বছরে পাঁচ লাখ টাকা আয় সবজিচাষি ফয়েজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ির দক্ষিণ দৌলতপুর গ্রামে নিজ খেতে বঁাধাকপি পরিচর্যা করছেন চাষি মুহাম্মদ ফয়েজ
ফটিকছড়ির দক্ষিণ দৌলতপুর গ্রামে নিজ খেতে বঁাধাকপি পরিচর্যা করছেন চাষি মুহাম্মদ ফয়েজ

বিশাল সবজি খেতে সারি সারি বাঁধাকপি, ফুলকপি আর টমেটো ফলেছে। সেদিকে তাকিয়ে চাষি মুহাম্মদ ফয়েজের মুখের হাসি বিস্তৃত হয়। বললেন, ‘১০ বছর আগে যখন সবজি চাষ শুরু করি, তখন এমন সাফল্য আসবে ধারণা করতে পারিনি।’
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দক্ষিণ দৌলতপুর গ্রামের সফল সবজিচাষি মুহাম্মদ ফয়েজ এখন স্থানীয় কৃষকদের জন্য দৃষ্টান্ত। বর্তমানে তিনি এক একর জমিতে বছরে কমপক্ষে ছয় ধাপে সবজি চাষ করে আয় করছেন চার-পাঁচ লাখ টাকা।
সম্প্রতি দৌলতপুর গ্রামে গেলে কথা হয় ফয়েজের সঙ্গে। তিনি বলেন, কৃষক বাবার কাছে হাতে-কলমে শিক্ষা নিয়ে প্রায় ১০ বছর আগে সবজির চাষ শুরু করেছিলেন। ওই সময় মাত্র ২০ শতক জমিতে সবজির আবাদ করেই সাফল্য পান। সেই থেকে আর পেছনে ফিরে তাকাননি। ইতিমধ্যে সবজি বিক্রির টাকা দিয়ে কিনেছেন ফসলি জমি। করেছেন পাকা বাড়িও। বর্তমানে দৌলতপুরে নিজ বাড়ির কাছে এক একর জমিতে সবজির চাষ করছেন। ওই জমিতে অগ্রহায়ণ থেকে মাঘ মাস পর্যন্ত চাষ করেন ফুলকপি, বাঁধাকপি ও টমেটো। এরপর ফাল্গুন থেকে চৈত্র পর্যন্ত পুঁইশাক ও পালংশাক এবং বৈশাখে শসা, চিচিঙ্গা, করলা ও চালকুমড়ার আবাদ করেন তিনি। খেতে রাসায়নিক সারের তুলনায় জৈব সার অনেক বেশি ব্যবহার করেন। খেতের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের জল দিয়ে সেচ দেন জমিতে। এ জন্য খরচও কমে, ফলনও ভালো হয়। এভাবে বছরে কমপক্ষে ছয় ধাপে বিভিন্ন সবজির চাষ করেন তিনি। প্রতিদিন গড়ে তিনজন শ্রমিক কাজ করেন ফয়েজের সবজি খেতে। তাঁর স্ত্রীও মাঝেমধ্যে সাহায্যের হাত বাড়ান।
ফটিকছড়ি উপজেলায় এবার সবজির উৎপাদনও হয়েছে ভালো। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে উপজেলার বিভিন্ন স্থানে ৫ হাজার ৯৫৩ একর জমিতে বিভিন্ন ধরনের সবজির চাষ হয়েছে।
গড়ে প্রতি একর জমিতে ছয় মেট্রিক টন সবজি উৎপাদিত হয়। প্রতি মেট্রিক টন সবজির বাজারমূল্য ১৫ হাজার টাকা। সে হিসাবে উপজেলায় এ মৌসুমে প্রায় ৫৩ কোটি টাকার সবজি উৎপাদিত হবে।
ফয়েজ বলেন, ফুলকপি ও বাঁধাকপি ইতিমধ্যে খেত থকে তোলার উপযুক্ত হয়েছে। বিক্রি করে তাঁর ভালো লাভও হচ্ছে। তিনি আরও বলেন, জমি তৈরি শুরু করে চারা লাগানো, সার প্রয়োগ, সেচ থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ফুলকপিতে গড়ে খরচ পড়েছে চার থেকে পাঁচ টাকা। আর একটি ফুলকপি বাজারে বিক্রি করে পাচ্ছেন ২০ থেকে ২৫ টাকা। প্রতিবছর ওই জমির পেছনে গড়ে তাঁর ব্যয় হয় এক লাখ টাকার মতো। আর সারা বছর সবজি বিক্রি থেকে আয় হয় প্রায় চার-পাঁচ লাখ টাকা।
ফয়েজের এই সাফল্যের পেছনে ইউনিয়ন কৃষি কর্মকর্তাদেরও ভূমিকা আছে। তিনি বলেন, তাঁকে নানাভাবে সহায়তা দিয়েছেন ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মুহাম্মদ বেলাল উদ্দিন। বর্তমানে সবজি চাষে বড় ধরনের কোনো সমস্যা হলে তিনি উপজেলা কৃষি বিভাগের সহায়তা নেন। তাঁর সাফল্য দেখে ওই এলাকার শতাধিক চাষি বর্তমানে সবজি চাষ করছেন। অনেকেই তাঁর কাছে পরামর্শের জন্যও আসেন।
প্রতিবেশী কৃষক তৌহিদুল আলম বলেন, ফয়েজের খেতের ফসল দেখে সবজি চাষের প্রতি তাঁর আগ্রহ জন্মে। তিন বছর ধরে তিনি সবজি চাষ করছেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা মুহাম্মদ বেলাল উদ্দিন জানান, ফয়েজ একজন সফল এবং অনুকরণীয় সবজিচাষি। সবজি চাষের মাধ্যমে বেকারত্ব দূর করে তিনি সচ্ছল হয়েছেন। তাঁকে দেখে এলাকার অনেকে সবজি চাষে আগ্রহী হয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেব নাথ প্রথম আলোকে বলেন, সবজি চাষ করেও যে মানুষ তাঁর আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করতে পারে, ফয়েজ তার উজ্জ্বল দৃষ্টান্ত।