বজ্রমানিক দিয়ে গাঁথা
শরতের আকাশে মেঘের ঘনঘটা, আর এমন সন্ধ্যায় গানে গানে বর্ষাকে বিদায় দিয়ে স্বাগত জানানো হলো শরৎকে। ৫ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরের থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে ফুলকি পরিচালিত সাংস্কৃতিক বিদ্যালয় সোনারতরীর সংগীত বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় ‘বজ্রমানিক দিয়ে গাঁথা’ শিরোনামে অনুষ্ঠিত হলো ঋতুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজনের শুরুতে ছিল ‘তারানা’ শিরোনামে কত্থক নৃত্যের পরিবেশনা। এতে সাতজন খুদে নৃত্যশিল্পী অংশ নেয়। এরপর ‘ওই আসে ওই অতি’ গানটি সমাবেতভাবে পরিবেশন করে শিল্পীরা।
সমাবেত সংগীতের পর সোনারতরীর নবীন শিল্পীরা একে একে শোনালো ‘এসো নিপোবনে’, ‘এসো হে সজল ঘন’, ‘কদম্বেরও কাননও ঘেরি’, ‘আজ রঙিন মেঘের সুর’, ‘গানের পালা শেষ করে দে’সহ ২৫টি একক ও দলীয় গান।
সংগীত পরিবেশনায় অংশ নেয় মধুমন্তী দাশ, নীলময়ূরী চৌধুরী, অধরা মাধুরী, রুশমিলা ইসলাম, অনুরাগ দেব, সেঁজুতি সোমা, তাহমিদ ইসলাম, তামজিব ইসলাম, রুশদিয়া হোসাইন, প্রদীপ্তা সেনগুপ্তাসহ বেশ কয়েকজন খুদে শিল্পী। অনুষ্ঠানে ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ শিরোনামের কবিতাটি আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী মুবিদুর রহমান। শেষে ‘শরৎ তোমার অরুণ আলোর’ গেয়ে নতুন ঋতুকে স্বাগত জানায় সোনারতরীর শিল্পীরা। এতে সংগীত পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফুলকির অধ্যক্ষ ও সংগীত শিক্ষক শীলা মোমেন। তবলায় সাহায্য করেন অসীম দাশ ও মন্দিরায় ছিলেন বিদ্যুৎ সাহা।