বড় হয়ে দঁাড়িয়েছে লজ্জাজনিত অসহনীয় মানসিক কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক মেহতাব খানম
অধ্যাপক মেহতাব খানম

সমস্যা
অভাব-অনটনের মধ্যে আমি বড় হয়েছি। একটা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে এখন চাকরি খুঁজছি। কিছুদিন আগে আমার কিছু টাকার ভীষণ দরকার পড়ে। কোনোভাবেই যখন জোগাড় করতে পারছিলাম না, তখন একরকম নিরুপায় হয়েই আমার এক শ্রদ্ধেয় শিক্ষকের কাছে কিছু টাকা ধার চেয়ে মুঠোফোনে বার্তা পাঠাই। আমার আর্থিক সংকটের কথা জানলেও তিনি কোনো উত্তর দেননি। ফলে অভাব-অনটনের কষ্টের চেয়ে বড় হয়ে দঁাড়িয়েছে লজ্জাজনিত অসহনীয় মানসিক কষ্ট, যা আমাকে প্রতিনিয়ত কাঁদাচ্ছে এবং মানসিকভাবে আরও সংকুচিত করেছে। এ অবস্থায় বারবার মনে হচ্ছে, এমনটি কেন করলাম। আচ্ছা, আমার কি অপরাধ হয়েছে? তিনি কি আমাকে ভুল বুঝলেন?
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
তোমার অসহায় অবস্থার কথা বুঝতে পারছি। কতটা নিরুপায় হয়ে তুমি তোমার শিক্ষকের কাছে টাকা চেয়েছিলে, তা খুব স্পষ্ট। জীবনের কোনো কোনো পর্যায়ে এসে আমরা এমন কিছু পরিস্থিতিতে পড়ি, যখন মন না চাইলেও বাধ্য হয়ে কোনো পদক্ষেপ নিতে হয়। যেহেতু শিক্ষক তোমার আর্থিক অবস্থান ভালোভাবে জানেন, তুমি হয়তো অনেক আস্থা নিয়েই তঁার কাছে বার্তাটি পাঠিয়েছিলে। আমি বলব, তুমি কোনো অপরাধ বা ভুল করোনি। শিক্ষকের যা করা উচিত ছিল তা হচ্ছে, তোমাকে খুব পরিষ্কারভাবে বলা, তঁার পক্ষে কী কারণে তোমাকে সহায়তা করা সম্ভব হচ্ছে না। তিনি হয়তো অনেক পুঁথিগত শিক্ষা অর্জন করেছেন, শিক্ষক হিসেবেও যথেষ্ট সুনাম অর্জন করেছেন। তবে তাঁর সামাজিক দক্ষতার কিছুটা অভাব রয়েছে বলে মনে হয়। তুমি যাতে মনে কষ্ট না পাও, সেভাবে তঁার অসুবিধার কথাগুলো তোমাকে সরাসরি জানালে তোমার এখন যে কষ্ট হচ্ছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে, এই নেতিবাচক আবেগগুলো মোকাবিলা করতে হতো না। আমাদের প্রত্যেকেরই অধিকার রয়েছে কাছের মানুষদের কাছে কোনো সাহায্য প্রার্থনা করার এবং একই সঙ্গে সেই মানুষগুলোরও পুরোপুরি অধিকার রয়েছে ‘হ্যঁা’ কিংবা ‘না’ বলার। এতে কেউ কারও কাছে ছোট হয়ে যায় না। তিনি তোমাকে ভুল বুঝেছেন কি না, এই প্রশ্নটির উত্তর পাওয়া যেহেতু সম্ভব নয়, তাই নিজেকে এই চিন্তা থেকে সরিয়ে এনে ভাবো যে তুমি আর নিজেকে কষ্ট দেবে না। মনে করো যে এ ক্ষেত্রে শিক্ষকই বরং ভুল করেছেন সঠিকভাবে তাঁর কথাগুলো না বলে। এত প্রতিকূলতার ভেতরে থেকেও বিশ্ববিদ্যালয় থেকে যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছ, সে জন্য নিজেকে অবশ্যই সম্মান করতে পারো এবং ভালোবাসতে পারো। চাকরি পেলে শিক্ষককেও জানাতে পারো তুমি এখন খুব ভালো আছ এবং তিনি যেন তোমাকে আশীর্বাদ করেন। হয়তো বা তখন তিনি উত্তর দেবেন এবং তোমাকে উৎসাহ দিয়ে ভালো কিছু লিখতেও পারেন। তাতে তোমার মনের এই বিশেষ কষ্টের জায়গাটি অনেক স্বস্তি পেতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.