বটতলায় রসনাবিলাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথের দুই ধারে শিশুগাছের সারি। পুবালি হাওয়ায় কাঁপছে গাছের পাতা। পাশের ঝোপে ঝিঁঝিঁর শব্দ, আর দু-একটা জোনাকির নাচানাচি। আঁধারঘেরা পথটা মাড়িয়ে যখন বটতলায় পৌঁছালাম, তখন মনে হলো—নাহ্, এখানে রাত বেশি হয়নি। ধোঁয়া তোলা আগুন-গরম চা হাতে যখন বসলাম, হাফিজ মামার দোকানে কে যেন ডেকে উঠল, ‘আরে, তোরা? এদিকে চলে আয়।’ প্রতীক, শাওন, সাকীব, মিথুনের সঙ্গে চলল প্রায় রাত ১২টা পর্যন্ত আড্ডা। নাহ্, এবার তো হাফিজ মামাকে ছুটি দেওয়া চাই। রাত ১২টার পর বটতলা হয়ে পড়ে কিছুটা নিশ্চুপ। আমরা যখন হলের দিকে এগোচ্ছিলাম, তখন ঠায় দাঁড়িয়ে বটবৃক্ষ। ঘুমানোর কোনো চিহ্ন পেলাম না তার মাঝে। তখনো কাঁপছে তার শাখা, বুঝি বা রাতজাগা পাখিদের সঙ্গে এর মধ্যে জমিয়ে ফেলেছে গল্প। এই হলো আমাদের বটতলার রাতের ছবি।বটতলার ভোরের ছবি আরও বেশি চমৎকার। চায়ের কাপে চামচের টুংটাং শব্দে আটটার মধ্যেই লোকারণ্যে পরিণত হয় বটতলা। সকালের নাশতা পরোটা, ডিমভাজি খায় মুন্না। রাফি আবার বেশ স্বাস্থ্যসচেতন। তাই রুটি আর ভাজি দিয়েই সারে তার নাশতা। অবশ্য স্বাস্থ্যসচেতন না হয়ে কি আর উপায় আছে! প্রতীক তো সারা দিনই লেগে থাকে পিছু পিছু। ‘মোটা হইতে হইতে তো আর জায়গা রাখলি নারে, রাফি।’ বলে উঠল মুন্না। বেচারা রাফি পছন্দের ডিমভাজা রেখে সবজি খাচ্ছে, তাও শুনতে হয় কথা। এরপর চলে চা-পর্ব। নাশতা শেষে ক্লাসের দিকে এগোল সবাই। বেলা ১১টার দিকে কিছুটা অবসর মেলে। সবাই ক্লাসে চলে গেলেও ক্লাস ফাঁকি দেওয়া দুষ্টু ছেলেদের দলে মাঝেমধ্যেই দেখা মেলে নাদিম, তৌহিদা, আদিবা, প্রমা আর অনিকে। পাভেল, রুমি, কণা, মিমি, মিল্টনরা প্রায়ই ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা মারে বটতলায়। কেউ আবার উদাস দুপুরে ধূমায়িত চায়ের কাপের সামনে যায় হারিয়ে। চা কখন যে ঠান্ডা শরবত হয়ে ওঠে, তা টেরও পায় না। ইমনের মতে, দিপ্ত এমনই এক আঁতেল। বন্ধুদের আড্ডায় প্রায়ই কোথায় যেন হারিয়ে যায় সে।দুপুরের দিকে বটতলায় যাওয়ার পথটা বেশ ছায়াময়। রাস্তার দুপাশে শিশুগাছগুলো পরম স্নেহে ছায়া বিলিয়ে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগরে আসা বন্ধু রনিকে অবশ্য বটগাছটার বয়স কত, তা বলতে পারেনি আরিফ। তবে যেতে যেতে বলে যাচ্ছিল, রাস্তা থেকে একটু ওপরে বটগাছটা কিন্তু বেশ বিস্তৃত। গাছের সামনের রাস্তাটা পূর্ব থেকে পশ্চিমে চলে গেছে।এই রাস্তার দুধারে টিনের ছাউনি আর চটের বেড়ার এই হচ্ছে আমাদের রোজকার আখড়া। মিমি, সুজা, রনি এরই মধ্যে ঢুকে পড়েছে একটি ছাউনিতে। বেলা তো আর কম হলো না। খিদেয় পেট চোঁ-চোঁ করছে তাদের। নুরু মামা এর মধ্যে ভর্তা, ভাজি দিয়ে টেবিলটা সাজিয়ে ফেলেছেন। আলুভর্তা, ডালভর্তা, শুঁটকিভর্তা আর নানা রকম শাক দেখে জিভে জল আসার জোগাড় মিমির। ‘মেয়েরা তো আবার ভর্তাটর্তা একটু বেশি পছন্দ করে, তাই না মিমি?’ বলল সুজা। রনির পছন্দের বেগুনভাজা এর মধ্যে চলে এসেছে। আরিফ নিল মুরগি আর ডাল। দুলি, আপেল, তারেক, রহমানেরা ক্লাসের ফাঁকে দুপুরের খাবারটা সারতে এসে ঢুকল পাশের ছাউনিতে। গেরুয়া গ্রামের মনি খালা তাদের দেখে একটা হাসি দিয়ে আদর করে টেবিলটা দিলেন মুছে। সময় বেশি নেই, গপাগপ গিলে আবার ছুটল ক্লাসে।বিকেলের দিকে বটতলা দিয়ে যাওয়ার পথে শাহীনের কানে এল ‘পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।/ ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।...’ গানটি।দেখল, কয়েকজন বড় আপু, ভাই একসঙ্গে জমিয়েছে আড্ডা। প্রায় চার বছর আগেই শেষ হয়ে গেছে এই ছোট দলটির বিশ্ববিদ্যালয়-জীবন। এখন বিভিন্ন জায়গায় কর্মরত আছে তারা। সময় আর সুযোগ পেলে একসঙ্গে চলে আসে সোনালি স্মৃতি কুড়োতে। বটতলায় আড্ডা জমায় তারা। ছোট দলটির চঞ্চল মেয়ে তিথি আজও আগের মতোই আছে, একদম বদলায়নি। বলল, ওই দলের সাকিব।বটতলায় বিকেলের নাশতাটাও কিন্তু মন্দ না। পেঁয়াজু, বেগুনি, শিঙাড়া, সমুচা পাওয়া যায় সারা বছর। তবে শিতের পিঠা খেতে হলে শীতেই আসতে হবে। ছোলাবুটটাও বেশ মজার। বঙ্গবন্ধু আর ভাসানী হলের বন্ধুদের বিকেলের নাশতাটা এখানেই বেশি হয়। নাশতার সঙ্গে দেশের রাজনীতি-অর্থনীতি-দুর্নীতি নিয়ে চলে তর্কবিতর্ক। সুমন মামার চায়ের দোকানটা তখন বেশ গরম হয়ে ওঠে। রকি, তপু, শাওনের টিউশনি শেষে হলে ফিরতে ফিরতে আটটা-নয়টা বেজে যায়। যাওয়ার পথে মাছ, ভাজি, ভর্তা, ডাল দিয়ে রাতের খাবারটা এখানেই সারে তারা।তারপর আড্ডাবাজি করতে করতে বেজে যায় ১২টা। ধীরে ধীরে সেদিনের জন্য বিদায় জানিয়ে হলের দিক এগোয় তারা।এভাবেই একেক দিন করে বয়স বাড়ে বটগাছটার। ফুরিয়ে যায় তিথি ও সাকিবের মতো অনেকেরই বিশ্ববিদ্যালয়-জীবন।