বদলে গেছে মিরপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র দুই মাস আগেও ঢাকার মিরপুর যেমনটি ছিল, এখন আর তেমন নেই।মনে প্রশ্ন আসতে পারে, সবই তো আগের মতো আছে। আগের মতোই গাড়িঘোড়া চলছে। দোকানপাট সবই আছে। পোশাকশিল্পে কাজ শেষে দলে দলে মানুষ বাড়ি ফিরছে।কিন্তু এর মধ্যেও সবকিছুতে এসেছে বৈচিত্র্য। বদলে গেছে চারদিকের আবহ। লেগেছে নতুন রং। বিশ্বকাপের রং।মিরপুর ৬ নম্বরে রাস্তার ধার দিয়ে একটু এগোলেই শেরেবাংলা স্টেডিয়ামের মূল ফটকের যে রাস্তাটি ছিল একটু সরু, এখন সেটি হয়েছে দ্বিমুখী রাস্তা। এই রাস্তার দুই পাশে কিছুদিন আগেও ফুটপাত বলে কিছু ছিল কি না, স্থানীয় মানুষজন মনে করতে পারে না। কিন্তু এখন, রাস্তার দুপাশেই প্রশস্ত ফুটপাত।৬ থেকে ১০ নম্বর পর্যন্ত প্রতিটি রাস্তা আর এর অলিগলিতে হঠাৎ করে কেউ গেলে একটু দ্বিধায় পড়ে যেতে পারেন। অবৈধ সব স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে। ফলে পুরো জায়গাটি এখন নতুনভাবে সবার কাছে পরিচিতি পাচ্ছে।বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের একদিন আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সৌন্দর্য দেখতে হাজার হাজার মানুষ উপস্থিত হন। আইয়ুব আলী থাকেন স্টেডিয়ামের উল্টো দিকের বাড়িতে। বললেন, ‘ঢাকায় আছি ৩০ বছর হলো। এমন উৎ সব আর এমন চাকচিক্যের মিরপুরে আগে কোনো দিন দেখিনি। এই যে দেখেন রাস্তাটা, এমন রাস্তা তো আমরা স্বপ্নেও ভাবিনি। এখন যে ফুটপাত হয়েছে, খুব আরামেই সকালবেলা চলাফেরা করতে পারছি। স্টেডিয়াম চত্বর থেকে বেরোতেই দেখা গেল, আশপাশে ছোট ছোট যে চায়ের দোকান ছিল, সেগুলো ঘষেমেজে বেশ বড় খাবারের দোকানে রূপ দেওয়া হয়েছে। বড় বড় বিলবোর্ড টাঙানো হয়েছে। আর বিভিন্ন ফ্যাশন হাউসের শাখা আরও আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে।দিনের বেলা স্টেডিয়াম চত্বরে এই দেখা গেল। বিকেল হতেই যেন এর রং বদলাতে থাকল। মানুষের আনাগোনা বেড়ে গেছে। কোনো গাড়িঘোড়া চলছে না। ১০ নম্বর গোল চত্বরে আসতেই দেখা গেল এক নতুন দৃশ্য। ১০ নম্বরের পাশ দিয়ে একটি নতুন রাস্তা বের করা হয়েছে। এও কি সম্ভব?সবুজ ইলেকট্রনিকের এক কর্মচারী জানালেন, প্রায় সাত বছর থেকে এখানে তিনি আছেন। ১০ নম্বরের পাশ দিয়ে যে আর একটি নতুন রাস্তা আছে, সেটি কারও জানা ছিল না। কিন্তু এবার সব অবৈধ স্থাপনা ভেঙে নতুন রাস্তার তৈরি করা হয়েছে। এলাকার মানুষ পেয়েছে আরও একটি নতুন রাস্তা। আর এই রাস্তার দুপাশের বাড়ির মালিকেরা ভীষণ খুশি। এমনই একটি বাড়ির মালিক হচ্ছেন আনসারুল হক বলেন, ‘এত দিন রাস্তার অভাবে অনেক ঘুরে বাড়িতে আসতে হতো। এখন আমরা খোলা আলো-বাতাস পাচ্ছি। খুবই খুশি আমরা।’এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, ডিভাইডারে কাঁটাতারের বেড়া দেওয়া এবং ফুটওভারব্রিজগুলো ব্যবহারযোগ্য করে তোলা। এত দিনে কেউ এগিয়ে না এলেও এবার খেলা উপলক্ষে মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে বিজয় সরণি পর্যন্ত রাস্তার মাঝখানে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছ। এখন মানুষ ফুটওভারব্রিজ ব্যবহার করছে। কোনো যানবাহনে এখন আর হুট করে ব্রেক করতে হয় না।সন্ধ্যার পর মিরপুরের চেহারা রঙিন হয়ে ওঠে। কোথাও নীল কোথাও গোলাপি, আবার কোথাও সাদা আলোর ঝলকানি। যে শেরেবাংলা স্টেডিয়ামের পাশে সন্ধ্যার পর গেলে ভূতুড়ে মনে হতো আর মাদকসেবীদের আড্ডা ছিল, এখন সেই স্টেডিয়ামে সন্ধ্যার পর তরুণেরা গিটার হাতে নিয়ে গলা ছেড়ে গান করে। দেশের গান, ক্রিকেটের জয়ের আর ভালোবাসার গান।ভ্রাম্যমাণ রেস্টুেরেন্টের গাড়িগুলো শুধু গুলশান, বনানী, ধানমন্ডি আর সংসদ ভবনের আশপাশে দেখা গেলও এবার তা দেখা যাচ্ছে স্টেডিয়ামের চারদিকে। আর দলে দলে মানুষ আসছে সেই খাবার খেতে। নানা বয়সের মানুষ বিকেল হলেই চলে আসে এখন মিরপুরের সাজসজ্জা দেখতে। কিংশুক সিএনজি পাম্পে গ্যাস নিতে এসে একজন গাড়ির মালিক বললেন, ‘এক সময় মনে হয়েছিল মিরপুরের বোধ হয় কোনো উন্নতি হবে না। কিন্তু খেলা উপলক্ষে মিরপুর যেভাবে বদলে গেছে, সত্যিই এটা চমকপ্রদ।’