বড় দুর্নীতির বিচার না হলে ছোট দুর্নীতি উৎসাহিত হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, বড় দুর্নীতির বিচার না হলে ছোট দুর্নীতি উৎসাহিত হয়। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থেকে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে। দুর্নীতির তথ্য প্রকাশকারীদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের।
গত মঙ্গলবার দুপুরে কক্সবাজারের জেলা প্রশাসন সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি মুখ্য আলোচকের বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের ৬১ শতাংশ মানুষ দুর্নীতির শিকার। অর্থ পাচারের মাধ্যমে এ দেশের দুর্নীতি অন্য দেশে রপ্তানি হচ্ছে। বেশি অর্থ পাচার হচ্ছে বাংলাদেশ থেকেই।
সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ।
ইফতেখারুজ্জামান বলেন, ‘সরকারি-বেসরকারি সব খাতেই দুর্নীতি হচ্ছে। অনেক সময় আমরা দুর্নীতি মেনে নিতে বাধ্য হচ্ছি। দুর্নীতির কারণে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। তাই দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনতে হবে।’
মোহাম্মদ ইলিয়াছ বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সোবাহনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সনাকের সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী, সহসভাপতি নাছিমা আকতার, মাঈন উদ্দিন প্রমুখ।