
বরফঘরের খবর নতুন কিছু নয়। জমাটবাঁধা বরফের মধ্যে এমন আবাসনব্যবস্থা নিয়ে চলছে হোটেল ব্যবসাও। অনেক শীতপ্রধান দেশেই তৈরি হয়েছে এমন বরফ হোটেল। এই হোটেলগুলো শুধু শীতের সময়ই খোলা থাকে। তবে সুইডেনে এবার চালু হলো পৃথিবীর প্রথম স্থায়ী বরফ হোটেল। নামেই যেন পরিচয় জানান দেয় সে হোটেল—‘আইসহোটেল ৩৬৫’।
বছরজুড়ে চালু থাকা হোটেলের নির্মাণশৈলীও অপরূপ। বরফের দেয়ালে তৈরি করা হয়েছে নানা শিল্পকর্ম, সিঁড়িসহ দৃষ্টিনন্দন অন্দরসাজ। বরফের ওপর যে বিছানা পাতা হয়েছে সেখানে ঘুমাতে হবে হিমাঙ্কের ৫ ডিগ্রি নিচে তাপমাত্রায়। আর এসব কিছু ঘটেছে সুইডিশ ল্যাপল্যান্ডের গ্রাম জুকাসজারভিতে। শীতকালে হোটেলটির প্রবেশপথ তুষারে ঢাকা থাকবে। তবে গ্রীষ্মেও সৌরবিদ্যুৎ ব্যবহার করে তুষার তৈরি করা হবে।
তুষারঢাকা এই হোটেলের অবশ্য প্রথম যাত্রা ১৯৮৯ সালে। নতুন সংস্করণে চালু হওয়া হোটেলটিতে সব মিলে ৪০টি ঘর রয়েছে। যার মধ্যে ২০টি সাধারণ কক্ষ, ১১টি শিল্পপ্রদর্শনীর জন্য গ্যালারি হিসেবে ব্যবহৃত হয় এবং বাকি ৯টি কারুকার্যমণ্ডিত শৌখিন কক্ষ। এর মধ্যে একটি শৌখিন কক্ষকে তৈরি করেছেন শিল্পী মারজোলেইন ভঙ্ক ও মাউরিজিও পেরোন। তাঁরা এই ঘরের নাম দিয়েছেন ‘উইশফুল থিঙ্কিং’। শুধু এই দুই শিল্পী নন, পুরো হোটেলটি নির্মাণ করতে কাজ করেছেন বিভিন্ন দেশের প্রায় ৪০ জন শিল্পী।
দ্য গার্ডিয়ান অবলম্বনে প্রিয়াংকা কুন্ডু