বদলে যাওয়া বিজ্ঞাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে চোখে পড়ল মানুষের জটলা। ঢুকতেই দেখি, একতারা হাতে গান গাইছেন এক বাউল। গানে কণ্ঠ মেলাচ্ছেন তাঁকে ঘিরে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবক। ঢাকা অ্যাডভারটাইজিং ক্লাব তৃতীয়বারের মতো হরেক রকম পণ্যের বিজ্ঞাপন নিয়ে আয়োজন করেছে দারুণ এক মেলার। সে মেলাতেই সুযোগ হলো এমন দৃশ্য দেখার। তরুণ ও প্রবীণ মেধাবী বিজ্ঞাপন নির্মাতাদের নিয়ে এ মিলনমেলা। বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা তাদের নিত্যনতুন ভাবনাগুলো তুলে ধরে এখানে সবার সামনে। প্রবীণেরা বলেন, বিজ্ঞাপন নির্মাণ নিয়ে তাঁদের অভিজ্ঞতার কথা। বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে মেলে ধরার সুযোগ করে দেওয়া হয় তরুণ মেধাবীদের। বদলে যাওয়া সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে পণ্যের প্রচারের কৌশল। অনেক সীমাবদ্ধতার ভেতর দিয়েও বিজ্ঞাপনের মাধ্যমে আকৃষ্ট করা হচ্ছে ভোক্তাদের। এই সীমাবদ্ধতা ও পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার কৌশলগুলো নিয়েই চলে দিনভর আলোচনা। বিজ্ঞাপনের বিভিন্ন শাখায় অবদানের জন্য ১৭টি পুরস্কার দেওয়া হয় এ অনুষ্ঠানে। অ্যাডকম, গ্রে, মাত্রা, বিটপীসহ বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থাকে তাদের সৃজনশীল কাজের জন্য করা হয় পুরস্কৃত। ‘পুরোনো ও নতুনদের মধ্যে মেলবন্ধন তৈরির জন্য আয়োজন করা হয়েছে এ অনুষ্ঠানের।’ বলছিলেন আয়োজকদের একজন মিশু রহমান। বিজ্ঞাপনের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের জন্য সাইদুল আনাম টুটুল, আসাদুজ্জামান নূর, আফজাল হোসেন, খালেদ খান ও ফুয়াদ নাসের বাবুকে বিশেষ সম্মান জানানোর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। শমী কায়সার ও ত্রপা মজুমদারের উপস্থাপনায় নাচ-গানে ভরা এ আয়োজন জমে ওঠে অল্প সময়ের মধ্যেই।অনুষ্ঠান শেষ হতে হতে রাত গভীর হয়। খাওয়ার পাট চুকিয়ে গল্পে মেতে ওঠে সৃজনশীল মানুষগুলো। তাঁদের মুখে শোনা যায়, বদলে যাচ্ছে বিজ্ঞাপন। শুধু পণ্যের প্রচারই নয়, বিজ্ঞাপনে এখন উঠে আসে মানুষের জীবন, সংগ্রাম ও ভালোবাসার কথা। এ বদল তরুণদের হাত ধরেই। অনুষ্ঠানজুড়ে তরুণদের চোখে-মুখে তাই আনন্দের ঝিলিকটা চোখে পড়ছিল একটু বেশি।