বদলে যাও বদলে দাও মিছিলের টি-শার্ট
ছাই রঙের টি-শার্টে কালো-লালের মিশ্রণে নকশা করা। তাতে লেখা: ‘উট পাখি নয়, মানুষের জীবন চাই’। বড় হরফের এই লেখাই জানান দেয়, এটা বদলে যাওয়ার আহ্বান। প্রথম আলোর ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকীতে করা হয়েছে নতুন এই টি-শার্ট। এর নকশা করেছেন শিল্পী রফিকুন নবী। এটি এখন কিনতে পাওয়া যাবে ঢাকার আজিজ সুপার মার্কেটে ঐতিহ্যর শাখায়। ভিসকস কাপড়ের ওপরে ডাবল লেয়ারের কাজ করা হয়েছে এই টি-শার্টে। ‘ডাবল লেয়ার মানে হলো হাতা, গলা এবং টি-শার্টের ঝুলের দিকে দুই পরত কাপড় লাগানো। আর এর ফলে টি-শার্ট দেখতে যেমন আলাদা লাগে, তেমনি পরলে শরীরের সঙ্গে মানিয়ে যায়’—বলেন ঐতিহ্যর ডিজাইনার অনুপ কুমার পাল। তিনি আরও বলেন, ছাই আর কালো রঙের এই টি-শার্টের নকশা বেশ ছিমছাম আর পরেও আরাম। ছোট হাতার পাশাপাশি শীত উপলক্ষে ফুল হাতার একই নকশার টি-শার্ট মিলবে এখানে। ফুল হাতা ৩৭৫ এবং ছোট হাতা কেনা যাবে ৩০০ টাকায়।