বজ্রপাতে পুড়ল স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ব্যবসায়ী নুরুল কবিরের (৫০) বুক ভেঙে গেছে। ছেলে শাহাদাত দাখিল (মাধ্যমিক) পরীক্ষায় জিপিএ-৪ দশমিক ৮১ পেয়ে পরিবারে খুশির উপলক্ষ তৈরি করেছিল। তবে সে খুশি স্থায়ী হলো কই? বজ্রপাতে পুড়ে অঙ্গার হয়েছে বুকের ধন। সন্তানের শোকের চেয়ে ভারী আর কী হতে পারে, আর এমন মৃত্যু যেন শোক সইবার শক্তিটুকুও কেড়ে নিল।
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ায় শাহাদাতের বাড়িতে এখন কেবলই শোকের মাতম। অকালে ছেলেকে হারিয়ে নির্বাক শাহাদাতের বাবা নুরুল কবির। মা রেহেনা বেগম (৪৫) বিলাপ করে খুঁজছেন ছেলেকে। ভাইবোন, সহপাঠী কেউই মেনে নিতে পারছে না শাহাদাতের এমন মৃত্যু।
শাহাদাতের পরিবারের সদস্যরা জানান, গত ২৩ মে সন্ধ্যায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদশাহ ঘোনা এলাকায় মাদ্রাসার ছাত্র শাহাদাত তার তিন সহপাঠীসহ আকাশে ঘুড়ি ওড়ানো দেখছিল। কিন্তু হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলে শাহাদাত নিহত হয়। এ সময় তার তিন সহপাঠী মোহাম্মদ মামুন, মিজবাউল হক ও মোহাম্মদ রাসেলও গুরুতর আহত হয়। নিহত শাহাদাত এবার কালারমারছড়া মইনুল ইসলাম আলিম মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিল।
২৯ মে দুপুরে শাহাদাতের বাড়ি গিয়ে দেখা যায় পরিবারের সদস্যরা এখনো শোকের ধকল কাটিয়ে উঠতে পারেননি। ক্ষুদ্র ব্যবসায়ী শাহাদাতের বাবার স্বপ্ন ছিল ছেলে লেখাপড়া করে উচ্চশিক্ষিত হবে। কিন্তু এভাবে সব শেষ হয়ে যাবে তা কে জানত! ছেলের ছবি সামনে নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বারবার এই কথাই বলছিলেন তিনি।
নুরুল কবির বলেন, ‘দাখিল পরীক্ষা শেষে কম্পিউটার শেখার জন্য শাহাদাতকে চট্টগ্রাম শহরে পাঠিয়েছিলাম। কিন্তু পরীক্ষার ফলাফল বের হওয়ার দুদিন আগে সে বাড়িতে চলে আসে। আর পরীক্ষার ফলাফল বের হওয়ার পর, ভালো ফলাফল দেখে আমরা সবাই খুব খুশি হয়েছিলাম। ইচ্ছে ছিল চট্টগ্রামে তাকে ভালো মাদ্রাসায় ভর্তি করিয়ে দেব। এ ঘটনার এক দিন আগে চট্টগ্রাম জামেয়া আহমদিয়া মাদ্রাসার ভর্তি ফরম কেনার জন্য তাকে দুই হাজার টাকাও দিয়েছিলাম। শেষ পর্যন্ত বজ্রপাত সব স্বপ্ন পুড়িয়ে দিল।
শোকের ছায়া নেমে এসেছে শাহাদাতের শিক্ষা প্রতিষ্ঠান কালারমারছড়া মইনুল ইসলাম আলিম মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মধ্যেও। মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ছলিম উল্লাহ বলেন, ‘শাহাদাত একজন মেধাবী ছাত্র। তার অকাল মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারছি না।’