বদলে দিতে হবে পৃথিবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের বিখ্যাত অভিনেত্রী মেরিল স্ট্রিপ। জন্ম ১৯৪৯ সালের ২২ জুন। অসাধারণ অভিনয়শৈলীর জন্য অস্কার পুরস্কারে মনোনীত হয়েছেন ১৭ বার। তিনবার জয় করেছেন অস্কার, আটবার গোল্ডেন গ্লোব পুরস্কার। ২০১০ সালের ১৬ মে বার্নার্ড কলেজে তিনি এই বক্তব্য দেন।হ্যালো! আমি মেরিল স্ট্রিপ। আজ ২০১০ সালের স্নাতকদের সামনে দাঁড়িয়ে আমি অনেক সম্মানিত বোধ করছি। আমাকে বলা হয়েছে তোমাদের সামনের ভবিষ্যৎ নিয়ে কিছু টিপস দিতে, কিছু অনুপ্রেরণামূলক কথা বলে যেতে।আমি অভিনয় শিখেছি জীবনের নানা সুখকর, কষ্টকর কিংবা অস্বস্তিকর স্মৃতি থেকে। নিজের ভুল থেকেও শিখেছি। অন্য কোনো ব্যক্তির মতো নিজেকে সাজাতে চেয়েছি। অপছন্দের হলেও মানিয়ে নিতে শিখেছি। জীবনে নানা মানুষের সঙ্গে মিশে, নানা স্থান বেড়িয়ে, কখনো নেচে, কখনো গান গেয়ে, রান্না করে, বেহালা বাজিয়ে, ঘোড়ায় চড়ে—সবকিছু মিলিয়ে অভিনয় করতে শিখেছি। অনেক নারীকেই বাস্তব জীবনে সেটা করতে হয়। আমি নিশ্চিত, এখানেও এমন অনেক নারী আছে। তাই নারীরা আসলেই অভিনয়জগতে পুরুষের চেয়ে দক্ষতার সঙ্গে ভালো চরিত্রায়ণ করে। কেন? কারণ, নারীদের অভিনয় করতে হয় তাদের প্রতিদিনের জীবনে অস্তিত্ব রক্ষার জন্য।অভিনয় করে চলা আমাদের জীবনের একটি মূল্যবান গুণ এবং আমাদের সবাইকে তেমনি করে চলতে হয়, জেনে কিংবা না জেনে। তা ছাড়া আমরা কেউ ধরা পড়তেও চাই না। সময়ের সঙ্গে, ভালো কিছুর জন্য আমরা বদলে যাই। ছোটবেলায় আমি অভিনয় করে, ভয় দেখিয়ে, অন্য কিছু সেজে পছন্দের জিনিস পেতে চাইতাম। মনে আছে, নয় বছর বয়সে মায়ের কাজল কালো পেনসিল দিয়ে মুখে বয়সকালের বলিরেখাগুলো আঁকিয়ে আমি আমার নানির মতো হতে চাইতাম। অভিনয়ের শুরু এভাবেই। আমরা আসলে সবাই অভিনয় করছি। তাই নয় কি? অভিনয়ে দর্শকের সহানুভূতি আদায় করে নেওয়াটা শিল্পীর অসাধারণ একটি গুণ। হাইস্কুলে পড়ার সময় আমি খুব শিখতে চাইতাম, কীভাবে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের হূদয়ে নাড়া দেওয়া যায়। প্রিয় চরিত্রগুলো নিয়ে প্রচুর চিন্তাভাবনা করতাম। আমি চরিত্রগুলোর মতো চুলের স্টাইল, লিপস্টিক, চোখের সাজ, পোশাক—সবকিছু হুবহু নকল করতে চাইতাম। মনে আছে, তার মতো ত্বক পেতে রোজ একটা আপেল খেতাম। চুলগুলো আয়রন করে সোজা বানাতাম। আমার হাসিটাও তার মতো বানাতে উঠে পড়ে লেগেছিলাম। এভাবে কোনো একটি চরিত্রে ঢুকে যাওয়ার এত বেশি চেষ্টা বোধ হয় কখনোই করিনি। মায়ের কাছে নিত্যদিন নতুন ব্র্যান্ডের পোশাক চেয়ে জেদ ধরতাম। আমার কলেজে ছেলেদের কাছে আমি হয়ে উঠতাম আকর্ষণীয়। এটা আমি বেশ উপভোগ করতাম। পরবর্তী সময়ে ছবিতে চরিত্রায়ণের প্রয়োজনে আমি আমার স্বাভাবিক গুণগুলোকে কমবেশি বদলে চরিত্রের মাঝে নিজেকে হারিয়ে ফেলতে চাইতাম। চরিত্রের প্রয়োজনে কখনো অহংকারী, কখনো প্রভাব বিস্তারকারী, কখনো শান্ত, নম্র এমন হয়ে থাকতে থাকতে আমি দেখেছি, কেউ কেউ খুব খুশি হতো।একটা পরিস্থিতির কথা ভেবে দেখো, যে মেয়েটি ছেলেদের প্রতিটি কথায় অহেতুক হেসে উত্তর দেয়, তাদের আলোচনা শুনেই যায়, তর্কে অংশ নেয় না, তাকে প্রতিটি ছেলেই সাদরে গ্রহণ করে। তার সঙ্গ পছন্দ করে। কিন্তু বাস্তবিক মেয়েটি আসলে প্রতিনিয়ত অভিনয় করে চলছে।