বদলে যাচ্ছে কর্ণফুলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধীরে ধীরে নতুন রূপ পাচ্ছে কর্ণফুলী নদী। সদরঘাট থেকে তৃতীয় কর্ণফুলী সেতু এলাকা পর্যন্ত নদীতীরের ময়লা-আবর্জনার স্তূপ ও অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে অনেক আগে। এখন প্রায় আড়াই কিলোমিটার এলাকায় চলছে নদীর তীর সংরক্ষণ ও খাল সংস্কারের পালা। আগামী জুন মাসে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প শেষ হলে এই আড়াই কিলোমিটার এলাকায় নতুন প্রাণ পাবে কর্ণফুলী। সরেজমিন ঘুরে দেখা গেছে, ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প এলাকায় ৪০০ মিটার দীর্ঘ জেটি নির্মাণকাজ শেষ হয়েছে। এখন জেটি এলাকায় নদীর তলদেশ থেকে কাদা-মাটি অপসারণ করে জাহাজ ভিড়ানোর জন্য গভীরতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি প্রকল্প এলাকায় আটটি খালের পাড় সংরক্ষণের কাজও চলছে। এসব খালে ছোট ছোট নৌযান সহজে চলাচল করতে পারবে। তবে প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ খননকাজের সিংহভাগ শেষ হয়নি এখনো।প্রকল্প এলাকায় নদীর পাড়ে থাকছে হাঁটার পথ। প্রকল্পকাজ শেষ হলে নদীতীরে বেড়ানোর নতুন স্থান পাবে নগরবাসী। নদীকে দৃষ্টিনন্দন রূপ দিতে নেওয়া হচ্ছে সৌন্দর্য বাড়ানোরও পদক্ষেপ। প্রকল্পের পরামর্শক দলের সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আতাউর রহমান প্রথম আলোকে জানান, গাণিতিক মডেল ‘স্টাডি’ করে কর্ণফুলী নদীর প্রকল্প এলাকার কোথায় কী করতে হবে তার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে কি না সেটি তদারকি করা হচ্ছে। তিনি বলেন, ‘প্রকল্পের কাজ শেষ হলেও প্রতি ছয় বছর পর এক মিটার করে পলি জমবে। এ কারণে আমরা ছয় বছর পর পর এই এলাকায় খননকাজ করার পরামর্শও দিয়েছি।’প্রকল্প কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২২৯ কোটি ৫৪ লাখ টাকা। এর মধ্যে খননকাজের ব্যয় ধরা হয়েছে ১০৩ কোটি ৫৪ লাখ টাকা। খনন প্রকল্প বাস্তবায়নের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং করপোরেশন-এমএমডিসি।বাড়ছে নদীর প্রশস্ততা: সদরঘাট থেকে তৃতীয় কর্ণফুলী সেতু পর্যন্ত নদীকে নয়টি অঞ্চলে ভাগ করে প্রকল্পের কার্যক্রম চালানো হচ্ছে। এই নয়টি ভাগে ন্যূনতম ৭০ মিটার থেকে সর্বোচ্চ ১৭৪ মিটার পর্যন্ত নদীর প্রশস্ততা বাড়ছে। প্রকল্প পরিচালক প্রকৌশলী খাদেমুল বাশার জানান, প্রকল্প এলাকার গড়ে নদীর প্রশস্ততা ছিল ৬৪৫ মিটার। খননকাজ শেষ হলে নদীর গড় প্রশস্ততা দাঁড়াবে ৭৭৫ মিটার। আবার প্রকল্প এলাকায় নদীর গভীরতা বাড়বে চার মিটার। এই গভীরতায় লাইটার জাহাজও চলাচলের সুযোগ বাড়বে। প্রকল্পের অগ্রগতি: প্রকল্পের কাজ শেষ করার নির্ধারিত সময়সীমা ছিল গত বছরের ডিসেম্বর পর্যন্ত। কিন্তু শুরুর দিকে চাঁদাবাজি, নকশা চূড়ান্ত না হওয়াসহ নানা কারণে এই প্রকল্পের গতি কমে যায়। এ কারণে সময় বাড়িয়ে আগামী জুন পর্যন্ত প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়।গত এপ্রিল মাস পর্যন্ত প্রকল্পের ৭৬ শতাংশ কাজ শেষ হয়েছে। এর মধ্যে প্রকল্পের আওতায় ৪০০ মিটার দীর্ঘ জেটি নির্মিত হয়েছে। তবে প্রকল্পের বড় অংশ ৩৬ মিলিয়ন ঘনমিটার খননকাজের মধ্যে শেষ হয়েছে সাড়ে ১৬ মিলিয়ন ঘনমিটারের খননকাজ। এখনো বাকি রয়েছে সাড়ে ১৯ মিলিয়ন ঘনমিটার এলাকার খননকাজ। অর্থাৎ ৫৪ শতাংশ খননকাজ এখনো হয়নি। দুই হাজার ৬১৫ মিটার তীর রক্ষাকাজের মধ্যে এক হাজার ৬০০ মিটার এলাকায় রক্ষাবাঁধ দেওয়া হয়েছে। এই অংশে ৩৮ শতাংশ কাজ এখনো বাকি রয়ে গেছে।