বদনামকেন্দ্রিক বিজ্ঞাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো কিছু প্রতিষ্ঠানের বেশ কিছু বদনাম রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর পক্ষে সম্ভব নয় এই বদনামগুলো অস্বীকার করা। না, অস্বীকার করে নয়, বরং বদনামগুলো স্বীকার করেই যদি এরা বিজ্ঞাপন দেয়, তাহলে সেই বিজ্ঞাপনগুলো কেমন হতে পারে, আসুন, দেখে নিই। দেখাচ্ছেন ইকবাল খন্দকারআবহাওয়া অফিসবদনামসমূহ: রোদ উঠবে বললে বৃষ্টি নামে, বৃষ্টি নামবে বললে রোদ ওঠে।বিজ্ঞাপন: শেষ কবে বৃষ্টিতে ভিজেছেন আপনি? নিশ্চয়ই বহুদিন আগে। আর সে জন্যই হয়তো ভুলে গেছেন বৃষ্টিতে ধুয়ে শুদ্ধ হওয়ার প্রক্রিয়া। এখন বৃষ্টিতে ভিজতে চান না সর্দি লাগার ভয়ে। তাই বৃষ্টি আসতে পারে—এই সন্দেহ মনে দানা বাঁধলেই ছাতা নিয়ে বাইরে বের হন। কিন্তু না, আমরা চাই আপনি এখনো বৃষ্টিতে ভেজেন। শুদ্ধ করুন নিজেকে, পরিষ্কার করুন পোশাক-আশাক। তাই আমরা বৃষ্টি নামার সম্ভাবনা দেখলেও বলি রোদ উঠবে, যাতে আপনি ছাতা না নিয়েই বের হন এবং রাস্তায় গেলেই ভিজে জবজবা হন। অতএব, আবহাওয়া বার্তা তাৎক্ষণিকভাবে বুঝতে সক্ষম না হলেও আবহাওয়া অফিসের সঙ্গেই থাকুন। আবহাওয়া অফিসের সুনাম করুন।বাংলাদেশ রেলওয়েবদনামসমূহ: নয়টার ট্রেন পরের দিন নয়টায় আসে, গতি অতি মন্থর, যখন-তখন লাইনচ্যুত হয়ে বেলাইনে।বিজ্ঞাপন: চার দেয়ালে আর কত বন্দী থাকবেন? মাঝেমধ্যে এমন স্থানে অবস্থান করুন, যেখানে কোনো দেয়ালই নেই। বলছিলাম রেলস্টেশনের কথা। ট্রেন যত দেরিতে আসবে, তত বেশি সময় আপনি অবস্থান করবেন দেয়ালহীন স্থান তথা রেলস্টেশনে। বাহ্, কত স্বাধীনতা। আর ট্রেনে ওঠার পর ট্রেনের গতি মন্থর হলে ক্ষতি তো নেই-ই, আছে কেবল লাভ। কারণ, গন্তব্যে পৌঁছার পর আপনি ঘুমানোর ভালো জায়গা না-ও পেতে পারেন। অথচ ট্রেনে যত বেশি সময় থাকবেন, ঘুম ততই গভীর হবে। লাইনচ্যুত হওয়া নিয়ে আশঙ্কা? আশঙ্কা না করে বিষয়টাকে এনজয় করুন। কারণ, লাইন ছেড়ে বেলাইনে যাওয়ার মধ্যে মজা আছে। অতএব ট্রেনে চড়ুন, ট্রেনের প্রশংসায় পঞ্চমুখ হোন।ডাক বিভাগবদনাম: কচ্ছপগতির কারণে দাদার চিঠি নাতির পাওয়া।বিজ্ঞাপন: এমন অনেক প্রাণী আছে, যেগুলো দিন দিন কমে আসছে। এমন একদিন হয়তো আসবে, যেদিন সারা দেশে একটা কচ্ছপও পাওয়া যাবে না। ফলে সেই প্রজন্ম চিনবেই না কচ্ছপ কী জিনিস। এর পরের প্রজন্ম হয়তো কচ্ছপের নামও শুনবে না। কিন্তু এই ডাক বিভাগই পারে কচ্ছপের নাম টিকিয়ে রাখতে। কারণ, ডাক বিভাগের নাম এলে কচ্ছপের নাম উচ্চারিত হবেই। প্রতিটি উত্তরসূরিই চায় তাদের কাছে পূর্বসূরির কোনো-না কোনো স্মৃতি থাকুক। ডাক বিভাগ বরাবরই সেই ব্যবস্থা করে দিচ্ছে। কারণ, বিলম্বে পৌঁছার কারণে দাদার চিঠি পাচ্ছে নাতি। তার মানে, নাতির কাছে থেকে যাচ্ছে দাদার স্মৃতি। অতএব, সবকিছু বিবেচনা করে ডাক বিভাগের সঙ্গে থেকে খাম কিনুন, আর চিঠি লিখুন।ওয়াসাবদনামসমূহ: যখন-তখন পানি অফ, পানিতে ব্যাঙ ও অন্যান্য পোকামাকড়ের সহাবস্থান।বিজ্ঞাপন: পানির অপর নাম জীবন। অতএব, বুঝতেই পারছেন, পানি কী পরিমাণ মূল্যবান। কোনো জিনিস যখন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, তখন বিশ্বাস হতে চায় না জিনিসটা মূল্যবান। পানি যে মূল্যবান, এটা আপনাকে বোঝানোর জন্যই যখন-তখন পানি অফ করে নেওয়া হয়। যে পানিতে বিষাক্ত কোনো পদার্থ থাকে, সে পানিতে কখনোই কোনো জীবিত প্রাণী বসবাস করতে পারে না। অথচ ওয়াসার পানিতে ব্যাঙ ও পোকামাকড় বসবাস করে। তার মানে ওয়াসার পানিতে বিষাক্ত কোনো পদার্থ নেই। অতএব, ওয়াসার সাফাই গান, পেট ভরে ওয়াসার পানি খান। যতক্ষণ না আবার পানির সাপ্লাই বন্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ ঢকঢক করে খেতেই থাকুন।টিঅ্যান্ডটিবদনামসমূহ: বড় সাইজের রিসিভার, এসএমএস পাঠানোর অক্ষমতা, কুৎকুৎ করে লাইন কাটিং।বিজ্ঞাপন: আপনি কি আপনার স্বামীকে একদমই ঘরমুখো করতে পারছেন না? তাঁর হাতে ধরিয়ে দিন টিঅ্যান্ডটি ফোনের বড় সাইজের রিসিভার। তিনি এটা পকেটে নিয়ে বাইরে যেতে না পেরে ঘরে বসে কথা বলতে বাধ্য হবে, ঘরে থাকতে বাধ্য হবেন। মুঠোফোন রিসিভ না করলে অনেকেই এসএমএস করে ঝাড়ি বা হুমকি দেয়। পরবর্তী সময়ে এই এসএমএসগুলো কাল হয়ে দাঁড়ায়। টিঅ্যান্ডটিতে এসএমএস-সুবিধা না থাকায় আপনি এসএমএসও করতে পারছেন না, ঝামেলায়ও পড়তে হচ্ছে না। কুৎকুৎ লাইন কাটিং? সব কথা ফোনে বলে ফেললে মানুষ যান্ত্রিক হয়ে যায়। প্রিয়জনের সঙ্গে আর দেখা করতে চায় না। আমরা চাই, আপনি যেন যন্ত্র না হন। অতএব, টিঅ্যান্ডটিকে ভালোবাসুন, একবারে নম্বর না ঢুকলে পাঁচবার ট্রাই করুন।