উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে কক্সবাজারের উন্নয়নে মহাপরিকল্পনা তৈরির কাজ চলছে। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সাগরকোলের এ শহরকে পরিবেশবান্ধব ‘ইকো ট্যুরিজম পল্লী’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বিষয়ে প্রধানমন্ত্রী আজ ইতিবাচক কিছু ঘোষণা দেবেন—এমন আশা কক্সবাজারবাসীর। এ নিয়ে বিশেষ আয়োজন। লিখেছেন আব্দুল কুদ্দুসবিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের শহর কক্সবাজারকে পরিবেশবান্ধব ‘ইকো ট্যুরিজম পল্লী’ হিসেবে গড়ে তোলার মহাযজ্ঞ শুরু হয়েছে। এ লক্ষ্যে গঠন করা হচ্ছে উন্নয়ন কর্তৃপক্ষ। একটি মহাপরিকল্পনা তৈরির মাধ্যমে সমন্বিত উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে, ফলে পরিকল্পিত শহর হিসেবে কক্সবাজারের চেহারা বদলে দেওয়া হবে। বিদেশি বড় প্রতিষ্ঠানও পর্যটননগরে বিনিয়োগে এগিয়ে আসছে। আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈকতশহর পরিদর্শনে এসে নানা উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করতে পারেন বলে সরকারি ও দলীয় সূত্রে জানা গেছে। গত ২৬ সেপ্টেম্বর কক্সবাজার সফরে এসে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, পর্যটনশিল্পের উন্নয়নে সরকার কক্সবাজারকে পরিবেশবান্ধব ‘ইকো ট্যুরিজম পল্লী’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। সরকারের পরিকল্পনায় রয়েছে—মহেশখালীর সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর স্থাপন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, রেললাইন স্থাপন ও ঘুমধুম থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত এশিয়ান হাইওয়ে নির্মাণ। এসব সম্ভব হলে কক্সবাজার হয়ে উঠবে এশিয়ার অনন্য একটি শহর। কক্সবাজারের পর্যটন খাত ও সমুদ্রবন্দর থেকে পাওয়া রাজস্ব দিয়ে জাতীয় বাজেটের এক-চতুর্থাংশ পূরণ করা সম্ভব হবে। আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের জন্য ৬০২ কোটি টাকার একটি পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে পরামর্শক নিয়োগ করা হয়েছে। আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে কয়েক মাসের মধ্যে ঠিকাদার নিয়োগ করা হবে।জানা যায়, কক্সবাজার বিমানবন্দরের ৫৩ একরের বেশি জমি অবৈধ দখলে চলে গেছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫০০ কোটি টাকা। কয়েক বছরে ২৩টি মামলা করেও দখলদারদের উচ্ছেদ করা যাচ্ছে না বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে বিমানবন্দরের আয়তন ২১৯ দশমিক ৬৫ একর। বিমানবন্দরের ব্যবস্থাপক মাহমুদ আখতার হোসেন জানান, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে রূপান্তরের জন্য ইতিমধ্যে পরামর্শক নিয়োগ করা হয়েছে। আন্তর্জাতিকভাবে দরপত্র আহ্বান করে আগামী কয়েক মাসের মধ্যে ঠিকাদার নিয়োগ করা হবে। এরপর শুরু হবে আধুনিক বিমানবন্দরের নির্মাণকাজ। এজন্য উত্তর ও পশ্চিম পাশে নতুন করে আরও ৬৮২ একর সরকারি খাসজমি অধিগ্রহণ করার কাজ চলছে। আন্তর্জাতিক রুটে চলাচলকারী বিমান যাতে কক্সবাজার বিমানবন্দরে নির্বিঘ্নে অবতরণ করতে পারে সেজন্য প্রশস্ত রানওয়ে ও টার্মিনাল নির্মাণে ৯০০ একরের বেশি জমির প্রয়োজন। কিন্তু তার আগে বেদখলে থাকা ৫৩ একর জমিও উদ্ধার করা প্রয়োজন। সূত্র জানায়, কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬০২ কোটি টাকা। যার অর্ধেক বহন করবে সরকার, বাকিটা ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও)। প্রাথমিক