বজ্রপাতে ৪টি ট্রান্সফরমার নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাইয়ে বজ্রপাতে গত ২২ দিনে চারটি ট্রান্সফরমার জ্বলে যায়। ফলে বেশ কয়েকটি এলাকার কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিহীন আবস্থায় আছে।বজ্রপাতে ট্রান্সফরমার জ্বলে যাওয়ার কথা স্বীকার করেছেন লিচুবাগানে অবস্থিত বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মো. মোশাররফ হোসেন।তিনি জানান, ২১ এপ্রিল কাপ্তাই জেটিঘাটে বজ্রপাতে ২৫০ কিলোভোল্টের (কেভি) একটি ট্রান্সফরমার জ্বলে যায়। এর আগে চলতি মাসে বজ্রপাতে চন্দ্রঘোনা রেশম বাগানে ১০০ কিলোভোল্টের, রাজস্থলী বাঙ্গালহালিয়ায় ২০০ কিলোভোল্টের এবং কেংরাছড়িতে ১০০ কিলোভোল্টের ট্রান্সফরমার জ্বলে যায়।ক্ষতিগ্রস্ত এলাকায় পরবর্তী সময়ে বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয় বলেও তিনি জানান।বজ্রপাতে ট্রান্সফরমার জ্বলে যাওয়ায় বিভিন্ন এলাকার প্রায় ২০ হাজার মানুষ অন্ধকারে আছে বলে জানান কাপ্তাই উপজেলার ভাইস চেয়ারম্যান মো. দিলদার হোসেন। সূত্র জানায়, এপ্রিল মাসের বেশির ভাগ সময় কাপ্তাই এলাকার মানুষজন বিদ্যুৎঘাটতির কারণে ভোগান্তিতে ছিল। তবে আবাসিক প্রকৌশলী মোশাররফ হোসেন দাবি করেন, বজ্রপাতের সময় কয়েকটি এলাকায় সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে পরবর্তী সময়ে সরবরাহ স্বাভাবিক হয়। তিনি বলেন, ‘যেসব এলাকায় ট্রান্সফরমার জ্বলে যায়, সেখানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগে।’