বছরে ১২ হাজার কর্মী নেয় প্রাণ

বাংলাদেশের অন্যতম বড় প্রতিষ্ঠান প্রাণ-আরএফএলের পণ্য দেশের সীমা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ফলে তরুণ চাকরিপ্রত্যাশীদের কাছে প্রাণ-আরএফএল গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটির কর্মীসংখ্যা প্রায় ৬০ হাজার। প্রতিবছর এখানে অনেক লোক নিয়োগ পান। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংবাদপত্রে ও চাকরির বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
তরুণেরাই প্রাণ
প্রাণ-আরএফএল গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান মীর শামসুল আলম বলেন, ‘তরুণেরাই আমাদের প্রতিষ্ঠানের মূল শক্তি। নতুন লোক নিয়োগ করার ক্ষেত্রে আমরা নতুন ও তরুণ কর্মীদের প্রাধান্য দিয়ে থাকি। কারণ, কাজের প্রতি তরুণদের আগ্রহ অনেক বেশি থাকে। আর অনেক তরুেণর জীবনের প্রথম চাকরি হওয়ার কারণে এই কাজের মাধ্যমে অনেক কিছু শেখার চেষ্টা করে।’
তরুণদের কাজের ক্ষেত্র হিসেবে প্রাণ-আরএফএল গ্রুপ কেমন জানতে চাইলে রপ্তানি বিভাগে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা জি এম রিয়াজউদ্দিন বলেন, ‘প্রাণ-আরএফএল গ্রুপ কাজ করার জন্য খুবই ভালো একটা জায়গা। আমাদের মতো নতুনদের কাজ শেখার জন্য প্রতিষ্ঠানটি খুবই ভালো। বিশ্বের অনেক দেশে এর পণ্য বাজারজাত হচ্ছে। সে জন্য রপ্তানি বিভাগে কাজ করে আন্তর্জাতিক বাজারের বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারছি।’
নিয়োগ
প্রতি মাসেই এ প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ হয়। মীর শামসুল আলম জানান, প্রতিবছর ১০ থেকে ১২ হাজার লোক নিয়োগ হয়। চলিত বছরে ১২ হাজার বেশি নিয়োগ করা হয়েছে। তিনি আরও জানান, তাঁদের প্রতিষ্ঠানে নিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো রংপুর বা অন্য কোনো স্থানে কোনো কর্মী নিয়োগ হলে তাঁদের সেখানে বসেই নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করা হয়। নিয়োগ পরীক্ষা বা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কারও প্রধান কার্যালয়ে আসতে হয় না।
নতুনদের কাজের ক্ষেত্র
গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল জানান, প্রতিটি সেক্টরে নতুন কর্মী কমবেশি নিয়োগ দেওয়া হয়। তবে বিক্রয় বিভাগ, বাজারজাতকরণ বিভাগ, হিসাব বিভাগ, ফ্যাক্টরি তথা উৎপাদনসংশ্লিষ্ট ও ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কাজের সুযোগ তুলনামূলকভাবে বেশি। এ ছাড়া প্রায় সব বিভাগে সাধারণত ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে বিক্রয় বিভাগের ক্ষেত্রে সেলস রিপ্রেজেন্টেটিভ ও অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হয়।
যোগ্যতা
মীর শামসুল আলম জানান, ম্যানেজমেন্ট ট্রেইনি পদের জন্যে সাধারণত প্রার্থীদের স্নাতক, স্নাতকোত্তর, বিবিএ ও এমবিএ ডিগ্রি প্রয়োজন হয়। তবে বিক্রয় প্রতিনিধিদের ক্ষেত্রে এইচএসসি এবং অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার পদের ক্ষেত্রে স্নাতক, স্নাতকোত্তর প্রয়োজন হয়। এ ছাড়া ইঞ্জিনিয়ারিংয়ের পদের ক্ষেত্রে ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাস প্রয়োজন হয়। পড়ালেখার পাশাপাশি কম্পিউটার, ইন্টারনেট, যোগাযোগে দক্ষ, দল পরিচালনা ক্ষমতা এবং স্কাউটের সদস্য হলে চাকরির ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যায়।