বদলায়নি সিয়াওবোর ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একে একে কেটে গেছে ১২টি মাস। সময়ের সঙ্গে পরিবর্তন ঘটেছে অনেক কিছুরই। শান্তিসহ অন্যান্য ক্ষেত্রে নতুন নোবেল বিজয়ীদের নাম ঘোষিত হয়েছে। কিন্তু পরিবর্তনের ছোঁয়া লাগেনি লিউ সিয়াওবোর জীবনে। গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া এই চীনা ভিন্নমতাবলম্বীর অবস্থার বদল হয়নি। লিউ সিয়াওবো রয়েছেন ঠিক সেখানেই, গত বছরের অক্টোবর মাসে নোবেল কমিটি তাঁর নাম ঘোষণার সময় যেখানে ছিলেন তিনি; কারাপ্রকোষ্ঠের অন্ধকারে।৫৫ বছর বয়সী লেখক, অধ্যাপক ও মানবাধিকারকর্মী লিউ সিয়াওবোর বিরুদ্ধে চীনা সরকারের অভিযোগ—তিনি রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে ধ্বংসত্মক কর্মকাণ্ডে উসকানি দিয়েছেন। এ জন্য ১১ বছরের জেল খাটছেন তিনি। যাঁরা ভেবেছিলেন নোবেল পুরস্কারপ্রাপ্তি সিয়াওবোর সাজার ওপর কোনো প্রভাব ফেলবে, তাঁরা যে একেবারেই ভুল করেছিলেন তা ইতিমধ্যেই প্রমাণিত। লিউ সিয়াওবোর স্ত্রী লিউ সিয়াকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে। আর সিয়াওবোর অনুসারীরা হয়েছে সরকারের লক্ষ্যবস্তু। তাঁদের ওপর চালানো হয়েছে ধরপাকড় আর নির্যাতন।তবে এর মানে এই নয় যে, চীনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিতর্ক থেমে গেছে। সিয়াওবোর নোবেল পুরস্কার পাওয়া এবং পরবর্তী সময়ে ‘আরব বসন্ত’ নামে পরিচিত হওয়া গণজাগরণ আন্দোলিত করেছে চীনাদের। বিষয়টি চীনের রাজনৈতিক ব্যবস্থার ওপর নতুন করে দৃষ্টি নিবদ্ধ করেছে। এমনকি শাসকদলের বড় বড় নেতাদের মধ্যেও তা ঘটেছে।নোবেল পুরস্কার পাওয়ার আগ পর্যন্ত দেশের ভেতর-বাইরে তুলনামূলকভাবে অপরিচিত মুখ ছিলেন। তবে রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে ওই প্রস্তাব এবং সরকারের কঠোর শাস্তি রাতারাতিই তাঁকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তোলে। আর এমন এক সময়ই ঘটনাটা ঘটে যখন নোবেল শান্তি পুরস্কার কমিটি চীন সরকারের বিরুদ্ধে সোচ্চার এমন কাউকে খুঁজছিলেন। লিউ সিয়াওবোর নোবেল পুরস্কার জয়ের পরপরই তাঁর স্ত্রী লিউ সিয়া স্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন উত্তর-পূর্ব চীনের জিনঝু কারাগারে। কারাগারে গিয়ে স্বামীকে তিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ার কথা জানান। কারাগার থেকে ফিরে এসে নোবেল কমিটিকে লিউ সিয়া বলেন, খবর শুনে সিয়াওবো খুব খুশি হয়েছেন।লিউ সিয়াওবোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার আগ পর্যন্ত মোটামুটি সবকিছুই ঠিকঠাক চলছিল। স্ত্রী লিউ সিয়া নিয়মিত তাঁকে কারাগারে দেখতে যেতেন। কারাগারে সিয়াওবোর সময় কাটত বই পড়ে আর স্ত্রীর কাছে চিঠি লিখে।তবে নোবেল পুরস্কার ঘোষণার পর দৃশ্যপট পাল্টে যায়। লিউ সিয়ার জনসমক্ষে আসা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। তাঁর বেইজিংয়ের বাড়িতে বাইরের লোকের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। বাড়িতে মোতায়েন করা হয় নিরাপত্তা কর্মকর্তাদের। লিউ সিয়ার গৃহবন্দিত্বের ব্যাপারে চলতি বছরের শুরুর দিকে প্রশ্ন তোলে জোরপূর্বক বন্দিত্ববিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ। সে সময় চীনা কর্তৃপক্ষ স্বীকার করেন লিউ সিয়ার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। এর অর্থ দাঁড়ায় তিনি বিনা বিচারে গৃহবন্দী রয়েছেন। পাশাপাশি চীনের ভিন্নমতাবলম্বী অন্যান্য মানবাধিকারকর্মী, ব্লগার এবং আইনজীবীর জীবনও আরও দুর্বিষহ হয়ে উঠেছে গত ১২ মাসে। মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার রাজনীতির টালমাটাল অবস্থা চীনা নেতাদেরও ঘুম হারাম করে দিয়েছে। তাঁদের ভয়, ওই আন্দোলনের ঢেউ এসে আছড়ে পড়তে পারে চীনেও। দাবি উঠতে পারে চীনা কমিউনিস্ট পার্টির একদলীয় শাসন অবসানের। অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে, দেশের কোথাও এ রকম কোনো কিছুর নাম-গন্ধ পেলেও শুরু করে দেওয়া হচ্ছে ধরপাকড়।নোবেল কমিটি বলেছে তাঁরা লিউ সিয়াওবোর হাতে পুরস্কারের ১৫ লাখ মার্কিন ডলার ও পদক তুলে দেওয়ার অপেক্ষায়আছে। অবশ্য যদি আদৌ পুরস্কারটি তাঁকে দেওয়া যায়। তবে কমিটির স্থায়ী সচিব লুন্ডেস্টাড বলেছেন, তাঁরা ধৈর্য ধরেই অপেক্ষা করবেন। হারুন-অর-রশীদ, তথ্যসূত্র: বিবিসি অনলাইন।