সামাজিক ব্যবসায় পরিকল্পনা দিয়ে পৃথিবী বদলে দেওয়ার স্লোগান নিয়ে প্রতিবছর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ফস্টার স্কুল অব বিজনেস আয়োজন করে গ্লোবাল সোশ্যাল এন্ট্রাপ্রেনারশিপ কম্পিটিশন (জিএসইসি)। তবে এ প্রতিযোগিতা প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের জন্য নয়, কেবল শিক্ষার্থীরাই এতে অংশ নিতে পারে। ২০০৫ সালে শুরু হওয়ার পর থেকে প্রতিবছর এ প্রতিযোগিতার পরিধি যেন বেড়েই চলেছে। এবারের প্রতিযোগিতায় প্রথিবীর ২৯টি দেশের ৬৭টি বিশ্ববিদ্যালয় থেকে তরুণ উদ্যোক্তারা নিজ নিজ পরিকল্পনা নিয়ে আবেদন করে। মোট ৯১টি দলের পরিকল্পনা থেকে যাচাই বাছাইয়ের পর ১৬টি দলকে নির্বাচিত করা হয় সেমিফাইনালিস্ট হিসেবে। অবিশ্বাস্য হলেও সত্যি যে তীব্র প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত এই ১৬টি দলের মধ্যে চারটিই বাংলাদেশের! যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত সিয়াটল শহরে ১৬টি দলের মধ্যে সপ্তাহব্যাপী চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত। বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট ৩৪ হাজার মার্কিন ডলার পুরস্কারের জন্য বাংলাদেশ ছাড়াও সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে আসবে যুক্তরাষ্ট্র, ভারত, কেনিয়া, নাইজেরিয়া, রুয়ান্ডা ও সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ উদ্যোক্তারা।আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের এই সরব উপস্থিতি তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে যেখানে নির্বাচিত হয়েছে তিনটি দল, সেখানে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কি না চার-চারটি দল! স্বভাবতই প্রশ্ন জাগে, কী পরিকল্পনা করেছেন তাঁরা? কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাসিফ, সৌভিক, মাকামে ও সাজিদের সঙ্গে। তাঁদের পরিকল্পনার নাম ‘লাইফ চেয়ার’। বাংলাদেশে হাজার হাজার শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি আছে, যাদের ব্যয়বহুল হুইল চেয়ার কেনার সামর্থ্য নেই। তাদের জন্যই কম খরচে মানসম্মত হুইল চেয়ার তৈরি করবেন তাঁরা। প্রতিটি হুইল চেয়ারের দাম পড়বে মাত্র তিন হাজার টাকা। সম্পূর্ণ পরিবেশবান্ধব এই চেয়ার তৈরি করা হবে বাঁশ দিয়ে! দলটি এখন বাঁশের হুইল চেয়ারের ডিজাইন উন্নয়নসহ একটি প্রমাণ সাইজের মডেল বানানোর কাজে ব্যস্ত। তাঁদের বিশ্বাস, এই হুইল চেয়ার সঠিকভাবে বাজারজাত করতে পারলে অসংখ্য দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তির জীবনে নতুন দিনের সূচনা হবে। পিছিয়ে নেই একই ক্লাসের আসিফ, শামরোজ ও তামান্না। সহপাঠীদের সঙ্গে পাল্লা দিয়ে তাঁরা বানাচ্ছেন ‘ইকো-চুলা’। নাম শুনেই বোঝা যায় কী দারুণ কাজের জিনিস হবে এটি। গ্রামের মধ্যে স্থাপিত বায়োগ্যাস প্ল্যান্ট থেকে সিলিন্ডারের