বদলে যাচ্ছে আনসার বাহিনীর নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আনসার বাহিনীর নাম বদলে যাচ্ছে। নতুন নাম হবে পাবলিক সিকিউরিটি ফোর্স, সংক্ষেপে পিএসএফ বা জননিরাপত্তা বাহিনী। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম ৫ আগস্ট কাপ্তাইয়ের শীলছড়িতে ১২ আনসার ব্যাটালিয়ন পরিদর্শনের সময় দরবারে দেওয়া বক্তব্যে এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, “আনসার বাহিনী এখন কোনো মর্যাদাকর নাম নয়। ‘এই আনসার’ বলে সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করে আনসার সদস্যদের ডাকেন। তাই নাম বদলের প্রস্তাবটি বর্তমানে প্রধানমন্ত্রীর দপ্তরে বিবেচনাধীন রয়েছে। প্রধানমন্ত্রী সই করলেই বদলে যাবে আনসার বাহিনীর নাম। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি অনুমোদন পেয়েছে বলে তিনি জানান। এ সময় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের আনসার ভিডিপি রেঞ্জ কমান্ডার মো. শাহাবুদ্দিন, ১২ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মাহবুবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। মহাপরিচালক বলেন ‘একাত্তরের মহান স্বাধীনতাযুদ্ধের সময় আনসার বাহিনী জীবন বাজি রেখে অংশ নিলেও বর্তমানে তাঁরা চরম অবহেলিত। অনেক জঙ্গি সংগঠন তাদের নামের পেছনে আনসার ব্যবহার করছে—হরকাতুল আনসার, মুজাহিদুল আনসার ইত্যাদি। এ অবস্থায় আনসার হিসেবে পরিচয় দিতে এখন কেউ রাজি নন। তাই নাম পরিবর্তন অপরিহার্য হয়ে পড়েছে।’