বছরের শুরু, স্কুল মানেই চাপ!

দীর্ঘ ছুটির পর স্কুল খুলে যাচ্ছে। ছুটির রেশ কাটিয়ে সন্তান ও মা-বাবাকে আবার সেই ব্যস্ত জীবনে ফিরে আসতে হয়। স্কুল শুরু হলেই যে চাপ নিতে হবে, এমনটা হওয়া উচিত নয়।
পরীক্ষা শেষে অনেক দিন বন্ধ থাকার পর স্কুল খুলেছে আবীরের। নতুন ক্লাস, নতুন বই; কিন্তু স্কুলে তার মন বসছে না। অনেক দিন সকালে ওঠা হয়নি, বাড়ির কাজ নেই—স্কুলের নিয়মের বাইরে থাকতে থাকতে একটা অলসতা ভর করেছে যেন। অস্থিরতা, মন খারাপ আর স্কুলে যেতে না চাওয়ার ইচ্ছাটা তার ইদানীং খুব বেশি হচ্ছে। বাবা-মা আর স্কুলের শিক্ষকেরাও ভাবনায় পড়ে গেলেন, আবীরের কী হলো। আর স্কুল খুলে যাওয়ার আগে তো মা-বাবাও চাপ বোধ করেছিলেন। আবার স্কুল শুরু হলো! সকালে আগে উঠতে হবে। বাচ্চাকে ঘুম থেকে তোলা, স্কুলের জন্য তৈরি করা, স্কুলে দিয়ে আসা আবার আনা। ভাবলেই চাপ বোধ করেন তাঁরা।
স্কুলে উত্ত্যক্ত করা, কড়া শাসন, হঠাৎ স্কুল পরিবর্তন, শিক্ষাপদ্ধতির বড় ধরনের পরিবর্তন শিশুদের মধ্যে তৈরি করে স্কুলভীতি। কিন্তু আবীরের মতো যারা অনেক দিন ছুটি বা অন্য কারণে স্কুলে যায়নি, তাদের মধ্যেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। সমস্যাটা শুরু হয় ঘুম থেকে ওঠা নিয়ে। দেখা যায়, দীর্ঘ বিরতির পর স্কুল শুরু হলে অনেক শিশুই সকালে আগের মতো ঘুম থেকে উঠতে পারছে না বা ঘুম ভাঙালে বিরক্ত হয়ে যাচ্ছে। বেশি ছোটরা কখনো কখনো কান্নাকাটি করছে। সবখানেই তাদের অনাসক্তি আর বিরক্তি। এমনকি স্কুলে গিয়েও তারা কারও সঙ্গে মিশছে না, খেলছে না, পড়ায় মন দিতে পারছে না, শ্রেণিকক্ষের পড়া অনুসরণ করছে না।
বাবা-মা চিন্তিত আর বিরক্ত, শিক্ষকেরা হয়তো কখনো রেগে যাচ্ছেন; কিন্তু শিশুটি কিছুতেই আগের অবস্থায় ফিরে আসছে না। এই সমস্যা থেকে বের হতে হলে শুরু থেকেই বাবা-মা, শিক্ষকদের কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যদি সমস্যা হয়েই যায়, তবে বাবা-মা শিক্ষকেরা তার প্রতি বিশেষ যত্নবান হবেন।
শিশুদের যা অভ্যাস করাবেন

* দীর্ঘ বন্ধের সময় প্রতিদিন বেলা করে না উঠে সপ্তাহে অন্তত তিন-চার দিন আগের নিয়মে ঘুম থেকে ওঠার চেষ্টা করতে হবে।
* ছুটির সময়ে স্কুলের পড়া ও বাড়ির কাজগুলো এক দিনে শেষ না করে বা সব শেষের দুই-তিন দিনের জন্য জমিয়ে না রেখে প্রতিদিন একটু একটু করে শেষ করতে হবে।
* নতুন ক্লাসের ক্ষেত্রে যেখানে বাড়ির কাজ নেই, সেখানে প্রতিদিন হাতের লেখা অনুশীলন, পুরোনো বই গোছানো, স্কুলের ব্যাগ গুছিয়ে রাখার অভ্যাস করতে হবে।
* স্কুলের পোশাক, পরিচয়পত্রসহ অন্য জিনিসগুলো এমনভাবে রাখতে হবে, যাতে স্কুল খোলার দিন এগুলো খুঁজে পেতে অসুবিধা না হয়।
* নিয়মিত স্কুলের বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, তাদের সঙ্গে সম্ভব হলে কথা বলতে হবে, খেলতে হবে।
* স্কুল যদি খুব বেশি দূরে না হয়, তবে অভিভাবকের সম্মতি নিয়ে মাঝেমধ্যে স্কুলে বেড়াতে যেতে হবে আর স্কুলে মাঠ থাকলে সেখানে খেলতে যেতে হবে।
বাবা-মায়েরা কী করবেন