পর্যায়ে ৩০ মাসের মধ্যে ৩০২ কোটি টাকার কাজ করা হবে। দ্বিতীয় পর্যায়ে ৩০০ কোটি টাকার কাজ সম্পন্ন করা হবে। সৈকতের কোলে মেরিন ড্রাইভ সড়ক: কক্সবাজার সমুদ্রসৈকতের পাশঘেঁষে তৈরি করা হয়েছিল প্রায় ৮৪ কিলোমিটারের কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক। মিয়ানমারের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক সুদৃঢ় করা, পর্যটনশিল্পের বিকাশ, পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত দেখার সুযোগ, প্রাকৃতিক সম্পদ আহরণ ও পরিবহন এবং বিকল্প সড়ক হিসেবে ব্যবহারের লক্ষ্যে এটি নির্মাণ করা হয়। ১৯৯২-৯৩ অর্থবছরে শত কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শুরু হয়। উখিয়ার ইনানী পর্যন্ত ৪৮ কিলোমিটারের পাকা সড়ক নির্মাণ শেষ হয়েছে। এখন ইনানী থেকে টেকনাফের শীলখালী পর্যন্ত ২৪ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ চলছে। সরেজমিনে দেখা গেছে, সামুদ্রিক জলোচ্ছ্বাসে হিমছড়ি এলাকায় প্রায় দুই কিলোমিটার সড়কে ভাঙন ধরেছে। সেনাবাহিনীর সদস্যরা রাতদিন পরিশ্রম করে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছেন। কয়েকদিন আগে একনেকের সভায় মেরিন ড্রাইভ সড়কের ভাঙন প্রতিরোধ ও দ্রুত মেরামত সম্পন্ন করার জন্য ১৬৯ কোটি ২৯ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। ২০১২ সালের ডিসেম্বরের মধ্যে সড়কের নির্মাণকাজ শেষ হলে পর্যটনের বিশাল দুয়ার খুলে যাবে। বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইসিবি (ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন) সদস্যরা সড়কের নির্মাণকাজ বাস্তবায়ন করছেন। কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ লুৎফুর রহমান জানান, ‘সড়কটিকে কেন্দ্র করে ইতিমধ্যে হাজার কোটি টাকা বিনিয়োগ করে কলাতলী, সোনারপাড়া, ইনানী, টেকনাফ সমুদ্র উপকূলে ৫৬টি হ্যাচারি স্থাপন করা হয়। উৎপাদিত পোনা এ সড়কপথে সরবরাহ করা হচ্ছে। এখন সড়কটি ভেঙে গেলে হ্যাচারির মালিকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। কক্সবাজার গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, ‘মেরিন ড্রাইভ সড়ক চালু হওয়ার পর শহরের চেয়ে সড়কসংলগ্ন এলাকা ভ্রমণে বেশি উৎসাহী পর্যটকেরা। সড়কের পাশে অসংখ্য হোটেল মোটেল, কটেজ, বিশ্রামাগার (রেস্ট হাউস) ও বাংলো গড়ে উঠেছে। এক হাজার ৮৫৩ কোটি টাকা ব্যয়েঘুমধুম পর্যন্ত রেলপথ হচ্ছে: চট্টগ্রামের দোহাজারী থেকে উখিয়ার ঘুমধুম পর্যন্ত ১২৮ কিলোমিটার রেললাইন সমপ্রসারণে ভূমি অধিগ্রহণের কাজ শুরু করেছে কক্সবাজার জেলা প্রশাসন। আগামী জুনের মধ্যে রেললাইন নির্মাণের কাজ শুরু হবে বলে জানা গেছে। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, এ রেললাইন সমপ্রসারণ করতে কক্সবাজার ও চট্টগ্রাম জেলার দোহাজারী, চন্দনাইশ, লোহাগাড়া, আমিরাবাদ, সাতকানিয়া, চকরিয়া, ঈদগাঁও, রামু ও সদর উপজেলার এক হাজার ৪১১ একর জমি অধিগ্রহণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে এক হাজার ৮৫৩ কোটি টাকা। এর মধ্যে ভূমি অধিগ্রহণে বরাদ্দ রাখা হয়েছে ৩০০ কোটি টাকা। বাংলাদেশ সরকার ও এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে অর্থের জোগান দিচ্ছে। সূত্র মতে, প্রস্তাবিত ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডরের নকশা অনুযায়ী বাংলাদেশ অংশের রেলপথটি দর্শনা-ঈশ্বরদী-যমুনা সেতু-জয়দেবপুর-টঙ্গি-আখাউড়া-চট্টগ্রাম-দোহাজারী-চকরিয়া-রামু-ঘুমধুম