বছরে কোটি টাকার সম্পদ পোড়ে আগুনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজানে প্রতিবছর কয়েক কোটি টাকার সম্পদ আগুনে পুড়ছে। গত এক বছরে উপজেলার বিভিন্ন স্থানে ৫০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। বেশির ভাগ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে অসতর্কতার কারণে। এদিকে, রাউজানে কোনো অগ্নিনির্বাপণকেন্দ্র নেই, থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হতো বলে ক্ষতিগ্রস্তরা মনে করেন।জানা গেছে, বেশির ভাগ অগ্নিকাণ্ডের সূত্রপাত চুলা, কুপিবাতি, মশার কয়েল অথবা বৈদ্যুতিক গোলযোগ থেকে। অবহেলা ও অসচেতনতার কারণে এসব দুর্ঘটনা ঘটে। অগ্নিনির্বাপণ কেন্দ্রের লোকজনের মতে, সতর্কতা অবলম্বন করলে অগ্নিকাণ্ডের ঘটনা অনেকাংশে কমে আসতে পারে। রাউজানে সর্বশেষ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৪ মে ভোর চারটায়, উপজেলার খলিফারঘোনা গ্রামে। গ্রামের মানুষ জানিয়েছেন, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ওই সময়ে একজন অসুস্থ ব্যক্তির জন্য খাবার তৈরি করতে গিয়ে অসতর্কতার কারণে চুলার আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে একই সারিতে থাকা ১৮ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ১৮টি ঘরে থাকা ৬০ হাজার টাকা, অলংকার, বৈদ্যুতিক জিনিসসহ আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত ৫ এপ্রিল পূর্ব গুজরা ইউনিয়নের আধারমানিক গ্রামে অগ্নিকাণ্ডে জাহাঙ্গীর আলম ও তাঁর দুই ভাই প্রবাসী শাহ আলম এবং জানে আলমের বসতঘর পুড়ে যায়। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্তরা ১৫ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে বলে দাবি করেন।গত ২৯ মার্চ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে উপজেলার বিনাজুরি ইউনিয়নের লেলেংগারা গ্রামে। এখানে আগুনের সূত্রপাত হয় গ্যাসের চুলা থেকে। আগুনে পুড়ে যায় মোহাম্মদ বদরুল, মোহাম্মদ তাজুল, মোহাম্মদ নজরুল, মোহাম্মদ জাফর, মোহাম্মদ শাহজাহান, মানিক, মনা সওদাগর, মোহাম্মদ হানিফ, জসিম উদ্দিন, মোহাম্মদ জুয়েল, ওয়াজেদ আলী, হারুন উর রশিদ, এমরান হোসেনের মালামালসহ বসতঘর। প্রায় ৭০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়। এ ছাড়া গত এক বছরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে উপজেলার নোয়াপাড়া চৌধুরী হাট, কদলপুর, কচুখাইন, বিনাজুরি, গহিরা, নোয়াজিশপুরসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে। জানা গেছে, ইতিমধ্যে রাউজানে অগ্নিনির্বাপণকেন্দ্রের একটি ইউনিট স্থাপনের কাজ শুরু হয়েছে।