মাধ্যমে ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হবে। সেই গ্যাস ব্যবহার করে চলবে এই ইকো-চুলা, গ্রামের নারীদের আর মাটির চুলার ধোঁয়ায় কষ্ট করে রান্না করতে হবে না। বায়োগ্যাসের ব্যবহারে একদিকে যেমন বন্ধ হবে বৃক্ষনিধন ও পরিবেশ দূষণ, তেমনি গ্রামাঞ্চলে আবর্জনা ব্যবস্থাপনায়ও আসবে উল্লেখযোগ্য পরিবর্তন। শামরোজ বলেন, ‘প্রতিটি চুলার দাম পড়বে এক হাজার ২০০ থেকে এক হাজার ৬০০ টাকা। দরিদ্র পরিবারগুলোর জন্য কিস্তিতে কেনার সুযোগও থাকবে।’একই প্রতিষ্ঠানের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আদেল, আহনাফ, সাফা ও রাদিয়া। তাঁদের পরিকল্পনার নাম রেখেছেন ‘ভেন্ডি’! নাম শুনে একটু অবাক চোখে তাকাতেই আদেল বুঝিয়ে বলেন, ‘আমাদের দেশে সাধারণ সবজিচাষিরা মধ্যস্বত্বভোগীদের কারণে দিনের পর দিন শোষিত হচ্ছেন, উৎপাদিত সবজির ন্যায্য মূল্য পাচ্ছে না। এদিকে বহু হাত ঘুরে আসতে আসতে শহরের বাসিন্দারাও টাটকা সবজি পাচ্ছে না। ফরমালিন আর বিষাক্ত কীটনাশকের সমস্যা তো আছেই। এসব সমস্যা সমাধানের জন্য আমরা পরিকল্পনা করেছি সরাসরি কৃষকের কাছ থেকে কিনে নিজস্ব দোকান আর আধুনিক “মোবাইল শপ”-এর মাধ্যমে শহরের বাসিন্দাদের কাছে পৌঁছে দেব তরতাজা সবজি।’ এখানেই শেষ নয়। কৃষিপ্রধান বাংলাদেশের লাখ লাখ কৃষকের সার নিয়ে দুশ্চিন্তা দূর করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শহীদুল, মার্কেটিং বিভাগের শাহেদ ও রসায়ন বিভাগের সোহেল বানাচ্ছন ‘ইকোলাইজার’ নামের এক অভিনব জৈব সার। আখের ছোবড়া থেকে তৈরি এই জৈব সার একই সঙ্গে সার ও কীটনাশকের কাজ করবে। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বলে পরিবেশের একটুও ক্ষতি হবে না। ইউরিয়া, টিএসপির মতো প্রচলিত রাসায়নিক সারের চেয়ে ইকোলাইজার ব্যবহারে ৯০ শতাংশ পর্যন্ত খরচ কমানো সম্ভব বলে জানান তাঁরা। মূলত এই সারের আবিষ্কারক বিসিএসআইআরের প্রধার বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল হাই। তাঁর তত্ত্বাবধানে এই সারের বাজারজাতকরণ ও বিপণন নিয়ে কাজ করছেন এই দলটি। শহীদুল বলেন, ‘প্রতিবছর আমাদের প্রায় তিন মিলিয়ন মেট্রিক টন সার বিদেশ থেকে আমদানি করতে হয়। আখের ছোবড়ার মতো সহজলভ্য উপকরণ ব্যবহার করে দেশেই উন্নতমানের জৈব সার তৈরি করতে পারলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা যাবে। সরকারকেও সারের জন্য কোটি কোটি টাকা ভর্ভুকি দিতে হবে না।’ এমন সব সম্ভাবনাময় পরিকল্পনা নিয়ে এ মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশের এই তরুণ উদ্যোক্তারা। গত বছর এই জিএসইসি প্রতিযোগিতায় গ্রিনোভেশন টেকনোলজিস দলের হয়ে ১০ হাজার মার্কিন ডলার সমমূল্যের পুরস্কার জিতে এনেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইমুম ও বাঁধন। এবার নাসিফ, শামরোজ, আদেল আর শহীদুলেরা স্বপ্ন দেখছেন সেই অর্জনকে ছাড়িয়ে যাওয়ার।