আমার অধিকাংশ পুরুষ দর্শকের পছন্দের চরিত্র ডেভিল ওয়ারস্ প্রাডা ছবির মিরান্ডা প্রিস্টলি। তার রূঢ় ও প্রভাবশালী একনায়ক মনমানসিকতা পুরুষদের সঙ্গে অনেকটাই মিলে যায়, তাই তারা দ্য ডিয়ার হান্টার ছবির লিন্ডার সঙ্গে মিশতে চায়, লিন্ডার প্রতি সহানুভূতি দেখায় কিন্তু নিজেরা মিরান্ডা হতে চায়। মিরান্ডা যে নেতৃত্বের ভূমিকায় দাঁড়িয়ে আছে, কেউ তাকে বোঝে না। আসলে সে একা। শেক্সপিয়ার থেকে সেলিঙ্গার সাহিত্যে পর্যন্ত আমরা পুরুষদের আধিপত্য দেখেই অভ্যস্ত। কিন্তু আজ এই ধারণাগুলো অনেক বদলে গেছে। আজকে দাঁড়িয়ে আমরা সেই ত্রুটিগুলো আলাদা করছি। তোমরা যারা বার্নার্ড কলেজে পড়ার সুযোগ পেয়েছ, তারা অনেকটা অগ্রসর পথে চলেছ। তোমাদের কাছে আছে উন্নত শিক্ষা এবং মুক্তির কৌশল। তাই তোমাদের দায়িত্বও অনেক। আজ তোমরা যে অবস্থানে রয়েছ, সেটি ভবিষ্যতে তোমাকে কতটুকু সফলতা এনে দেবে, তার হিসাব করা কঠিন। কিন্তু মনে রেখো, তোমরা সুবিধাপ্রাপ্তদের দলে। এই পৃথিবীতে নারীর অধিকার, লিঙ্গ সমতায়ন, দারিদ্র্য, এইডসের ভয়াবহতা, মৌলবাদীদের উত্থান, মানব পাচার, মানবাধিকার লঙ্ঘন প্রভৃতি সমস্যা প্রকট থেকে প্রকটতর হয়ে উঠছে। হয়তো এই সমস্যাগুলো স্বাভাবিক মনে হতে পারে। কিন্তু এগুলো সময়ের সঙ্গে স্বাভাবিক নয়। এগুলোর ইতি টানতে হবে। আর এ দায়িত্ব তোমাদেরই। তোমাদের সব সুযোগ, সব গুণ দিয়ে এই পৃথিবীকে বদলে দিতে হবে। বর্তমান আজ তোমাদের হাতে। সময় এখন তোমাদেরই। নারীরা আজকের পৃথিবীতে যতটা অগ্রসর, যতটা অর্জন করতে পেরেছে, তা অতীতের কোনো কালেই অর্জন করা সম্ভব হয়নি। আজ নারীদের সর্বক্ষেত্রে সফলতার সঙ্গে পদচারণ ভাবাই যায় না। একে আরও এগিয়ে নিতে হবে। ইদানীং পৃথিবীতে দরিদ্র নারীরা সামান্য হলেও সম্পত্তি লাভ করছে, যারা একসময় নিজেরাই সম্পত্তি হিসেবে বিবেচিত হতো।২৭ বছর আগে ভাসার কলেজের সমাবর্তন বক্তা হিসেবে আমার বক্তব্য আর আজকের আমির মাঝে রয়েছে অনেক অভিজ্ঞতার পার্থক্য। এখন মনে হয় আমি তরুণদের ১/১৬ ভাগ মাত্র বুঝতে পারি। এর বেশি নয়।সাফল্য, খ্যাতি ও যশ নিয়ে বলতে গেলে আমার কথা শেষ হবে না। কিন্তু এসব বাস্তবতা থেকে নিজেদের এবং প্রিয়জন থেকে আমাদের আলাদা করে রাখে। নিজেদের মাঝে অসাধারণ আত্মিক যে রত্নভান্ডার লুকিয়ে আছে, তার খোঁজ পাওয়া যায় তখনই, যখন এটি শেষ হয়ে যায়। খ্যাতি আসলেই আমাদের পরিবার ও কাছের মানুষগুলোর জন্য কঠিন হয়ে যায়, যদিও এই খ্যাতিই আমাকে তোমাদের সামনে এই বক্তৃতাটি দিতে সুযোগ করে দিয়েছে। খ্যাতিতে তাই যতটা না সফলতা আছে, সফলতা তার চেয়ে বেশি আছে পৃথিবীতে মন থেকে বোঝার মধ্য দিয়ে, মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে, অন্যকে সাহায্য করার মধ্য দিয়ে। একজন তারকা হিসেবে আমি শিখেছি কীভাবে নিজেকে লুকিয়ে রাখতে হবে। আর একজন অভিনেত্রী হিসেবে আমি শিখেছি, কীভাবে নিজের আত্মাকে উন্মুক্ত করে দিতে হবে।আমি আসলেই তোমাদের কাছে কৃতজ্ঞ নিজেকে আরও ভালো করে জানার এই সুযোগটি পেয়ে। তোমাদের বিখ্যাত হতে হবে না। তোমাদের শুধু এমন কিছু করে যেতে হবে, যাতে মা-বাবা তোমাদের নিয়ে গর্ব করতে পারেন। আমি নিশ্চিত, আজ তাঁরা তোমাদের নিয়ে গর্ব করছেন। শুভকামনা সবাইকে। অভিনন্দন!সূত্র: ওয়েবসাইট ইংরেজি থেকে সংক্ষেপিত অনুবাদ: শিখ্তী সানী