হয়ে মিয়ানমারে ঢুকবে। সূত্র জানায়, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ হবে ১০০ কিলোমিটার এবং কক্সবাজার থেকে রামু হয়ে ঘুমধুম পর্যন্ত সমপ্রসারণ করা হবে আরও ২৮ কিলোমিটার। ১২৮ কিলোমিটার রেলপথের বিভিন্ন স্থানে থাকবে নয়টি স্টেশন। রেলপথ হবে আধুনিক প্রযুক্তিনির্ভর। রেলপথ চালু হলে প্রতিদিন ১০ লাখ ৪৮ হাজার ৪২৮ যাত্রী যাতায়াত করতে পারবেন বলে ধারণা সংশ্লিষ্ট ব্যক্তিদের। গত বছরের ৬ জুলাই জাতীয় অর্থনৈতিক কাউন্সিল (একনেক) প্রকল্পটির অনুমোদন দেয়। রেলপথ চালু হলে কক্সবাজারের চেহারা পাল্টে যাবে। ক্রিকেট স্টেডিয়ামের জন্য স্থান পরিদর্শন: কক্সবাজার সৈকতের উপকণ্ঠে আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নিচ্ছে এ সরকার। ইতিমধ্যে কয়েকটি জায়গা চিহ্নিত করা হয়েছে। সূত্র জানায়, ১০ বছর আগে ২০০১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি সাবের হোসেন চৌধুরী কক্সবাজারে একটি আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়াম করার উদ্যোগ নেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে প্রকল্পটি ধামাচাপা পড়ে। ২০০৮ সালে মহাজোট সরকার ক্ষমতায় এসে পুনরায় এ ব্যাপারে উদ্যোগ নেয়। জানা যায়, কয়েক মাস আগে ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার স্টেডিয়াম নির্মাণের জন্য কক্সবাজারের সম্ভাব্য চারটি জায়গা পরিদর্শন করেন। এগুলো হচ্ছে— বিয়াম স্কুলের পাশে খোলা মাঠ, পর্যটন করপোরেশনের গলফ মাঠ, গোলচক্কর মাঠ ও লাবণী পয়েন্ট। এরপর ক্রিকেট বোর্ডের ভাইস চেয়ারম্যান সাজ্জাদুল হাসান ওরফে ববিও সরেজমিন এসে দেখে যান। এ সময় সাজ্জাদুল হাসান বলেন, বিয়াম স্কুলের পাশের ২০ একর জায়গা ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের জন্য বরাদ্দ করা গেলে ক্রিকেট বোর্ড নিজস্ব অর্থায়নে নির্মাণকাজ করবে। ১০০ কিলোমিটার সৈকত রক্ষার উদ্যোগ: জলবায়ু পরিবর্তন ও সামুদ্রিক জলোচ্ছ্বাসের প্রভাবে কক্সবাজার সমুদ্রসৈকতের ভাঙন রোধে তিন বছর মেয়াদি একটি প্রকল্প নিয়েছে জেলা প্রশাসন। প্রকল্পের নাম ‘কক্সবাজার সমুদ্রসৈকতসংলগ্ন ১০০ কিলোমিটার দীর্ঘ সবুজবেষ্টনী প্রকল্প’। প্রকল্পের আওতায় সৈকতে চার সারিতে বিপুল পরিমাণ নারকেলগাছ লাগানো হবে। এতে ব্যয় হবে আড়াই কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভাঙনের কবল থেকে সৈকত উপকূল যেমন রক্ষা পাবে, তেমনি পর্যটনশিল্প বিকশিত হবে। পাশাপাশি স্থানীয় জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়নেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সূত্র জানায়, সমপ্রতি জেলা প্রশাসনের কর্মকর্তারা অনুসন্ধান করে প্রকল্পটি তৈরি করেন এবং অনুমোদনের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়ে পাঠান। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, বিশ্বের দীর্ঘতম ১২০ কিলোমিটার সৈকতের বিভিন্ন স্থানে বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক সৃজিত কিছু ঝাউবাগান রয়েছে। অর্থনৈতিক বিবেচনায় ঝাউগাছ মূল্যবান নয়, পাশাপাশি এ বনের কারণে সৈকতসংলগ্ন হোটেল রিসোর্ট থেকে সমুদ্র দেখতে পারেন না পর্যটকেরা। তাই ঝাউবন রক্ষা করা যাচ্ছে না। ঝাউবাগানের পরিবর্তে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ১০০ কিলোমিটার সৈকতে স্থানীয় জনগণের অংশীদারিত্বমূলক নারকেল, খেজুর, তাল ও গুচ্ছমূল জাতীয় পরিবেশ উপযোগী বাগান সৃজন করা দরকার। এতে সৈকতের ভূমিক্ষয় রোধ সম্ভব হবে।’