রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রাম এখন জলের শহর। বৃষ্টি নামলেই এই দুই শহরে নৌকা নামাতে হয় আজকাল। এভাবে চলতে থাকলে এই দুই শহরের নিয়মকানুন বদলে গেলে অবাক হবেন নিশ্চয়ই?
অবাক না হতে চাইলে ফিচারটি পড়ুন।
গবেষণা করেছেন সোহাইল রহমান ও মোস্তফা মনোয়ার এঁকেছেন নাইমুর রহমান
ছিনতাইকারীর পরিবর্তে জলদস্যু
এখন যে অবস্থা তাতে ছিনতাইকারী নয়, রাস্তাঘাটে দেখা পাওয়া যেতে পারে জলদস্যুদের। তারা জাহাজ নিয়ে ঘুরে ঘুরে শহর দুটির বিভিন্ন পয়েন্টে নৌকা থামিয়ে নিরীহ যাত্রীদের লুটতরাজ করতে পারে। এদের প্রতিরোধ করার জন্য সরকার পুলিশের বদলে নিয়োগ দিতে পারে কোস্টগার্ড।
যা আছে বাইর কর। নাইলে গুল্লি...
মা মা, দেখো, ক্যাপ্টেন জ্যাক স্প্যারো! আমি একটা সেলফি তুলব! এই যে, এদিকে তাকিয়ে একটু হাসুন তো।
রাস্তায় মাছ চাষ
উপযুক্ত কর্মসংস্থানের অভাবে দেশের অসংখ্য যুবক আজ বেকার। তারা ঢাকা বা চট্টগ্রামের বিভিন্ন রাস্তায় মাছের পোনা ছেড়ে করবে মাছ চাষ। মাছ বড় হলে সেগুলো বিক্রি করলে আসবে টাকা, যুবকেরা দাঁড়াবে নিজের পায়ে। এভাবেই অনেক যুবক মুক্তি পাবে বেকারত্বের অভিশাপ থেকে।
আমার নাম তরীকুল ইসলাম। আমি পড়ালেখা শেষ করে যখন চাকরি জোটাতে পারছিলাম না, তখন পাশের বাসার সেলিম ভাইয়ের পরামর্শে ব্যাংক থেকে লোন নিয়ে মতিঝিলের রাস্তায় চিংড়ির পোনা ছাড়ি। এখন আমি প্রতি মাসে প্রায় ৫০ হাজার টাকার চিংড়ি বিক্রি করি। আমার আর কোনো অভাব নেই। আমি খুব সুখে আছি।

চালকেরা হবেন মাঝি
জলাবদ্ধ রাস্তায় অর্ধেক ডুবে ডুবে গাড়ি চালাতে গিয়ে চালকেরা নিজেদের মাঝি ভাববে। মন উদাস হলে তারা গাড়ি চালাতে চালাতে ধরবে ভাটিয়ালি গান। এ ছাড়া অনেকে গাড়ি বিক্রি করে কিনে ফেলবে প্রাইভেট নৌকা। তাদের চালকেরাও পেশা পরিবর্তন করে চাকরি পাবে নৌকায়।
মন ড্রাইভার তোর স্টিয়ারিং নে রে, আমি আর চালাইতে পারলাম না...।
কমে যাবে গাড়ির সংখ্যা
এই দুই শহরে মানুষের চেয়ে বেশি গাড়ির সংখ্যা। ‘একটি পরিবার দুটি গাড়ির’ মতো অবস্থা। তবে ‘দিন বদলাইছে’, নৌকার ওপর আস্থা না রেখে উপায় কী? সবাই গাড়ি বেচে নৌকা, স্পিডবোট, লঞ্চ, জাহাজ এমনকি সাবমেরিনও কিনতে শুরু করবে।
ভাবছি একটা প্রাইভেট নৌকা কিনব, বুঝলা? নৌকা চালায় চালায় লং ড্রাইভে যাব।
আমারে নিবা মাঝি লগে?

নৌজটে নাকাল নগরবাসী
‘জট’ থেকে অবশ্য রেহাই মিলবে না কোনোকালেই। আজ যান আছে বলে আছে যানজট, নৌকা থাকলে বাঁধবে নৌজট। তবে এখন যানজটে বসে কিছুই করার থাকে না, নৌজটে থাকলে জলকেলি করা যাবে নিঃসন্দেহে। এ ছাড়া মাছ ধরার মতো শখও মিটবে অনেকেরই।
ওই ব্যাটা মাঝি, আর কতক্ষণ দাঁড়ায় থাকবি? মানুষরে ঘর থেইকা ডাইকা আনবি নাকি?
ভাই, মাঝি দাঁড়ায় নাই, বায়ে দেখেন।
