অকালে তরমুজ চাষ করে মফিজের সফলতা অর্জন অন্য চাষিদের জন্যও সুখবর। বিশেষ করে, কৃষকেরা অনাবাদি পাহাড়ি ঢালু জমিতে বারোমাসি তরমুজের চাষ করে স্বাবলম্বী হয়ে ওঠার উজ্জ্বল সম্ভাবনা কাজে লাগাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এতে তামাক চাষের কুফল থেকেও রক্ষা পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি।