বদলে দেওয়ার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধমাসিতালা। আফ্রিকার ছোট্ট একটি গ্রাম। চাষবাস করেই সময় কাটে এখানকার মানুষগুলোর। শিক্ষার আলো থেকে বঞ্চিত অনেকেই। দারিদ্র্য আর কুসংস্কারের সঙ্গে তাদের নিত্য বসবাস। পেটের খিদে মিটলেই খুশি সবাই। কাজ শেষে বাড়ি ফিরে একটা আরামের ঘুম দেওয়ার মধ্যেই যেন লুকানো তাদের সব শান্তি। এর বাইরে কোনো কিছু নিয়ে ভাবতে রাজি নয় কেউ। তবে এত অল্পতে মন ভরল না এ গ্রামের কিশোর উইলিয়াম কামওয়ামবারের। অর্থের অভাবে বিদ্যালয়ে যাওয়া হয় না তার। বাড়িতে কাজ করার পরও মেলে অনেকটা অবসর। এ সময়টা কীভাবে কাজে লাগানো যায়, তা-ই নিয়ে ভাবছিল সে। পুরোনো বইপত্র ঘাঁটতে ঘাঁটতেই জুতসই একটা কাজ পেয়ে গেল একদিন। বইয়ের পাতায় আঁকা বায়ুকল দেখে হুবহু সে রকম একটা বানানোর শখ জাগল মনে। পকেটে পয়সা নেই। চারপাশ থেকে তাই কুড়িয়ে জোগাড় করা হলো প্রয়োজনীয় উপকরণ। পুরোনো পাইপ, গাছের ডাল, গাড়ি আর বাইসাইকেলের ফেলে দেওয়া অংশ জুড়ে তৈরি করা হলো বেঢপ আকারের একটা বায়ুকল। একটা বায়ুকল তৈরি করেই বসে থাকল না কামওয়ামবার। একের পর এক তৈরি করে যেতে লাগল নতুন নতুন জিনিস। বায়ুকল দিয়ে জ্বলতে লাগল বাতি আর চলতে লাগল রেডিও, টেলিভিশন। আগ্রহী হয়ে উঠল প্রতিবেশীরাও। জনপ্রিয় হয়ে উঠতে লাগল সে দিনকে দিন। নতুন কিছু তৈরি করাটা নেশার মতো হয়ে গেল। একসময়ের অবসরের কাজই ধ্যানজ্ঞান হয়ে উঠল তার কাছে। তখনো কেউ জানত না—এই কিশোরই একদিন ঠিক ঠিক বদলে দেবে পুরো গ্রামটাকে। দুঃখী-অসহায় মানুষগুলোকে দেবে নতুন এক জীবনের স্বাদ।দুঃসহ জীবনকামওয়ামবারের বাবা পেশায় দিনমজুর। কখনো কখনো তামাক চাষ করেন। ধারদেনা করে ধুঁকে ধুঁকে কোনো রকমে চলে তাঁর নয় সদস্যের পরিবার। ছেলেকে পড়াশোনা করানোর সাধ্য তাঁর নেই। তাই বিদ্যালয় থেকে ছাড়িয়ে তাকে কাজে লাগিয়ে দেওয়া হয়। সামান্য অর্থ উপার্জন করা গেলে পরিবারেরও মঙ্গল। ছেলের অবশ্য এসবের চেয়ে পড়াশোনায় আগ্রহ বেশি। পদার্থবিজ্ঞানের বইটা নিয়ে পড়ে থাকতেই বেশি ভালো লাগে তার। কিন্তু মাসিতালা গ্রামের মানুষের কাছে পড়াশোনাটা বিলাসিতার শামিল। পানি আর খাবারের অভাব পুরো গ্রামে। নেই বিদ্যুৎ। খরার মতো প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে সব সময়। সভ্য জগতের প্রায় সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত তারা। কামওয়ামবার এসব সমস্যা নিয়ে ভাবছিল অনেক দিন ধরে। ছোট্ট একটি ছেলে সে। তাই বলে আত্মবিশ্বাসের কমতি নেই মনে। কাজের ফাঁকে লুকিয়ে লুকিয়ে যাওয়া হয় গ্রাম থেকে অনেক দূরের লাইব্রেরিতে। অজানা সব জিনিসকে জানতে। শুরুতেই সে ছোট্ট একটি বায়ুকল তৈরি করে। বাইসাইকেলের চেইন, চাকা আর ডায়নামোর সাহায্যে তৈরি করা হয় এটি। ডায়নামোর সঙ্গে সংযুক্ত করা হয় ১২ ভোল্টের একটি ব্যাটারি। শুরুতেই সফল হয় কামওয়ামবার। বায়ুকলের সাহায্যে বাতি জ্বালিয়ে দূর করে ঘরের অন্ধকার। তার এ সাফল্য দেখে এগিয়ে আসে বন্ধুরা। তাদের সাহায্যে তৈরি করা হয় গোটাকয় বড় বায়ুকল। সামান্য হলেও মেটানো সম্ভব হয় পানি আর বিদ্যুতের সমস্যা। ‘আমাদের প্রধান সমস্যা পানি আর বিদ্যুতের অভাব। একটু চেষ্টা করলেই এ অবস্থার উন্নতি সম্ভব।আফ্রিকার মানুষকে স্বাবলম্বী দেখাটাই আমার স্বপ্ন’, বলছিল কামওয়ামবার। প্রতিবেশীরা শুরুতে পাগল ভাবলেও ধীরে ধীরে ভক্ত হয়ে ওঠে ছেলেটির। তাদের উৎসাহে কামওয়ামবার পায় কাজ করার সাহস। শুরু হয় নতুন করে এগিয়ে যাওয়া।স্বপ্নের পেছনে‘বায়ুকল শুধু শক্তিই উৎপাদন করে না, এটি মুক্তির কথাও বলে।’ কামওয়ামবারের কাজ দেখতে আসা এক শিক্ষককে এ কথা বলেছিল সে। মুগ্ধ শিক্ষক সংবাদ সম্মেলন করে সবার সামনে নিয়ে আসেন এ কাজ। বিভিন্ন সংস্থা অর্থ দিয়ে সাহায্য করতে চায় এ কিশোরটিকে। ২০০৭ সালে তানজানিয়ার ‘টেড গ্লোবাল কনফারেন্স’-এ নিজের পরিকল্পনার কথা বলে সে। শুরু হয় নতুন করে পড়াশোনা। বন্ধুদের মাঝে যারা পড়াশোনা ছেড়ে দিয়েছিল, তাদের আবার ফিরিয়ে নেওয়া হয় বিদ্যালয়ে। পানির পাম্প বসিয়ে দূর করা হয় গ্রামের ৬০টি পরিবারের পানির অভাব। শিক্ষার আলো পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে প্রতিটি ঘরে। পুরো আফ্রিকার কিশোরদের প্রতিনিধি হয়ে কাজ করছে কামওয়ামবার। শিগগিরই সে পড়াশোনার জন্য যাবে যুক্তরাষ্ট্রে। ফিরে এসে করতে হবে অনেক কাজ। আফ্রিকার প্রতিটি মানুষ শিক্ষিত হোক, স্বাবলম্বী হোক—এটাই তার একমাত্র চাওয়া।দিনের আলো ফুটতে না-ফুটতেই মাসিতালা গ্রামের ওপর ভর করে চড়া রোদ। দরিদ্র মানুষগুলো বের হয় কাজের খোঁজে। তাদের দুরবস্থা দেখে অস্থির হয় কামওয়ামবার। নতুন নতুন জিনিস তৈরির নেশা আর ভাবনায় ঘুম হয় না সারা রাত। দিনভর কাজের শেষে একটু অবসর মিললেই বন্ধুদের নিয়ে ছোটা হয় পথে পথে। কোথায় কী মেরামত করতে হবে, বদলাতে হবে কোন পুরোনো জিনিস—এসব নিয়েই থাকতে হয় ব্যস্ত। যদিও বা একটু ফুরসত মেলে, তবে যাওয়া হয় লাইব্রেরিতে। বই কামওয়ামবারের খুবই প্রিয়। বিশ্রাম নেওয়ার সময় নেই একদমই। এ নিয়ে অবশ্য নেই কোনো খেদ। ভালো কাজের জন্য বিশ্রামকে ছুটি দিতে আপত্তি নেই তার। —ওয়েবসাইট অবলম্বনে কিঙ্কর আহ্সান