‘ভালো শিক্ষার্থী হওয়ার চেয়ে ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা অনেক বড় অর্জন। আর দেশের জন্য কিছু করা, মানুষের জন্য কিছু করাই হলো প্রকৃত মানুষের বৈশিষ্ট্য।’ ছোটবেলায় শিক্ষকের এই কথাটিই যেন মনে রেখেছিলেন রায়ান রহমান। আর এর প্রতিফলনই হলো ‘চেঞ্জিং বাংলাদেশ ফাউন্ডেশন’ (সিবিএফ)। দারিদ্র্য দূরীকরণ, সব শিশুর সুশিক্ষা নিশ্চিত করা অথবা পরিবেশকে রক্ষা করা—সমাজের এমন অনেক সমস্যা সমাধানের মাধ্যমে নতুন এক বাংলাদেশ গড়ার প্রত্যয়েই মূলত গড়ে ওঠে সিবিএফ। ২০১১ সালের ২৬ মার্চ তিন বন্ধু রায়ান রহমান, মোহাম্মদ মেরাজ ও সাদাফ হায়দারের উদ্যোগেই শুরু হয় সিবিএফের যাত্রা। সিবিএফের শুরু মোটেও সহজ ছিল না। ভালো কিছু করার প্রত্যয় নিয়ে হাঁটা শুরু করলেও অধিকাংশ সময়ই পাওয়া যায় না কারও সহায়তা। তবু ২০১১ সালের মার্চে ড্রাগ ফ্রি ওয়ার্ল্ডের সহায়তায় মাদকবিরোধী সচেতনতা প্রচারের মাধ্যমে শুরু হয় তাদের কার্যক্রম। এরপর মে ২০১১ সালে তারা পরিবেশদূষণ রোধের জন্য ‘কনসার্ন সুন্দরবন’ নামে প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল পরিবেশকে সুন্দর করে সাজানোর অঙ্গীকারে উদ্বুদ্ধ করা। এক লাখ টাকায় সুন্দরবন রক্ষার্থে কী কর্মসূচি নেওয়া যায় এমন একটি পরিকল্পনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। হেরিটেজ পার্ক, পর্যটন আকর্ষণ কেন্দ্র, ইন্টারনেট বেইজ গেমিং প্রতিযোগিতাসহ অনেক পরিকল্পনাই আসে। সুন্দরবন তথা বাংলাদেশকে এক নতুনরূপে সাজাতে যেন কমতি ছিল না সবার। আর তাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এআইইউবি, সেন্ট যোসেফ কলেজ, নটর ডেম কলেজের মতো ১৪টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে প্রায় এক হাজার ৫০০ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়।সিবিএফের সাম্প্রতিক একটি কার্যক্রম হলো ‘ওয়াটার ফর অল’। বাংলাদেশে সবাইকে আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানির নিশ্চয়তা দেওয়াই হচ্ছে এ কার্যক্রমের মূল লক্ষ্য। বৃহত্তর বরিশাল এলাকায় টিউবওয়েল বসানোর মাধ্যমে শুরু হয় এ কার্যক্রম। দেশের আরও অনেক জেলায় চলবে এটি।‘সিবিএফ আমার কাছে কোনো প্রতিষ্ঠান নয়, এটি এমন একটি স্থান, যা আমাদের দেশের জন্য কিছু করার সুযোগ দেয়। তরুণ সমাজ একসঙ্গে থেকে যে বাংলাদেশকে এত সুন্দর করে সাজাতে পারে, তা-ই সিবিএফের আসল কৃতিত্ব।’ সিবিএফ নিয়ে এমনটাই বলেন এর এক স্বেচ্ছাসেবক নাহিয়ান।২৬ মার্চ প্রথম বর্ষপূর্তি হলো সিবিএফের। তাদের বিশ্বাস, বাংলাদেশের সব সমস্যা সমাধান করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা একদিন সফল হবেই। আগামী বছরগুলোতে তারা শিক্ষা, পর্যটন, সংস্কৃতি, দুর্নীতিবিরোধী কার্যক্রম ইত্যাদি নিয়ে কাজ করবে। বর্তমানে সব শিশুর সুশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তাদের সহায়তায় মোহাম্মদপুরে একটি স্কুল চলছে। এই স্কুলের সার্বিক উন্নয়নে তারা সহায়তা করবে। সিবিএফ প্রতিষ্ঠার কারণ হিসেবে এর প্রতিষ্ঠাতা রায়ান রহমান বলেন, ‘আমি সব সময়ই বাংলাদেশকে দেখতে চেয়েছি দারিদ্যমুক্ত শিক্ষিত বাংলাদেশ। যেখানে প্রতিটি মানুষকে সমান ধরা হবে এবং তারা সবকিছুতে সমান অধিকার পাবে। এ লক্ষ্যে সবার জন্যই কাজ করছে সিবিএফ।’বাংলাদেশকে নতুনরূপে দেখতেই এই চেঞ্জিং বাংলাদেশ ফাউন্ডেশন। তরুণদের ভালো কাজে উৎসাহ দিয়ে দেশকে নতুন জায়গায় নিয়ে যাওয়াই এর উদ্দেশ্য। তরুণদের ভালো কাজে আগ্রহ সব সময়ই তারা সমর্থন করে। তাদের সঙ্গে কাজ করতে চাইলে লগইন করুন: www.facebook.com/cbf71