* স্কুল বন্ধ বলে বাড়ির সব নিয়মকানুন আগাগোড়া পাল্টে ফেলা যাবে না।
* সন্তানের সামনে স্কুল বা স্কুলের শিক্ষকদের বিষয়ে কোনো বিরূপ সমালোচনা করা যাবে না।
* মাঝেমধ্যে সন্তানকে বন্ধের মধ্যেও স্কুলে বেড়াতে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।
* সন্তানের স্কুলের বন্ধুদের একদিন বাড়িতে ডাকতে পারেন।
* স্কুল বন্ধ মানেই পড়ালেখা বন্ধ নয়। বাড়িতে কম করে হলেও নিয়মিত পড়ার জন্য উৎসাহিত করতে পারেন।
* খুব বেশি প্রয়োজন না হলে স্কুল খোলা অথচ সে সময় সন্তানকে নিয়ে দেশে বা বিদেশে বেশি দিনের জন্য বেড়াতে না যাওয়াই ভালো।
* স্কুল বন্ধ হলে দুপুর পর্যন্ত ঘুমানো নয়। সন্তানের এই আচরণকে দৃঢ়ভাবে পরিবর্তনের চেষ্টা করতে হবে। এতে শরীরের বায়োলজিক্যাল ক্লকটি এলোমেলো হয়ে যায়।
* রাত জেগে খেলা দেখা-টিভি দেখা নিরুৎসাহিত করতে হবে।
* ‘স্কুলে কোনো পড়া হয় না’, ‘শিক্ষকেরা সব কোচিংয়ে ব্যস্ত’, এই ধরনের কথাবার্তা বলে সন্তানের মনকে স্কুলবিমুখ করা থেকে বিরত থাকতে হবে।
শিক্ষকেরা কী করবেন

* ‘অনেক দিন তো ছুটি ছিল, এখন বেশি করে পড়া দিতে হবে’ এমনটা ভেবে হঠাৎ পড়ার চাপ বাড়ানো যাবে না। বেশি দিন বন্ধের পর একটু একটু করে শিশুদের পড়ার দিকে নিয়ে আসতে হয়।
* স্কুলের প্রতি বিতৃষ্ণা তৈরি হয়েছে এমন শিক্ষার্থীকে শারীরিক-মানসিক নির্যাতন করা, তাকে ব্যঙ্গ করা যাবে না।
* শিশুর মধ্যে কেন এ ধরনের সমস্যা হচ্ছে, তা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। প্রয়োজনে শিশুটির সঙ্গে আলাদা করে বা তার মা-বাবার সঙ্গে বা সহকর্মী শিক্ষকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে।
* আমাদের দেশের স্কুলগুলোতে বড় ছুটির আগে ছুটিকালীন আনুপাতিক হারে শিক্ষার্থীদের বাড়ির কাজ দিতে হবে। যাতে তারা ছুটির সময় যথেষ্ট ব্যস্ত থাকে। কোনো কোনো স্কুলে আবার বন্ধের সময় কোনো বাড়ির কাজ দেওয়ার চল নেই। শিশুদের ছুটিকালীন বিশেষ কোনো কাজ দেওয়া যেতে পারে।
* ছুটির পর প্রথম স্কুলের দিনটি যেন প্রত্যেক শিশুর জন্য আনন্দময় হয়, সে জন্য স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা বা পিকনিকের আয়োজন করতে পারে।
* কেবল দীর্ঘ ছুটির পরই নয়, নানা কারণে শিশুদের মধ্যে এই স্কুলের প্রতি বিতৃষ্ণা দেখা দিতে পারে। প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে এই সমস্যা থেকে মুক্ত থাকা যায় আর প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন। শিশুর স্কুলের প্রতিটি দিন হোক আনন্দ-উপভোগের।
আহমেদ হেলাল : সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা।