বদলে দেব জগৎটাকে
জগৎটাকে দেখার তাড়না আর ডিজিটাল একটি প্রজন্মের খোঁজে গত বছর যাত্রা শুরু করে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব। সেই উৎসবে বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে নতুন প্রজন্ম দৃপ্ত শপথ নিয়েছিল জীবনবদলের। মাধ্যম হিসেবে বেছে নিয়েছিল ইন্টারনেটকে। আর আমরা পেয়েছিলাম ১০২ জন আই-জিনিয়াস।এবার ২০১২ সালে ইন্টারনেট উৎসব গত বছরের তুলনায় আরও বড় পরিসরে আয়োজিত হতে যাচ্ছে। দূরশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এ বছর যুক্ত হলো স্প্রেড দ্য লাইট কার্যক্রম। যেখানে ১০২ জন আই-জিনিয়াস নিজেদের দায়বোধ থেকেই ইন্টারনেট-দূত হিসেবে কাজ করছে। তারা আশপাশের মানুষদের ইন্টারনেট সম্পর্কে ধারণা দিচ্ছে। সেই সঙ্গে হাতেকলমে দেখাচ্ছে আলোকিত দিকগুলো। গ্রামীণফোন আর প্রথম আলো বাংলাদেশের ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠানে আই ক্যাম্প পরিচালনা করছে। সেখানে ইন্টারনেটের বার্তা শিক্ষার্থীদের পৌঁছে দিতে আই-জিনিয়াসরা কাজ করছে। তারা দেশের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছে প্রযুক্তির সঙ্গে।এই কর্মসূচিতে শিক্ষাপ্রতিষ্ঠানের একটি ক্লাসরুমকে আই ক্যাম্প হিসেবে রূপান্তর করা হয়। প্রথমেই আয়োজকদের আনুষ্ঠানিকতা আর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় ক্যাম্প। এরপর আই-জিনিয়াসরা ‘জিনিয়াস’ হয়ে ওঠার গল্প একটি তথ্যচিত্রের মাধ্যমে উপস্থিত শিক্ষার্থীদের জানিয়ে দেয়। গত বছরের তথ্যচিত্র থেকে উঠে আসা একেকটি উজ্জ্বল চোখ আলো দেখাতে শুরু করে আই ক্যাম্পের শিক্ষার্থীদের। তারপর তারা পাওয়ার অব ইন্টারনেট নামে ইউটিলিটি তথ্যচিত্রটি প্রদর্শন করে আর ইন্টারনেট শক্তি সম্পর্কে ধারণা দেয়। গুগল, ফেসবুক, ইউটিউব সম্পর্কে তাৎক্ষণিক কুইজের মাধ্যমে বিজয়ীদের মধ্যে তুলে দেওয়া হয় ছোট্ট উপহার। এই উপহার বিজয়ীদের মধ্যে ইন্টারনেট উৎসব ২০১২ আই-জিনিয়াস হওয়ার প্রেরণা তৈরি করে।ক্যাম্পের অন্যতম আকর্ষণীয় দিক হলো, প্রয়োজনীয় ওয়েবসাইটগুলো কীভাবে ব্রাউজ করতে হয়, সেটির ওপরে নির্মিত তথ্যচিত্রটি। অপেরা মিনির সাহায্য নিয়ে সহজেই এসব ওয়েবসাইট ব্রাউজ করে দরকারি সব তথ্য পাওয়া সম্ভব জেনে শিক্ষার্থীরা উল্লসিত হয়ে ওঠে। হাতেকলমে মোবাইল ইন্টারনেট ব্রাউজ তাদের পৃথিবীর অজানা রহস্য সম্পর্কে জানার আগ্রহকে বাড়িয়ে দেয় বহুগুণ। পাশাপাশি তারা নিজেদের তৈরি করতে থাকে এই বছরের ইন্টারনেট উৎসবের জন্য।আই ক্যাম্প তাদের চিরচেনা পাঠশালাকে এক নিমেষে বদলে দেয়। যেখানে আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় হয়। আর আধুনিক প্রযুক্তির সাহায্যে তারা স্বাদ নিয়েছে বিশ্বনাগরিকের।