বঞ্চনার শিকার হচ্ছেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাক কারখানার নারী শ্রমিকেরা নানা বৈষম্যের শিকার হন ষ ছবি: প্রথম আলো
পোশাক কারখানার নারী শ্রমিকেরা নানা বৈষম্যের শিকার হন ষ ছবি: প্রথম আলো

রওশন আরা (২০) একটি পোশাক কারখানায় কাজ করছেন দেড় বছর ধরে। ওভারটাইমসহ সাকল্যে বেতন পান চার হাজার ৫০০ টাকা। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মঘণ্টা হিসেবে ধরা হয়। আট ঘণ্টার বেশি কাজ করলে তা ওভারটাইম হিসেবে ধরা হয়। প্রতিদিন তিনি দুই ঘণ্টা ওভারটাইম করেন। কিন্তু এই ওভারটাইমের হিসাব কীভাবে করা হয়, তা জানেন না তিনি। এ ব্যাপারে ইনচার্জের সঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন, ‘এত হিসাব দিয়ে তোমার দরকার কী। যা বেতন পাও, তা নিয়েই খুশি থাকো।’
মুনিরা (২৩) একটি পোশাক কারখানায় কাজ করেছেন প্রায় দুই বছর। অন্তঃসত্ত্বা অবস্থায় একদিন তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। কয়েকবার ছুটি চাইলেও মেলেনি। কিন্তু মাস শেষ না করলে বেতন পাবেন না বলে কষ্ট করে কাজ চালিয়ে যান। এরপর তিনি চাকরি ছেড়ে চলে আসেন।
আসমা (১৯) রাজধানীর মিরপুরের একটি পোশাক কারখানায় কাজ নেওয়ার পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। মাতৃত্বকালীন ছুটি চাইতে গেলে তাঁকে জানানো হয়, ছুটি দেওয়া সম্ভব নয়। পরে বাধ্য হয়ে কাজ ছেড়ে দেন আসমা।
রওশন আরা, মুনিরা ও আসমার মতো এ রকম বহু নারী পোশাকশ্রমিক প্রতিনিয়িত বঞ্চনা আর নির্যাতনের শিকার হচ্ছেন। কিন্তু এর যেন কোনো প্রতিকার নেই।
মিরপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন জেসমিন (২০)। তিনি বলেন, ‘আমি যখন গার্মেন্টসে চাকরি লই, তখন আমার লগে অনেক ব্যাডালোকও চাকরি লয়। তারা এখন আমগো চেয়ে বেশি বেতন পায়। আমরা মাইয়্যারা পাই আড়াই আজার টাকা। আর ব্যাডারা পায় তিন হাজার টাকার উপরে। ব্যাডাদের ওভাইরটাইমও বেশি। আমরা পাই ঘণ্টায় ১৯ টাকা। আর ব্যাডারা পায় ৩০ টাকা। এইডা কি ঠিক হইল?’
বেতনবৈষম্য ছাড়াও পোশাক কারখানায় কর্মরত নারীরা নানা ধরনের হয়রানিরও শিকার হন।

সালমার (১৮) পোশাক কারখানায় চাকরির বয়স দুই বছর এক মাস। কিন্তু এ পর্যন্ত তাঁকে তিনটি প্রতিষ্ঠান বদলাতে হয়েছে। এর পেছনের কারণ হিসেবে সালমা বলেন, ‘এট্টা গার্মিচে কিছুদিন কাজ করার পরেই ইনচার্জ স্যারে ডিস্টার্ব করা শুরু করে। এ ছাড়া যারা আমার সাথে কাজ করে, তারাও ত্যক্ত করে।’ সম্ভ্রম বাঁচিয়ে কাজ করার জন্য কয়েক মাস পর পর প্রতিষ্ঠান বদলানোর কৌশল নিয়েছেন সালমা।

এ ছাড়া অনেক পোশাক কারখানায় নির্ধারিত সময় বেতন দেয় না বলে অনেক পোশাকশ্রমিক অভিযোগ করেন। সে ক্ষেত্রে চাইলেও অনেকে চাকরি ছেড়ে আসতে পারেন না। কারণ, ১৮ বছরের বেশি বয়স যাঁদের, তাঁদের জাতীয় পরিচয়পত্র আর এর নিচে যারা, তাদের জন্ম নিবন্ধনের মূল সনদ জমা রাখতে হয়। হঠাৎ শরীর খারাপ হলে ছুটি মেলে না। মাতৃত্বকালীন ছুটিও দেয় না সব পোশাক কারখানা। এ ব্যাপারে পোশাকশিল্প-মালিকদের সংগঠন বিজিএমইএ বলেছে, মাতৃত্বকালীন ছুটি ২৪ সপ্তাহ করা হলে তা জন্মনিয়ন্ত্রণের পরিবর্তে জন্মহার বাড়ানোকে উৎসাহী করবে। এ সুবিধা পাওয়ার পর কর্মীদের চাকরিতে ফিরে না আসার প্রবণতাও বাড়বে। দীর্ঘ অনুপস্থিতিতে শ্রমিকের দক্ষতা হ্রাস পাবে।

আমাদের দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে পোশাকশিল্প। এই পোশাকশিল্পে বেশির ভাগ কর্মী হলেন নারী। অথচ নারীরাই এখানে সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছেন। পোশাকশিল্প ছাড়াও দেশের আরও বিভিন্ন প্রতিষ্ঠানে নারীরা কাজ করছেন। সেখানেও তাঁরা বৈষম্যের শিকার হচ্ছেন। বেশির ভাগ বেসরকারি প্রতিষ্ঠানে ছয় মাস মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় না। অধিকাংশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটি বড়জোর দুই মাস দেওয়া হয়। কোথাও কোথাও চার মাস ছুটি দেওয়া হলেও বেতন দেওয়া হয় না। রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। এ ছাড়া বেসরকারি কলেজ ও মেডিকেল কলেজে কর্মরত নারী কর্মীরা মাতৃত্বকালীন ছুটি ছয় মাস পান না। বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় এত দিন মাতৃত্বকালীন ছুটি ছয় মাস দেওয়া হতো না। তবে গত জুলাই মাসে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত নারীকর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস কার্যকর করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।