বছরে উৎপাদিত হয় আড়াই লাখ বাচ্চা
ফেনীর সোনাগাজী আঞ্চলিক হাঁস প্রজনন খামারে কর্মকর্তাও কর্মচারী-সংকট বিরাজ করছে। এতে খামারের স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হচ্ছে। শিগগির প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেওয়া না হলে উৎপাদন ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বর্তমানে ওই খামারে বছরে প্রায় দুই লাখ ৫০ হাজার বাচ্চা উৎপাদিত হচ্ছে।সোনাগাজী হাঁস প্রজনন খামার সূত্র জানায়, বাংলাদেশে সরকারি উদ্যোগে ২০০২ সালে চারটি আঞ্চলিক হাঁস প্রজনন খামার স্থাপিত হয়। এর মধ্যে একটি স্থাপন করা হয় ফেনীর উপকূলীয় এলাকা সোনাগাজীর চর চান্দিয়া গ্রামে। পরে দেশের বিভিন্ন অঞ্চলে আরও ১৩টি হাঁস প্রজনন খামার স্থাপন করা হয়। সোনাগাজী উপজেলা সদর থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে ১০ দশমিক ৫০ একর জমির ওপর খামারটি প্রতিষ্ঠিত।সূত্র জানায়, হাঁস প্রজনন খামারের প্রধান লক্ষ্য ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করা। এতে এক দিনের প্রতিটি লেয়ার বাচ্চা বিক্রি করা হয় ১২ টাকায়। সোনাগাজী, ফেনী সদর, দাগনভূঞা, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম উপজেলা ছাড়াও চট্টগ্রামের মিরসরাই, নোয়াখালীর কোম্পানীগঞ্জ, কুমিল্লার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট এলাকার খামারিরা এই খামার থেকে এক দিনের বাচ্চা কিনে নিয়ে যান। খামারে সপ্তাহে সাড়ে সাত-আট হাজার ডিম থেকে বাচ্চা ফোটানোর ব্যবস্থা রয়েছে। খামারের হিসাবরক্ষণ কর্মকর্তা জামাল হোসেন জানান, এটা সরকারের একটি অলাভজনক সেবামূলক খাত। প্রতিটি বাচ্চা উৎপাদন খরচের তুলনায় প্রায় অর্ধেক দামে বিক্রি করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, খামারে একজন ব্যবস্থাপক, একজন পিডিও (পোলট্রি ডেভেলপমেন্ট অফিসার), একজন হিসাবরক্ষণ কর্মকর্তা, একজন কারিগর, একজন কার্যালয় সহকারী, একজন ইলেকট্রিশিয়ান (বৈদ্যুতিক কারিগর), ১০ জন পরিচর্যাকারী, দুজন প্রহরীসহ ১৮টি পদ রয়েছে। বর্তমানে আছেন মাত্র সাতজন। ১০ জন পরিচর্যাকারীর মধ্যে আছেন মাত্র দুজন। প্রহরী নেই একজনও। কাগজে-কলমে একজন অফিস সহকারী থাকলেও বর্তমানে তিনি প্রেষণে ঢাকায় রয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা-কর্মচারীরা জানান, কর্মচারী-সংকটের কারণে এত বড় একটি খামারের সব কাজ দেখাশোনা করা কষ্টকর হয়ে পড়েছে।ডিম স্থানান্তর, সংরক্ষণ, বাচ্চার পরিচর্যা, সরবরাহসহ আনুষঙ্গিক কাজ করতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্ট সবাইকে। খুব শিগগির শূন্য পদে লোক নিয়োগ দেওয়া না হলে উৎপাদনসহ খামারের সামগ্রিক কাজকর্ম বিঘ্নিত হবে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন। হিসাবরক্ষণ কর্মকর্তা জামাল হোসেন লোকবল-সংকটের কথা স্বীকার করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।